ঢাকার বাইরে যশোরে প্রথম ই-পাসপোর্ট ছাপানো শুরু
ঢাকার বাইরে যশোরেই প্রথম পার্সোনালাইজেশন সেলের মাধ্যমে ই-পাসপোর্ট ছাপানো শুরু হয়েছে। আজ রোববার দুপুরে যশোর পাসপোর্ট কার্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আইয়ুব চৌধুরী এই কার্যক্রমের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মোহাম্মদ আইয়ুব চৌধুরী বলেন, এখন থেকে খুলনা বিভাগের ১০ জেলার গ্রাহকেরা স্বল্পতম সময়ের মধ্যে ই-পাসপোর্ট হাতে পাবেন। পাশাপাশি এটি ঢাকার পার্সোনালাইজেশন সেন্টারের ব্যাকআপ সেন্টার হিসেবে কাজ করবে। এর মাধ্যমে পাসপোর্ট অধিদপ্তর দৈনিক ২৫ হাজার ই-পাসপোর্ট প্রিন্টিংয়ের লক্ষ্যমাত্রা অর্জন করল।
ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান খানের সভাপতিত্বে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, উপপ্রকল্প পরিচালক লে. কর্নেল সৈয়দ নাজমুর রহমান, টেকনিক্যাল প্রজেক্ট ডিরেক্টর পিয়ার অ্যালেকজেন্ডার কুমারেক, প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান ও যশোর পাসপোর্ট অফিসের উপপরিচালক মোহাম্মদ নূরুল হুদা বক্তব্য দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মৌসুমী ইসলাম, মেহেরিস ইসলাম, স্বপ্না ও আজিজুর রহমান নামের কয়েকজনের হাতে ই-পাসপোর্ট তুলে দেওয়া হয়।
জেলা পাসপোর্ট অফিসের কর্মকর্তারা জানান, ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় গত বছরের ২৮ জুন যশোর অফিসে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। এরপর ঢাকা থেকে পাসপোর্ট ছেপে যশোরে পাঠানো হতো। এরপর যশোর অফিস থেকে সেগুলো বিতরণ করা হতো। এতে সময়ও বেশি লাগত। কিন্তু যশোর কার্যালয়ে প্রিন্টিং বিভাগ চালু হওয়ায় এখন থেকে গ্রাহকেরা দ্রুত সময়ের মধ্যে তাঁদের কাঙ্ক্ষিত পাসপোর্ট পাবেন।