ঢাকায় জমে উঠছে নির্বাচন
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে নিজ নিজ প্রার্থীর পক্ষে প্রচার ও ভোট প্রার্থনা শুরু করায় বিভিন্ন প্রার্থীর ছয় কর্মীকে ৬৩ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সরোয়ার আলম। ওই কর্মীরা গতকাল শুক্রবার ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচার চালাচ্ছিলেন বলে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়।
গতকাল জুমার নামাজের আগে ও পরে নগরের উত্তরা ও মিরপুর এলাকার কয়েকটি মসজিদের বাইরে কয়েকজন প্রার্থী ও তাঁদের সমর্থকদের তৎপর দেখা গেছে। ঢাকা দক্ষিণের বিভিন্ন মসজিদেও একই তৎপরতা ছিল। তবে ওই এলাকায় গতকাল সবচেয়ে আলোচিত বিষয় ছিল আওয়ামী লীগের সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকনের পক্ষে স্থানীয় সাংসদ হাজি মো. সেলিমের মাঠে নামা। তাঁরা দুজন আওয়ামী লীগের কয়েকজন কেন্দ্রীয় নেতাসহ চকবাজার জামে মসজিদে জুমার নামাজ পড়েন। নামাজের আগে মুসল্লিদের কাছে সাঈদ খোকনের জন্য দোয়া চান হাজি সেলিম। পরে তাঁরা একসঙ্গে পুরান ঢাকার একটি রেস্তোরাঁয় দুপুরের খাবার খান। এ সময় বিপুলসংখ্যক দলীয় কর্মীও উপস্থিত ছিলেন।
অন্যদিকে ঢাকা উত্তরে কাউন্সিলর পদে আওয়ামী লীগ-সমর্থিত একক প্রার্থী রাখার লক্ষ্যে আরেক তৎপরতা শুরু করেছেন ঢাকা-১১ (বাড্ডা-রামপুরা) আসনের সাংসদ এ কে এম রহমতুল্লাহ। তিনি গতকাল তাঁর নির্বাচনী এলাকার ২১, ২২ ও ২৩ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ-দলীয় কাউন্সিলর প্রার্থীদের বাসায় ডেকে নিয়ে ‘চাপের মুখে’ প্রার্থিতা প্রত্যাহারপত্রে আগাম সই করিয়ে নেন বলে অভিযোগ পাওয়া গেছে। অবশ্য সাংসদ রহমতুল্লাহ প্রথম আলোর কাছে দাবি করেন, তাঁর বাসায় একটা বৈঠকে তিনি বলেছেন যে যাঁরা দলকে ভালোবাসেন, তাঁরা যেন প্রত্যাহারপত্রে সই করে যান। এরপর অনেকে স্বেচ্ছায় সই করেছেন।
এ ছাড়া বিভিন্ন পাড়া-মহল্লায় কোনো কোনো প্রার্থী ও তাঁদের সমর্থকদের দেখা গেছে ভোটারদের সমর্থন ও দোয়া চাইতে। তবে নির্বাচনী আচরণবিধি অনুযায়ী ৮ তারিখের আগে এ ধরনের তৎপরতা বৈধ নয় বলে রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় সূত্র জানায়।
বৈধ প্রার্থীদের এই তৎপরতার বিপরীতে বাছাইয়ে মনোনয়নপত্র বাতিল হয়ে যাওয়া প্রার্থীরা ব্যস্ত হয়ে পড়েছেন অন্য যুদ্ধে। এ ধরনের মেয়র পদের পাঁচজন এবং সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদের ৭৫ জন প্রার্থী ঢাকার বিভাগীয় কমিশনারের কাছে আপিল করেছেন মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে। এখন তাঁরা ব্যস্ত সময় কাটাচ্ছেন কাগজপত্র তৈরির কাজে নিজ নিজ আইনজীবীর চেম্বারে।
গতকাল সন্ধ্যায় ঢাকার বিভাগীয় কমিশনার জিল্লার রহমান প্রথম আলোকে বলেছেন, আজ শনিবার ২৯ জন প্রার্থীর আপিল শুনানি হবে। তাঁরা সবাই গত বৃহস্পতিবার আপিলের আবেদন করেন।
বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, মনোনয়নপত্র বাতিল হওয়া যেসব প্রার্থী গতকাল আপিল করেছেন, তাঁদের শুনানি হবে কাল রোববার। আপিল দায়েরের পর তিন দিনের মধ্যে তা নিষ্পত্তির বিধান থাকলেও চেষ্টা করা হবে দুই দিনের মধ্যেই সব আপিল নিষ্পত্তি করে দেওয়ার।
সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে শুধু যে প্রার্থী ও নির্বাচন কমিশনই তৎপর রয়েছে, তা নয়; তৎপরতা চলছে রাজনৈতিক অঙ্গনেও। বিএনপি চিন্তিত ঢাকা উত্তরের প্রার্থিতা ও নির্বাচনে সব প্রার্থীর জন্য সমান সুযোগ পাওয়া নিয়ে। তা ছাড়া নির্বাচনের সময় সেনাবাহিনী মোতায়েনসহ কিছু দাবিও তারা নির্বাচন কমিশনের কাছে করেছে।
সরকারি দল আওয়ামী লীগের নেতারা এ ব্যাপারে প্রতিক্রিয়া জানাচ্ছেন। ওই দলের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত গতকাল এক অনুষ্ঠানে বলেছেন, সিটি করপোরেশন নির্বাচনে কেন সেনাবাহিনীকে নিয়ে আসতে হবে? তাদের কি নির্বাচন পরিচালনার জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছে? তিনি বলেন, সব প্রার্থীর জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) সৃষ্টির যে দাবি বিএনপি করেছে, তা বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হচ্ছেন খালেদা জিয়া। কারণ, তাঁর দল নির্বাচনে অংশ নিয়েও হরতাল-অবরোধ ডেকে যাচ্ছে।
তবে বিএনপি নিশ্চিত হতে পারছে না। তারা সরকার ও সরকারি দলের কৌশল বোঝার চেষ্টা করছে। গতকাল একটি অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন সুষ্ঠু নির্বাচনে বিঘ্ন সৃষ্টির বিষয়ে সরকারকে হুঁশিয়ার করে দিয়েছেন। আরেক অনুষ্ঠানে শত নাগরিক কমিটির আহ্বায়ক অধ্যাপক এমাজউদ্দীন আহমদ বিএনপির সমর্থকদের সতর্ক করে দিয়ে বলেছেন, এই নির্বাচনের ফলাফল তাঁদের পক্ষে নিতে না পারলে আরও অনেক দুর্ভোগ পোহাতে হবে।
নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনিক অঙ্গনও তৎপর। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক গতকাল সিলেটে এক অনুষ্ঠানে বলেছেন, ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে নির্বাচন কমিশন যেভাবে নির্দেশ দেবে, সে অনুযায়ীই কাজ করবে পুলিশ প্রশাসন।
ঢাকা উত্তরের রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে গতকাল বিকেলে প্রথম আলোকে জানানো হয়, সেখানে মেয়র প্রার্থী ১৯ জন। কাউন্সিলর পদে সাধারণ আসনে ৪৪৮ ও সংরক্ষিত আসনে ১১৬ জন প্রার্থী বৈধ হয়েছেন।
ঢাকা দক্ষিণের রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে জানানো হয়, সেখানে মেয়র প্রার্থী ২৩ জন। কাউন্সিলর পদে সাধারণ আসনে ৫৩৬ ও সংরক্ষিত আসনে ১২৬ জন প্রার্থী বৈধ হয়েছেন।
এরপর আপিলে যদি কোনো প্রার্থী বৈধ বলে বিবেচিত হন, তাঁরা এই সংখ্যার সঙ্গে যুক্ত হবেন।