ঢাকা-বরিশাল নৌপথে যুক্ত হলো দ্রুতগতির ওয়াটার বাস এমভি অ্যাডভেঞ্চার-৬
ঈদ সামনে রেখে ঢাকা-বরিশাল নৌপথে দিবা সার্ভিসে যুক্ত হয়েছে আরও একটি দ্রুতগতির ওয়াটার বাস। এমভি অ্যাডভেঞ্চার-৬ নামের ক্যাটামারান টাইপ নৌযানটি এই নৌপথে দ্বিতীয় দ্রুতগতির ওয়াটার বাস।
বরিশাল থেকে সকাল সাড়ে ৮টায় ও হিজলা থেকে সকাল ১০টায় নৌযানটি ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। ঢাকা থেকে বিকেল সাড়ে তিনটায় হিজলা হয়ে নৌযানটি ফিরবে। ২৭০ ফুট দৈর্ঘ্য ও ৪৪ ফুট প্রস্থের দ্রুতগতির নৌযানটিতে ৫০০টি সুসজ্জিত আসন এবং ৩০টি কেবিন আছে। গতকাল বৃহস্পতিবার থেকে নৌযানটি যাত্রী পরিবহনে যুক্ত হয়।
নৌযান কর্তৃপক্ষ জানিয়েছে, পুরো নৌযানটি শীতাতপ নিয়ন্ত্রিত। সমুদ্রগামী জাহাজের আদলে তৈরি নৌযানটিতে যাত্রীদের আকৃষ্ট করতে ক্যাফেটেরিয়া, নামাজের স্থান, ওয়াইফাই সুবিধাসহ রাখা হয়েছে বিনোদনের ব্যবস্থা। অ্যাডভেঞ্চার-৬ নৌযানের আসনগুলো বিমানের সিটের আদলে তৈরি। সৌন্দর্য বৃদ্ধির জন্য বিদেশি ইন্টেরিওর ডিজাইনারদের দিয়ে করিডর, বারান্দাসহ ভেতরের বিভিন্ন অংশে নান্দনিক সাজসজ্জা করা হয়েছে। ব্যয়বহুল ও দৃষ্টিনন্দন আসবাবে সাজানো হয়েছে পুরো নৌযানটি। এর বাইরের দিকে আছে বড়সড় বারান্দা।
নৌপরিবহন অধিদপ্তর ও বিআইডব্লিউটির সব অনুমোদন পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে গতকাল সকাল সাড়ে আটটায় বরিশাল থেকে ঢাকার উদ্দেশে যাত্রী নিয়ে চলাচল শুরু করে শিপিং লাইনসের এই নৌযান।
বরিশাল নৌবন্দর কর্মকর্তা ও বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, ঈদ সার্ভিসে এবার নতুন এই দ্রুতগতির নৌযানটি সংযোজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ঈদের বিশেষ সেবা। তিনি জানান, এবারের ঈদে বিশেষ সার্ভিসে ২৮টি লঞ্চ যাত্রী পরিবহন করবে।
নৌযানটির মালিকানা প্রতিষ্ঠান নিজাম শিপিং লাইনসের ব্যবস্থাপক মো. হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, নৌযানটির আসনগুলো ইকোনমি ও বিজনেস ক্লাসে ভাগ করা হয়েছে। এর মধ্যে ইকোনমি ক্লাসে ঢাকা-বরিশাল জনপ্রতি ভাড়া ৭০০ টাকা। ঢাকা থেকে হিজলা পর্যন্ত ভাড়া ৬০০ টাকা। আর বিজনেস ক্লাসে ঢাকা থেকে হিজলার ভাড়া ৯০০ টাকা। ঢাকা-বরিশালের ভাড়া এক হাজার টাকা। সিঙ্গেল কেবিনের ভাড়া ১ হাজার ৫০০ টাকা, ডাবল কেবিন ২ হাজার ৫০০ টাকা এবং ফ্যামিলি কেবিন ৩ হাজার টাকা।