স্বচ্ছ নির্বাচনের জন্য গঠন করা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকে বিএনপি ‘দুমড়েমুচড়ে ধ্বংস’ করেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। আজ মঙ্গলবার দুপুরে সাড়ে ১২টার দিকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
আব্দুল মোমেন আরও বলেন, বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় এসেছিল। তাদের সময়ে দেশে ইয়েস-নো ভোট হতো। স্বচ্ছ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকে তারা দুমড়েমুচড়ে ধ্বংস করে দিয়েছিল। একটি সুন্দর উদ্দেশ্য নিয়ে যেটি প্রতিষ্ঠিত হয়েছিল, বিএনপি সেটিকে কুক্ষিগত করে ধ্বংস করেছিল। পরতে পরতে অন্যায়-বেআইনি কাজ করেছিল তারা।
বিএনপি কর্তৃক ‘গণতন্ত্র শেখাতে চাওয়া অত্যন্ত দুঃখজনক’ মন্তব্য করে আওয়ামী সরকারের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি নির্বাচন করতে চাইলে নির্বাচনের পথেই আসতে হবে। পেছনের দরজা দিয়ে ক্ষমতা নেওয়ার সময় নেই। তাদের জনতার কাছে আসতে হবে। জনতা হচ্ছে এ দেশের মালিক। তাঁরা হলেন ভোটের মালিক। যদি স্বচ্ছ নির্বাচন কমিশন হয়, তার মাধ্যমে নির্বাচন অবশ্যই স্বচ্ছ হবে।
আব্দুল মোমেন বলেন, ‘অন্যান্য দেশে নির্বাচন কমিশন নেই। আমেরিকায় সরকার যে থাকে, সে–ই নির্বাচনের আয়োজন করে। তাদের দেশে কোনো নির্বাচন কমিশন নেই। এ দেশে নির্বাচন কমিশন গঠন করে স্বচ্ছ নির্বাচনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা সব সময়ই গণতান্ত্রিক নিয়মে বিশ্বাস করি। স্বচ্ছ একটি নির্বাচন হোক, সেটিই আমরা চাই।’
মঙ্গলবার দুপুরে সিলেট নগরের আখালিয়া এলাকার অবস্থিত মাউন্ট অ্যাডোরা হাসপাতালে হৃদ্রোগীদের উন্নত চিকিৎসা দেওয়ার লক্ষ্যে স্থাপিত কার্ডিয়াক সেন্টার উদ্বোধন করেন আব্দুল মোমেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোর্শেদ আহমেদ চৌধুরী, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া, মাউন্ট অ্যাডোরা হাসপাতালের পরিচালনা পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান প্রমুখ।