ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোমবার ১২ ঘণ্টা যান চলাচল বন্ধের ঘোষণা স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যানজটে স্থবির ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। রোববার সকাল আটটার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডের জিপিএইচ ইস্পাত কারখানার গেইট এলাকায়। ছবি: কৃষ্ণ চন্দ্র দাস
যানজটে স্থবির ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। রোববার সকাল আটটার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডের জিপিএইচ ইস্পাত কারখানার গেইট এলাকায়। ছবি: কৃষ্ণ চন্দ্র দাস

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আগামীকাল সোমবার ১২ ঘণ্টা যান চলাচল বন্ধের ঘোষণা স্থগিত করেছে পরিবহন মালিক-শ্রমিকদের সংগঠনগুলো। আগামী ১৫ মে থেকে ফেনীর ফতেহপুর রেলগেটের ওভারপাসের এক লেনে যানবাহন চালাতে পারবে এমন আশ্বাসে যানবাহন চলাচল বন্ধের কর্মসূচি থেকে সরে আসেন তারা।

আন্তজেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কফিল উদ্দিন প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার কুসুম দেওয়ানের সঙ্গে তাদের বৈঠক হয়। তিনি সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে কথা বলেছেন। ১৫ মে ফতেহপুরের ওভারপাসের একাংশ খুলে দেওয়ার আশ্বাস দেন। এতে একমুখী লেনের ওপর দিয়ে চলাচল করলে অপরমুখী লেনে নিচ দিয়ে চলাচল করতে পারবে। এতে যানজট তেমন হবে না।

এর আগে যানজটে সীমাহীন দুর্ভোগের কারণে আগামীকাল সোমবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রাখার ঘোষণা দেন চট্টগ্রামের আন্তজেলা বাস মালিক সমিতি, মালামাল পরিবহন ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতি ও বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের পূর্বাঞ্চল। এ সময় যানজট মুক্ত না হওয়া পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত প্রতীকী ধর্মঘট পালন করার ঘোষণা দিয়েছেন তাঁরা।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে ফেনীর ফতেহপুর রেলক্রসিংয়ে উড়ালসেতুর নির্মাণকাজ চলছে। নির্মাণকাজের কারণে মহাসড়কের ফেনীর রেলক্রসিং এলাকায় ঢাকামুখী গাড়ি চললে চট্টগ্রামমুখী বন্ধ রাখা হয়। একইভাবে চট্টগ্রামমুখী চললে ঢাকামুখীগুলো বন্ধ রাখা হয়। আর চার লেনের মহাসড়কটি উড়ালসেতুর নির্মাণাধীন এলাকায় প্রায় আধা কিলোমিটার পথ এক লেন করা হয়েছে। ফলে যানজটে স্থবির হয়ে পড়ে মহাসড়কটি।