ঢাকা থেকে পিকনিকে গিয়ে মেঘনায় ডুবে স্কুলছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পানিতে ডুবে মৃত্যু
প্রতীকী ছবি

চাঁদপুরের মতলব উত্তরে পিকনিক করতে গিয়ে নদীতে ডুবে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার মেঘনা নদীর পাড়ে মোহনপুর পর্যটনকেন্দ্রে এ ঘটনা ঘটে।

ওই ছাত্রের নাম টুটুল হাসান (১৭)। সে ঢাকার ডেমরার নাভারুন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ছিল। টুটুলের বাবা আবদুল মান্নান ঢাকা তেজগাঁও থানায় পুলিশ কনস্টেবল পদে চাকরি করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে নাভারুন স্কুল অ্যান্ড কলেজের ১৩৫ জন ছাত্র মেঘনা নদীর পাড়ে মোহনপুর পর্যটনকেন্দ্রে পিকনিকে আসে। বেলা তিনটার দিকে কয়েকজন ছাত্র নদীতে গোসল করতে নামে। গোসল শেষে কয়েকজন ছাত্র তীরে উঠলেও টুটুল আর ওঠেনি। পরে টুটুলের বন্ধুরা অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে মোহনপুর নৌ-পুলিশকে খবর দেয়।

পরে স্থানীয় একটি ডুবুরি দল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে টুটুলকে নদী থেকে উদ্ধার করে। তৎক্ষণাৎ তাঁকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ হাসিবুল ইসলাম মৃত ঘোষণা করেন।

নয়নের মা রিনা আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার ছেলে এখানে শিক্ষা সফরে এসেছিল। তার আর বাড়ি ফেরা হলো না। তাকে নিয়া অনেক স্বপ্ন ও আশা ছিল। এখন সব শেষ। ছেলে হারানোর কী যে কষ্ট তা কাউরে বুঝাইতে পারুম না। কষ্টে বুকটা ফাইটা যায়।’

নাভারুন স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. আজিজুল হক বলেন, ‘আমরা এসেছিলাম আনন্দ করার জন্য। কিন্তু এই ঘটনায় আমরা খুবই মর্মাহত।’

মোহনপুর নৌ–পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম কাউছার বলেন, নিহত স্কুলছাত্র সাঁতার জানত না বলে জানা গেছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। গতকাল রাতেই তার পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই লাশটি হস্তান্তর করা হয়েছে।