ঢাকায় গ্রেপ্তার জঙ্গিকে চার মাস আগে তুলে নেওয়া হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর টেকনিক্যাল এলাকা থেকে গ্রেপ্তার হওয়া জেএমবির পাঁচ সদস্যের মধ্যে একজন আবদুল করিম ওরফে বুলবুলের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কালীনগর জানুমিস্ত্রিপাড়ায়। তিনি স্থানীয় কালীনগর হাট এলাকায় হোমিওপ্যাথি চিকিৎসা করতেন।
বুলবুলের পরিবারের দাবি, তাঁকে গত ১৮ এপ্রিল বিকেলে কালীনগর হাট এলাকায় দোকান থেকে সাদা পোশাকের দুজন লোক ধরে নিয়ে যান। ওই ঘটনার পর থেকে তাঁর কোনো হদিস ছিল না। গত বৃহস্পতিবার পরিবারের সদস্যরা টেলিভিশনের খবরে বুলবুলকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করার কথা জানতে পারে।
আবদুল করিমের স্ত্রী শামসুন্নাহার বলেন, ১৮ এপ্রিল একজন রোগীকে চিকিৎসা দেওয়ার কথা বলে দুজন লোক বুলবুলকে দোকান থেকে মোটরসাইকেলে করে নিয়ে যান। এরপর থেকে তাঁর আর কোনো হদিস ছিল না। তিনি বলেন, তাঁর স্বামীকে উঠিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে তা নেয়নি পুলিশ।
বুলবুলের প্রতিবেশীরা জানান, ছয় বছর ধরে কালীনগর হাটে একটি দোকানঘর ভাড়া নিয়ে তিনি হোমিও চিকিৎসা করে আসছেন। পাশাপাশি তিনি একটি মসজিদের মক্তবে সকালবেলায় শিশুদের আরবি পড়াতেন। এর আগে তিনি সদর উপজেলার আতাহার এলাকার একটি মসজিদে ইমামতি করতেন।
চাঁপাইনবাবগঞ্জের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাযহারুল ইসলাম বলেন, বুলবুলকে তুলে নিয়ে যাওয়ার বিষয়ে থানায় জিডি করতে কেউ আসেননি।