ঢাকায় ফিরছেই কর্মস্থলমুখী মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লকডাউনে বিধিনিষেধ অমান্য করে ছোট ছোট বাহনে ঢাকায় ফিরছে কর্মস্থলগামী মানুষ। শুক্রবার বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায়।
ছবি: আব্দুল মোমিন

চালক ছোট একটি পিকআপ দাঁড় করানোর সঙ্গে সঙ্গে হুমড়ি খেয়ে পড়েন ঢাকামুখী যাত্রীরা। একে একে গাড়িটিতে উঠে পড়েন অনেকেই। তবে অতিরিক্ত যাত্রীর চাপের মধ্যেও শিশুকন্যাকে নিয়ে পিকআপ ঠাঁই হলো এক দম্পতির। পরে যাত্রীবোঝাই পিকআপটি যাত্রা শুরু করে।

শুক্রবার বিকেল চারটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে বাস টার্মিনালের সামনে এই দৃশ্য দেখা গেল।

গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে থাকা দম্পতি হলেন রাজবাড়ীর কালুখালী উপজেলার রাশেদুল ইসলাম ও স্বর্ণা আক্তার। এ সময় কথা হয় তাঁদের সঙ্গে। জানালেন, দুপুর ১২টার দিকে সিএনজিচালিত অটোরিকশা ও রিকশাভ্যানে অন্য যাত্রীদের সঙ্গে তাঁরা রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে আসেন। নদী পার হয়ে পাটুরিয়া আসার পর ইজিবাইকে ও রিকশাভ্যানে করে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড পর্যন্ত আসেন। সেখান থেকে হেঁটে পুলিশের তল্লাশিচৌকিতে পার হয়ে মানিকগঞ্জ বাস টার্মিনালের সামনে এসেছেন বেলা তিনটার দিকে। প্রায় এক ঘণ্টা ধরে গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন তাঁরা শিশুকন্যাকে নিয়ে।
রাশেদুলদের মতো আরও অনেকে এভাবেই বাড়তি ভাড়া দিয়ে হেঁটে, রিকশাভ্যান, অটোরিকশা ও ইজিবাইকে সেখানে এসেছেন। বাড়তি ভাড়ায় পথ ভেঙে ভেঙে ঢাকার কর্মস্থলে ফিরছেন তাঁরা।

বাস টার্মিনালে সামনে ঢাকা-আরিচা মহাসড়কের সামনে গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় ফরিদপুরের আলফাডাঙ্গার আবদুল ওহাবকে। ঢাকার মালিবাগে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। তিনি বলেন, ‘ঢাকায় যাইতে ভোরে বাড়ি থেকে বের হইছি। বহু কষ্টে এ পর্যন্ত আসছি। স্যারেরা ফোন না দিলে বাড়িতেই থেকে যেতাম।’

দুপুর থেকে বিকেল পর্যন্ত দেখা গেছে, ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের তরা ও মুলজান এলাকায় বিভিন্ন ছোট বাহনে করে ঢাকার দিকে যাচ্ছে মানুষ। মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের তল্লাশিচৌকিতে জরিমানার ভয়ে এসব বাহনের চালক সদর উপজেলা পরিষদের সামনে যাত্রীদের নামিয়ে দেন। এরপর আধা কিলোমিটার পথ হেঁটে বাস টার্মিনাল যান যাত্রীরা। সেখান থেকে আবার বিভিন্ন ছোট বাহনে ঢাকার দিকে ছোটেন তাঁরা।

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে বহু মানুষ বিভিন্ন ছোট বাহনে করে সকাল থেকেই রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে আসেন। ফেরিতে নদী পার হয়ে তাঁরা মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে আসেন। সেখানে পুলিশের তল্লাশিচৌকি এড়িয়ে হেঁটে কিছু দূর আসার পর আবার বিভিন্ন বাহনে করে ঢাকার দিকে রওনা হন তাঁরা।

বিধিনিষেধে ফেরিতে যাত্রী পারাপার নিষিদ্ধ হলেও যাত্রীরা তা মানছেন না বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (বাণিজ্য) মো. জিল্লুর রহমান। তিনি বলেন, বিধিনিষেধের আওতাভুক্ত যানবাহন পারাপারে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে মাত্র ছয়টি ফেরি চালু রাখা হয়েছে। জরুরি পরিষেবায় নিয়োজিত যানবাহন পারাপারের সময় যাত্রীরা ফেরিতে ওঠে পড়েন। চেষ্টা করেও তাঁদের ফেরি থেকে নামানো যাচ্ছে না।

বিধিনিষেধের মধ্যে মানুষ ও যানবাহন চলাচলের বিষয়ে পুলিশ সুপার গোলাম আজাদ খান বলেন, ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন স্থানে এবং পাটুরিয়া ঘাট এলাকায় পুলিশের তল্লাশিচৌকি বসানো হয়েছে। সেখানে পুলিশ সদস্যরা কাজ করছেন। গাড়ি জব্দ করা হচ্ছে, মামলাও দেওয়া হচ্ছে। তবে ফেরিতে নদী পার হয়ে মানুষ পাটুরিয়া ঘাটে চলে এলে কিছু করার থাকে না। বিধিনিষেধ কার্যকর করতে পুলিশ দিন-রাত পরিশ্রম করে যাচ্ছে।