ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শেষে আজ বুধবার ভোর ছয়টা থেকে সেতুর এক পাশ দিয়ে যানবাহন চলাচল শুরু হয়েছে। কুষ্টিয়ার গৌরীপুরেছবি: আবদুর রহমান ঢালী

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শেষে আজ বুধবার সকাল ছয়টা থেকে সেতুর এক পাশ দিয়ে যানবাহন চলাচল শুরু হয়েছে।

আজ দুপুর ১২টা থেকে দুই পাশ দিয়ে যানবাহন চলাচল শুরুর কথা। গতকাল মঙ্গলবার ভোর থেকে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় সৃষ্ট যানজটটি আজ সকালে মহাসড়কের দাউদকান্দির বলদাখাল থেকে আমিরাবাদ পর্যন্ত ১০ কিলোমিটারে পৌঁছায়। যানজটটি ধীরে ধীরে কমে সকাল ১০টায় দাউদকান্দির টোলপ্লাজা থেকে মাইজপাড়া পর্যন্ত অর্ধকিলোমিটারে পৌঁছায়।

মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজার প্রতিটি কাউন্টারে পণ্যবাহী যানবাহনের তীব্র চাপ বেড়েছে।

চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রাকের চালক রাসেল মিয়া বলেন, ‘আজ সকাল ছয়টায় কুমিল্লা সেনানিবাস এলাকায় পৌঁছার পর ব্রাহ্মণবাড়িয়া-সিলেট মহাসড়কে না গিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে দাউদকান্দি পৌঁছেছি। দাউদকান্দি পৌঁছে পণ্যবাহী অন্য যানবাহনের চাপে গাড়ির সাইট গ্লাস ভেঙে গেছে।’

দাউদকান্দি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. মনির আহম্মেদ আজ সকাল সাড়ে ১০টার দিকে প্রথম আলোকে বলেন, ‘সেতুর সংস্কারকাজ শেষ হওয়ায় আজ সকাল ছয়টা থেকে ঢাকাগামী সব ধরনের যানবাহন ছেড়ে দেওয়া হয়েছে। আশা করছি, কিছুক্ষণের মধ্যে যানবাহনের চাপ কমে যাবে।’