ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হঠাৎ দীর্ঘ যানজট
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দির বলদাখালে চেকপোস্ট বসিয়ে ঢাকাগামী সব ধরনের যানবাহন চলাচল আটকে দেয়। মাদক পাচারকারীরা বিপুল পরিমাণ মাদক ঢাকায় নিয়ে যাচ্ছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টা থেকে সকাল আটটা পর্যন্ত টানা দেড় ঘণ্টা যানবাহন আটকে তল্লাশি চলে। এতে মহাসড়কের আমিরাবাদ থেকে বলদাখাল পর্যন্ত ১০ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দীর্ঘ সময় যানজটে আটকে থেকে ঢাকাগামী যানবাহনের যাত্রী ও চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সকাল পৌনে নয়টার দিকে ঢাকাগামী কাভার্ড ভ্যানচালক ফাহিম মিয়া বলেন, ‘শহীদনগর এসে হঠাৎ করে যানজটে আটকে গেলাম। একে তো প্রচণ্ড গরম, এর মধ্যে দেড় ঘণ্টারও বেশি সময় ধরে আটকে আছি।’
কক্সবাজার থেকে ঢাকাগামী বিশেষ বাসের যাত্রী মাজেদুল আলম বলেন, টিকা নিতে ঢাকায় যাচ্ছেন তিনি। কিন্তু এই যানজটে আটকে পড়ায় সময়মতো টিকাকেন্দ্রে পৌঁছাতে পারবেন কি না, সেটি নিয়ে দুশ্চিন্তায় আছেন।
দাউদকান্দি হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. শাহাদাত হোসেন জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেকপোস্টের কারণে দেড় ঘণ্টার বেশি সময় ঢাকাগামী যান চলাচল আটকে রাখা হয়েছিল। এ কারণে কঠোর বিধিনিষেধের মধ্যেই হঠাৎ করে যানজটের সৃষ্টি হয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক করতে দাউদকান্দি হাইওয়ে থানা-পুলিশ কাজ করছে।