ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ভর্তির আবেদন ফরম বিতরণ শুরু হয়েছে। ৩১ আগস্ট দুপুর দুইটা পর্যন্ত শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার বেলা আড়াইটায় উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ভর্তি কার্যক্রমের উদ্বোধন করেন।
ব্যবসায় শিক্ষা অনুষদের অধীনে আগামী ৫ সেপ্টেম্বর গ-ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে এ বছরের ভর্তি পরীক্ষা শুরু হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, বিজ্ঞান অনুষদভুক্ত ক-ইউনিটের ভর্তি পরীক্ষা ১২ সেপ্টেম্বর, কলা অনুষদভুক্ত খ-ইউনিটের ১৯ সেপ্টেম্বর, শাখা পরিবর্তনের জন্য ঘ-ইউনিটের ২৬ সেপ্টেম্বর এবং চারুকলা অনুষদভুক্ত চ-ইউনিটের ভর্তি পরীক্ষা ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
এ বছর বিশ্ববিদ্যালয়ের মোট আসনসংখ্যা ছয় হাজার ৫৮২টি। এর মধ্যে ক-ইউনিটে এক হাজার ৬৪০টি, খ-ইউনিটে দুই হাজার ২২১, গ-ইউনিটে এক হাজার ১৭০, ঘ-ইউনিটে এক হাজার ৪১৬ এবং চ-ইউনিটে ১৩৫টি আসন রয়েছে।
এবারের পরীক্ষায় ক্যালকুলেটরসহ সব ধরনের ইলেকট্রনিকস ডিভাইসের ব্যবহার নিষিদ্ধ করে উপাচার্য পরীক্ষার্থীদের আশ্বস্ত করেন, ক্যালকুলেটরের ব্যবহার করতে হয় এমন জটিল কোনো প্রশ্ন করা হবে না।
ভর্তিসংক্রান্ত যেকোনো তথ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (<http://www.du.ac.bd/admission>) পাওয়া যাবে।