ঢাবির ছাত্র করোনায় আক্রান্ত, অবস্থা ভালোর দিকে: প্রক্টর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবারের সঙ্গে ঢাকার মানিকদি এলাকায় থাকেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র৷ অসুস্থতা নিয়ে ৭ এপ্রিল হাসপাতালে যান তিনি৷ তাঁর নমুনা পরীক্ষার পর ৮ এপ্রিল নিশ্চিত করা হয় যে তিনি করোনাভাইরাসে আক্রান্ত৷ তবে এই শিক্ষার্থীর শারীরিক অবস্থা এখন ভালোর দিকে৷ আজ সোমবার প্রথম আলোকে এই তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী৷

গোলাম রব্বানী বলেন, ‘সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) তত্ত্বাবধানে ওই ছাত্রকে তাঁর মানকদির বাড়িতেই আইসোলশনে রাখা হয়েছে৷ গত রোববার আমরা এ ব্যাপারে জানতে পেরেছি৷ ওই ছাত্রের শারীরিক অবস্থা ভালোর দিকে৷ তাঁর জ্বর সেরে গিয়েছে৷ আমাদের সে বলেছে, আগের চেয়ে এখন ভালো বোধ করছে৷’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানান, করোনায় আক্রান্ত ওই শিক্ষার্থী ও তাঁর পরিবারের সদস্যরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন৷


প্রয়োজনীয় সহযোগিতার জন্য চিকিৎসক, শিক্ষার্থীর পরিবারসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান প্রক্টর৷