ঢাকায় সিএনজি অটোরিকশা ধর্মঘট আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিএনজিচালিত অটোরিকশার চালকেরা আজ রোববার ভোর ছয়টা থেকে রাজধানীতে ২৪ ঘণ্টার ধর্মঘট ডেকেছেন। সাত দফা দাবিতে গতকাল শনিবার এ কর্মসূচি ঘোষণা করা হয়।
চালকদের দাবির মধ্যে অন্যতম হচ্ছে চালকদের জেল-জরিমানা বন্ধ ও বন্দী চালকদের মুক্তি, সরকার-নির্ধারিত ৯০০ টাকা জমার ক্ষেত্রে চালকদের স্বার্থ বিবেচনা, পার্কিংয়ের ব্যবস্থা না করে নো-পার্কিং মামলা না করা এবং নতুন পাঁচ হাজার সিএনজিচালিত অটোরিকশা চালকদের বিতরণ।
ঢাকা জেলা ফোর স্ট্রোক অটোরিকশা ড্রাইভার্স ইউনিয়ন-এর পক্ষ থেকে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়। পরে এক বিবৃতিতে ঢাকা জেলা সিএনজি অটোরিকশা, মিশুক চালক ও শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকেও একাত্মতা ঘোষণা করা হয়।
অটোরিকশা ড্রাইভার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক কামাল আহমেদ প্রথম আলোকে বলেন, সরকারের কাছে বিভিন্ন সময় তাঁদের দাবিগুলো জানিয়েছেন। কিন্তু কোনো পদক্ষেপ না নেওয়ায় গতকাল সংগঠনটির যাত্রাবাড়ীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি অভিযোগ করেন, কথায় কথায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অটোরিকশা জব্দ করা হয়, চালকদের শাস্তি দেওয়া হয়। গত ২৯ ফেব্রুয়ারি সদরঘাট থেকে প্রায় ১০০ জন চালককে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। বর্তমানে এক হাজারের বেশি চালক কারাগারে বন্দী রয়েছেন। তাঁরা তাঁদের মুক্তি চান।
কামাল আহমেদ আরও বলেন, জমার (ভাড়া হিসেবে চালক মালিককে যে টাকা দেন) টাকার ক্ষেত্রে শ্রমিকদের স্বার্থও দেখতে হবে। জমার টাকা দিয়ে চালকদের সংসার চালানোর মতো আর টাকা থাকে না। তাই জমা কমাতে হবে, নয়তো যাত্রীভাড়া বাড়াতে হবে। এ ক্ষেত্রে ওয়েটিং চার্জ দুই টাকার পরিবর্তে তিন টাকা এবং প্রথম দুই কিলোমিটারের জন্য যাত্রীভাড়া ৪০ টাকার পরিবর্তে ৫০ টাকা হতে পারে বলে তিনি জানান।
এদিকে গতকাল জাতীয় প্রেসক্লাবে পৃথক সংবাদ সম্মেলনে ছয় দফা দাবি জানিয়েছে চালকদের সাতটি সংগঠনের সমন্বয়ে গঠিত ‘সিএনজি অটোরিকশা চালক ও সমবায় ফেডারেশন’। দাবি আদায়ে তারা বিক্ষোভ-সমাবেশসহ চার দিনের কর্মসূচি ঘোষণা করেছে। পাশাপাশি সরকারকে ২৭ মার্চ পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। বেঁধে দেওয়া সময়ে দাবি আদায় না হলে তারাও ধর্মঘটে যাওয়ার হুমকি দিয়েছে।
সমবায় ফেডারেশনের দাবিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ইতিমধ্যে বরাদ্দ দেওয়া পাঁচ হাজার নিবন্ধন নম্বরের দ্রুত বণ্টন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের আমলাতান্ত্রিক জটিলতার নিরসন, চালকদের সহজ শর্তে লাইসেন্স প্রদান ও নবায়ন এবং পুলিশি হয়রানি বন্ধ করা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন ফেডারেশনের আহ্বায়ক আশরাফুল আলম।