ঢাকা-সিলেট মহাসড়কে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ২
হবিগঞ্জের মাধবপুর উপজেলা সদরে ঢাকা-সিলেট মহাসড়কে বিভিন্ন যানবাহন থেকে চাঁদা আদায়ের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক জানান, আজ মঙ্গলবার ভোরে চাঁদাবাজির সময় তাঁদের হাতেনাতে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মাধবপুর উপজেলার পশ্চিম মাধবপুর এলাকার আবজল হোসেন ওরফে বাবু (৪০) এবং একই উপজেলার পূর্ব মাধবপুর এলাকার আবদুর রশিদ (৪৫)।
বিভিন্ন যানবাহন থেকে তাঁরা ২০ থেকে ৫০ টাকা করে আদায় করছিলেন।
থানা-পুলিশ জানায়, আটক আফজল হোসেন ও আবদুর রশিদ প্রতিদিন ভোররাতে ঢাকা-সিলেট মহাসড়কের ওপর দিয়ে চলাচলকারী বিভিন্ন যানবাহনে পরিবহন শ্রমিক সমিতির নামে চাঁদাবাজি করে আসছিলেন। আজ ভোরে গোপন সূত্রে খবর পেয়ে মাধবপুর থানার একদল পুলিশ চাঁদা আদায়ের সময় হাতেনাতে তাঁদের আটক করে। বিভিন্ন যানবাহন থেকে তাঁরা ২০ থেকে ৫০ টাকা করে আদায় করছিলেন।
মাধবপুর উপজেলার পরিবহনশ্রমিক আলম খান বলেন, একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে মাধবপুর উপজেলা সদরে মহাসড়কের সোনাই নদীর মোড় ডাকবাংলা, পূবালী ব্যাংকের সামনে সমিতির নাম ভাঙিয়ে অবৈধভাবে চাঁদাবাজি করে আসছিল। অন্যান্য যানবাহনের পাশাপাশি তারা প্রতিদিন ভোরে মাধবপুরে গ্যাস নিতে আসা সিএনজি থেকে ২০ টাকা হারে চাঁদা তুলে আসছিল।