ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকা থেকে আজ রোববার সকালে ছবিটি তোলা। ছবি: মাসুদ রানা
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকা থেকে আজ রোববার সকালে ছবিটি তোলা। ছবি: মাসুদ রানা

টানা কয়েক দিনের যানজটের পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক আজ রোববার অনেকটাই স্বাভাবিক রয়েছে। যানবাহন চলছে স্বাভাবিক গতিতে। নেই তেমন যানজট।

পুলিশের ভাষ্য, গতকাল শনিবার রাতেই ঘরমুখো বেশির ভাগ মানুষ বাড়ি ফিরেছে। মহাসড়কে পশুবাহী ট্রাকও নেই তেমন। ঘরমুখো মানুষের চাপ না থাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় দিয়ে আজ সকাল থেকে স্বাভাবিক গতিতে যানবাহন চলছে। তবে যান চলাচল স্বাভাবিক রাখতে অন্যান্য দিনের মতো মহাসড়কে পুলিশের সদস্যরা তৎপর রয়েছেন।

এদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গতকাল কোনো যানজট ছিল না। আজও একই অবস্থা বিরাজ করছে।

যানজট না থাকায় গাড়িগুলো চলছে স্বাভাবিক গতিতে। ছবি: মাসুদ রানা
যানজট না থাকায় গাড়িগুলো চলছে স্বাভাবিক গতিতে। ছবি: মাসুদ রানা

সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় গিয়ে দেখা যায়, গত কয়েক দিনের মতো যানবাহনের দীর্ঘ সারি নেই। নেই কোনো জট। যানবাহন চলছে স্বাভাবিকভাবে। তবে চন্দ্রা ত্রিমোড় এলাকায় ঘরমুখী মানুষের ভিড় লক্ষ করা গেছে।

গত কয়েক দিন মহাসড়কের টাঙ্গাইল অংশে যানবাহন বিকল ও সড়ক দুর্ঘটনার কারণে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। এর সঙ্গে বাড়তি মানুষ ও যানবাহনের চাপও ছিল। এসব কারণে চন্দ্রা ও এর আশপাশের এলাকায় থেমে থেমে গাড়ি চলে।

গাজীপুর ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গতকাল রাত পর্যন্ত যানবাহনের চাপ ছিল। আজ ভোর থেকে এই চাপ অনেকটাই কমে এসেছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কেও যানবাহন চলছে স্বাভাবিক গতিতে।

টাঙ্গাইল ট্রাফিক বিভাগের পরিদর্শক আরিফুর রহমান বলেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল অংশে আজ সকাল থেকে যান চলাচল স্বাভাবিক রয়েছে।