ঢাকা থেকে জামাতা আসায় শ্বশুরবাড়ি লকডাউন

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় ঢাকা থেকে শ্বশুরবাড়িতে জামাতা আসায় ওই বাড়ি লকডাউন করা হয়েছে। একই গ্রামে দুই বোনের বাড়িতে দাওয়াত খেয়ে যাওয়ার পর ভাইয়ের করোনাভাইরাস শনাক্ত হওয়ায় দুই বোনের বাড়ি ও একটি দোকান লকডাউন করা হয়েছে।
গতকাল রোববার বিকেলে লোহাগড়া পৌর এলাকার ওই গ্রামের তিনটি বাড়ি ও একটি দোকান লকডাউন করে উপজেলা প্রশাসন।
স্থানীয় লোকজন ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ঢাকায় কর্মরত একজন স্বাস্থ্যকর্মী গত শুক্রবার গ্রামে শ্বশুরবাড়িতে আসেন। এখনো তিনি সেখানে আছেন। তিনি সুস্থ থাকলেও ঢাকা থেকে যাওয়ার কারণে তাঁর শ্বশুরবাড়িতে লাল পতাকা টাঙিয়ে দেন স্থানীয় লোকজন।
এ ছাড়া কয়েক দিন আগে ঢাকা থেকে আসা আরেক ব্যক্তি ওই গ্রামে পাশাপাশি দুই বোনের বাড়িতে দাওয়াত খান। ওই ব্যক্তি ঢাকায় ফিরে যাওয়ার পর তাঁর করোনাভাইরাস শনাক্ত হয়। দুই বোনের বাড়ির পাশে একটি দোকানও আছে। স্থানীয় লোকজন ওই দুটি বাড়িতেও লাল পতাকা টাঙিয়ে দেন।
পরে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) রাখি ব্যানার্জি গতকাল বিকেলে গিয়ে তিনটি বাড়ি ও একটি দোকানকে লকডাউন ঘোষণা করেন।
রাখি ব্যানার্জি প্রথম আলোকে বলেন, ওই বাড়ির লোকজনকে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।