তথ্য গোপন করায় বাড়ছে সংক্রমণের ঝুঁকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের ১০ নম্বর ওয়ার্ড। ঘরের কেউ না কেউ জ্বর–সর্দিতে ভুগছেন। তবে স্বাস্থ্যের অবনতি না হলে করোনার নমুনা দিতে আগ্রহী নন তাঁদের অনেকেই। অবস্থার অবনতি হলে একটি অংশ নমুনা দিতে হাতের নাগালে থাকা ভৈরব ট্রমা সেন্টারে না গিয়ে, হয় বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ, না হয় কিশোরগঞ্জে গিয়ে নমুনা দিচ্ছেন। উদ্দেশ্য আক্রান্তের তথ্য গোপন রাখা। পারিবারিক ও সামাজিক ঝামেলা এড়ানোর জন্যই তাঁরা এ কাজ করছেন।

কেউ আক্রান্ত হলে তথ্য গোপন করে বাড়িতে বসে চিকিৎসা নিচ্ছেন। কেউ কেউ আবার আক্রান্তের তথ্যটি পরিবারের কাছেও গোপন রেখে স্বাভাবিক জীবনযাপন করছেন। যাচ্ছেন বাইরেও।

প্রথম আলোর টানা কয়েক দিনের অনুসন্ধানে এই তথ্য জানা গেছে। পরিবারের কাছেও তথ্য গোপন করার প্রবণতা বেড়ে যাওয়ায় সংক্রমণের ঝুঁকি বেড়ে গেছে বলে ধারণা স্বাস্থ্য বিভাগের।

চন্ডিবের দক্ষিণপাড়া পৌর শহরের ১০ নম্বর ওয়ার্ডের অন্তর্গত। এই ওয়ার্ডের কয়লা মোকামের এক ব্যক্তি টানা পাঁচ দিন জ্বর–সর্দিতে ভুগছিলেন। শ্বাসকষ্ট শুরু হওয়ার পর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে নমুনা দেওয়ার পর তাঁর সংক্রমণ শনাক্ত হয়। তথ্যটি তিনি পরিবারের কাছেও গোপন রাখেন। সেরে ওঠার পর তথ্যটি প্রকাশ পেলেও এরই মধ্যে পরিবারের এক সদস্য আক্রান্ত হয়ে পড়েন।
নাম প্রকাশ না করার শর্তে ওই ব্যক্তি প্রথম আলোকে বলেন, ‘ভৈরবে পরীক্ষা করালে ফলাফলের তথ্যের কপি পুলিশ, উপজেলা স্বাস্থ্য বিভাগে চলে যায়। তখন বিষয়টি জানাজানি হয়ে যায়। সেই ভয় থেকেই গোপন রেখেছিলাম। ভুল করেছি। এমনটা যেন আর কেউ না করে দয়া করে সবাইকে জানিয়ে দিন।’

খোঁজ নিয়ে জানা গেছে, আক্রান্তের তথ্য গোপন করতে ভৈরবে নমুনা না দিয়ে দূরের কোথাও থেকে পরীক্ষা করানোর মানুষের সংখ্যা বাড়ছে। ওই সব ব্যক্তির কারণে একদিকে যেমন আক্রান্ত ও মৃত্যুর সঠিক তথ্য নির্ণয় করা যাচ্ছে না, অন্যদিকে সংক্রমণ ঝুঁকিও বাড়ছে। এ মুহূর্তে ভৈরব কোভিড-১৯ আইসোলেশন কেন্দ্রে ভর্তি রোগীর সংখ্যা পাঁচ। অথচ এখন সুস্থ হওয়ার অপেক্ষায় আছেন ২৮৫ জন। আক্রান্তের বিপরীতে হাসপাতালে ভর্তির হার ১ দশমিক ৭৫ শতাংশ।

জেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৮৭৩ জন। মৃত্যুসংখ্যা ১৫০। নমুনা, সংক্রমণ ও মৃত্যু—এই তিন সূচকে জেলার দ্বিতীয় সর্বোচ্চ স্থানে ভৈরব। ভৈরবে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৬৫ জন। মারা গেছেন ৩০ জন। ভৈরবে সর্বশেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬২ জন।

মুঠোফোনে আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়ার কাজে নিয়োজিত রয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিন চিকিৎসক। এর মধ্যে নাজমুল ফারিয়া একজন। দুঃখ করে তিনি বলেন, নমুনা দিয়ে আসা ব্যক্তিদের ফোন করে যখন বলি আপনি পজিটিভ, তখন তিনি আর মেনে নিতে পারেন না। উল্টাপাল্টা কথা বলেন। নিজেকে লুকান। অন্যের বাড়িতে চলে যান। ফলে নিজের এবং অন্যের ঘরের সদস্যদের ঝুঁকি বাড়ে। ঝুঁকি বাড়ে প্রতিবেশীদের।

খোঁজ নিয়ে জানা গেছে, আক্রান্ত ২৮৫ জনের মধ্যে কয়েকজন রয়েছেন সৈয়দ নজরুল ইসলাম বা জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে। বাকিরা বাড়িতেই নিচ্ছেন চিকিৎসা। অথচ ভৈরব ট্রমা সেন্টারকে কোভিড আইসোলেশন সেন্টার ঘোষণা করার পর ৩০ শয্যায় অক্সিজেনসহ প্রয়োজনীয় উপকরণ সরবরাহের সুযোগ রাখা হয়েছে। তারপরও হাসপাতালমুখী না হওয়ার কারণ জানতে কথা হয়, কয়েকজন আক্রান্ত ও সমাজ সচেতনদের সঙ্গে। তাঁদের ভাষ্য, ভৈরব তুলনামূলক অর্থনৈতিকভাবে সমৃদ্ধ জনপদ। অনেকের ভালো বাড়িঘর রয়েছে। ফলে আক্রান্ত হলে নিজ ঘরে আইসোলেশনে যাওয়টা এতটা সমস্যার নয়। তবে সমস্যা হলো, তাঁদের বেশির ভাগ নির্দিষ্ট কক্ষে আটকে থাকেন না। বাইরে যান। গল্প করেন। বাইক নিয়ে ঘোরাঘুরি করেন। তাতেই যত সমস্যা। এতে সংক্রমণ বাড়ার শঙ্কা বাড়ছে।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন প্রতিরোধ কমিটির সদস্য। উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে তিনি আক্রান্ত ব্যক্তিদের বাড়িতে গিয়ে বিধিনিষেধের স্টিকার লাগিয়ে দিয়ে আসেন। ওই অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে ওসি বলেন, স্টিকার লাগিয়ে আসা পর্যন্ত ঠিক আছে। থানায় ফেরার আগেই ছিঁড়ে ফেলার তথ্য পাওয়া যাচ্ছে। আক্রান্ত ব্যক্তিরা আক্রান্তের তথ্যটি তাঁর পরিবারের কাছেও গোপন করছেন। ফলে চেষ্টা করেও করোনা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক পৌর শহরের কয়েকজন তরুণ জানান, এখন আর কেউ আক্রান্ত হলে বাড়ি খুব বেশি লকডাউন হচ্ছে না। কখনো হলেও কিছু সময়ের ব্যবধানে স্টিকার উঠে যাচ্ছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. খুরশীদ আলম করোনা প্রতিরোধ কমিটির সদস্যসচিব। তিনি বলেন, ‘সচেতনতার দিক দিয়ে আমাদের খুব বেশি পরিবর্তন আসেনি। মাস্কে এসেছে। তা–ও মন থেকে নয়, সড়কে নিরাপদে হাঁটাচলা করার স্বার্থে। বাড়িতে চিকিৎসা নিতে অসুবিধা নেই। তবে সমস্যা হলো আক্রান্ত ব্যক্তিরা বাড়িতে থাকছেন না। স্বাভাবিক সময়ের মতো সবই করছেন।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুবনা ফারজানা প্রতিরোধ কমিটির সভাপতি। আফসোস করে তিনি বলেন, মানুষের মধ্যে বিধিনিষেধ ভাঙার উৎসব চলছে। তবে এই উৎসব যদি টিকা গ্রহণের বেলায় হতো, তাহলে করোনার ইতিবাচক চিত্রটা দ্রুত আসত।