ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পানি জমেছে, ছুটির দিনেও যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃষ্টিতে সড়কে পানি জমে গেছে। এতে যানবাহন চলাচলের গতি কমে যাওয়ায় সৃষ্টি হয়েছে যানজটের। আজ শুক্রবার সকাল নয়টায় গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া এলাকায়
ছবি: মাসুদ রানা

রাতভর টানা বর্ষণে আজ শুক্রবার সকাল থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে হাঁটুপানি জমেছে। পানির মধ্যে যানবাহনগুলো স্বাভাবিক গতিতে চলতে পারছে না। এ কারণে সকাল থেকেই মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

গাজীপুরের বাসন সড়ক এলাকার একটি পোশাক কারখানার শ্রমিক জহিরুল ইসলাম বলেন, শুক্রবার হলেও তাঁদের কারখানা খোলা। সড়কে পানি জমে থাকায় পাশ দিয়ে হেঁটে যাওয়ারও কোনো ব্যবস্থা নেই। জামাকাপড় ভিজিয়ে এখন কারখানায় যেতে হচ্ছে।

প্রভাতী বনশ্রী পরিবহনের চালক আসাদুল মিয়া জানান, গত ১০–১৫ বছর ধরে এই সড়কে তিনি গাড়ি চালান। রাস্তাটা দিয়ে কখনই ভালোভাবে গাড়ি চালানো যায়নি। বছরের একটা সময় থাকে ধুলাবালি ও খানাখন্দ আর এখন খানাখন্দের সঙ্গে হাঁটুপানি। সারা বছর খোঁড়াখুঁড়ি তো আছেই। তিনি প্রশ্ন করেন, ‘কবে যে এই দুর্ভোগ থেকে মুক্তি পাব?’

ট্রাফিক পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত থেকেই বৃষ্টি শুরু হয়। শুক্রবার সকালে পর্যন্ত টানা বর্ষণে সড়কের বিভিন্ন এলাকায় পানি জমে যায়। এর মধ্যে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাসন সড়ক, বোর্ডবাজার, টঙ্গী চেরাগ আলী, স্টেশন রোডসহ বেশ কয়েকটি এলাকায় পানি জমে যায়। এতে যানবাহনগুলো স্বাভাবিক গতিতে চলতে পারে না। এ কারণে সকালে যানবাহনের খুব একটা চাপ না থাকলেও বিভিন্ন পয়েন্টে থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। যানজটে আটকা পড়েতে শত শত যানবাহন। এতে কর্মস্থলে যাওয়া মানুষ চরম দুর্ভোগে পড়েছে।

শুক্রবার সকালে সরেজমিনে দেখা গেছে, গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে ভোগড়া এলাকা পর্যন্ত হাঁটুপানি, সঙ্গে কাদা। মানুষের হাঁটার জন্য ফুটপাতও নেই।

ভোগড়া সবজি বাজারের ব্যবসায়ী খায়রুল ইসলাম বলেন, অল্প বৃষ্টি হলেই সড়কে পানি ও কাদার সৃষ্টি হয়। এতে সড়কেও যেমন যানজটের সৃষ্টি হয়, তেমনি আশপাশের ব্যবসায়ীরা দোকান খুলতে পারেন না। দোকানে বসে থাকলে গাড়ির চাকা থেকে কাদাপানি ছিটে দোকানে চলে আসে।

ভোগড়া এলাকায় ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন সার্জেন্ট মো. পারভেজ। তিনি জানান, বৃষ্টির কারণে সড়কে এখন পানি জমে আছে। তাঁরা চেষ্টা করছেন ড্রেনগুলো পরিষ্কার করে পানি সরিয়ে দিতে। কারণ, পানি সরে যাওয়ার আগপর্যন্ত যানজট নিরসন করা সম্ভব নয়। সড়কে বিআরটি প্রকল্পের কাজ চলার কারণে দীর্ঘদিন ধরে এই পথে চলাচলকারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এর মধ্যে বৃষ্টি হলে অবস্থা আরও বেগতিক হয়ে যায়।

গাজীপুরের কুনিয়া বড়বাড়ি এলাকার বাসিন্দা জসিম উদ্দিন জানান, সড়কের বিভিন্ন স্থানে বৃষ্টির পানি জমে আছে। সড়কের দুই পাশ দিয়ে ড্রেন নির্মাণ করা হলেও সেগুলো দিয়ে পানিনিষ্কাশন হচ্ছে না।

গাজীপুর মেট্রোপলিটনের ট্রাফিক পরিদর্শক কাদের মোল্লা বলেন, মহাসড়কে যানজট নিরসনে সকাল থেকেই পুলিশ বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে। তাঁরা সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছেন।