ঢাকায় বাস কম থাকায় যাত্রীরা হাঁটছে

ঢাকার রাস্তায় আজ বৃহস্পতিবারও বাস কম। এতে সড়কের বিভিন্ন স্থানে যাত্রীদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। অনেকে হেঁটেই গন্তব্যে যাচ্ছেন।
নিরাপদ সড়কের দাবিতে টানা চার দিনের ছাত্রবিক্ষোভের মধ্যে ঢাকায় কয়েক দিন ধরেই বাস কম চলছে। গতকাল বুধবারও শিক্ষার্থীরা ঢাকার বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এতে বেশির ভাগ সড়কে বাস চলাচল তেমন ছিল না।
বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে আজ প্রাথমিক বিদ্যালয়সহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও আজ সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান খোলা আছে। সপ্তাহের শেষ কর্মদিবসে সড়কে বেরিয়ে বিপাকে পড়েছেন রাজধানীবাসী।

আজ সকালে ঢাকার রাস্তায় অল্প কিছু বাস চলতে দেখা গেছে। একটি বাস আসামাত্র এতে যাত্রীরা হুড়মুড় করে উঠছেন। অনেকক্ষণ অপেক্ষায় থেকে অনেক যাত্রী পিকআপে চেপে গন্তব্যে রওনা হচ্ছেন। আর যাঁরা কোনো উপায়ই করতে পারছেন না, তা হেঁটেই রওনা হচ্ছেন।
ঢাকার রাস্তায় ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাস, পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশা আছে। অনেকটা ফাঁকা রাস্তায় রিকশাও চলছে।
গত ২৯ জুলাই ঢাকার বিমানবন্দর সড়কে বাসের চাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী আবদুল করিম রাজীব ও দিয়া খানম নিহত হয়। তাদের মৃত্যুকে কেন্দ্র করে ঢাকায় ছাত্রবিক্ষোভ ছড়িয়ে পড়ে। গতকাল সরকারের তিন মন্ত্রী পৃথকভাবে গণমাধ্যমে দেওয়া বক্তব্যে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। এর আগে গত মঙ্গলবার রাজধানীর গণপরিবহনের সব অপ্রাপ্তবয়স্ক চালক ও ড্রাইভিং লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় প্রধানমন্ত্রীর কার্যালয়।