ঢাকা-আরিচা মহাসড়কে প্রচণ্ড চাপ, থেমে থেমে যানজট

প্রচণ্ড গাড়ির চাপে ঢাকা-আরিচা মহাসড়কে কোথাও কোথাও থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মানিকগঞ্জের মহাদেবপুর এলাকায়
ছবি: আব্দুল মোমিন

ঢাকা-আরিচা মহাসড়কে আজ বুধবার সকাল থেকেই যাত্রী ও যানবাহনের প্রচণ্ড চাপ বেড়েছে। সকাল ১০টা থেকে মানিকগঞ্জের পুখুরিয়া থেকে টেপড়া পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ সারিতে আটকা পড়ে বিভিন্ন যানবাহন। এতে ভোগান্তিতে পড়ে ঘরমুখী মানুষ।

বেলা ১১টার দিকে পুলিশের তৎপরতায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও ধীরগতিতে চলতে হচ্ছে যানবাহনগুলোকে। ফলে থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। মানিকগঞ্জের পুলিশ সুপার রিফাত রহমান বলেন, অতিরিক্ত যানবাহনের চাপ ও মহাসড়ক প্রশস্ত করার কাজের কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়। তা ছাড়া যানবাহনগুলোর আগে যাওয়ার প্রবণতার কারণে সাময়িক দীর্ঘ সারির সৃষ্টি হয়। মহাসড়কের বিভিন্ন স্থানে পুলিশ সদস্যরা কাজ করায় পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসে।

আজ সরেজমিন দেখা যায়, সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত পুখুরিয়া থেকে বরঙ্গাইল পর্যন্ত যাত্রীবাহী বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি। কোথাও কোথাও যানজটের আটকা পড়ে যাত্রীরা গাড়ি থেকে নেমে পায়চারি করছেন। দুপুর ১২টার দিকে ফলসাটিয়া এলাকা ও এর আশপাশে দুই থেকে তিন কিলোমিটার এলাকায় গাড়িগুলো দীর্ঘ সারিতে আটকা পড়ে। এ সময় যাত্রীদের হেঁটে পাটুরিয়ার দিকে রওনা হতে দেখা যায়। রিকশা ও ভ্যানে করেও পাটুরিয়া ঘাটে যাচ্ছেন যাত্রীরা।

স্ত্রী ও দুই সন্তান নিয়ে ফরিদপুরে গ্রামের বাড়িতে ঈদ করতে যাচ্ছেন পোশাকশ্রমিক সাত্তার মিয়া (৩০)। বরঙ্গাইল এলাকায় বেলা ১১টার দিকে কথা হলে তিনি বলেন, সকাল সাতটায় সাভারের নবীনগর থেকে একটি বাসে করে পাটুরিয়ার দিকে রওনা হন। সকাল ১০টার দিকে পুখুরিয়া এসে অন্যান্য বাসের মতো তাঁদের বাসটিও আটকা পড়ে। ঘণ্টাখানেক আটকে থাকার পর বরঙ্গাইলে তাঁদের বাসটি আসে।

বেশ কয়েকজন যাত্রী বলেন, সড়কের কোথাও কোথাও থেমে থেমে আটকে থাকতে হচ্ছে। গাড়ি ছাড়লেও ধীরগতিতে চলতে হচ্ছে। মানিকগঞ্জ থেকে পাটুরিয়া যেতে পাঁচ থেকে সাত ঘণ্টা করে সময় লেগে যাচ্ছে।

ঢাকা-আরিচা মহাসড়কে থেমে থেমে যানজট তৈরি হচ্ছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মানিকগঞ্জের মহাদেবপুর এলাকায়
ছবি: প্রথম আলো

বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, ঈদে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার যাত্রীরা ঢাকা-আরিচা মহাসড়ক হয়ে বাড়ি যাচ্ছেন। অতিরিক্ত গাড়ির চাপের কারণে সড়কে ধীরেগতিতে চলছে এসব যানবাহন।

যানজট নিরসনে বেলা ১১টা থেকে পুলিশ সুপার রিফাত রহমানকে মহাদেবপুর এলাকায় কাজ করতে দেখা যায়। তিনি বলেন, ছুটি হওয়ার পর আজ সকালে পোশাকশ্রমিকেরা বাড়ির দিকে ছুটতে শুরু করেন। এতে মহাসড়কে প্রচণ্ড গাড়ির চাপ পড়েছে। তবে শৃঙ্খলা বজায় রাখতে মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড, বানিয়াজুরী, পুখুরিয়া, মহাদেবপুর, বরঙ্গাইল, ফলসাটিয়া, টেপড়া, পাটুরিয়া ঘাটসহ বিভিন্ন স্থানে কাজ করছে পুলিশ।