তথ্য গোপন করে শিবালয়ে ইটভাটা নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিস্তৃর্ণ শর্ষেখেতের মাঝে তিনফসলি জমিতে নির্মাণ করা হচ্ছে ইটভাটা। গত সোমবার দুপুরে মানিকগঞ্জের শিবালয় উপজেলার কাতরাশিন এলাকায়
প্রথম আলো

বিস্তীর্ণ ফসলের মাঠে শর্ষে আবাদ করা হয়েছে। শর্ষে ফুলে চারদিকে হলুদের সমারোহ। এর মাঝখানে চলছে ইটভাটা স্থাপনের কাজ। ওই ভাটার পাশেই রয়েছে মসজিদ, বসতবাড়ি ও মুরগির খামার। এ ছাড়া এক কিলোমিটারের মধ্যে রয়েছে মানবদেহের জন্য অক্সিজেন তৈরি ও পশুপাখির খাদ্য তৈরির দুটি প্রতিষ্ঠান।

মানিকগঞ্জের শিবালয় উপজেলার কাতরাশিন এলাকায় গিয়ে দেখা গেছে এই চিত্র। তিনফসলি একটি জমিকে ‘একফসলি’ দেখিয়ে এই ইটভাটা নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় ব্যক্তিরা। তাঁদের দাবি, ওই জমিতে ভাটা নির্মিত হলে কৃষিজমি কমে যাওয়ার পাশাপাশি আশপাশের পরিবেশের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে। এ বিষয়ে এলাকাবাসীর পক্ষ থেকে তিনফসলি কৃষিজমি রক্ষা এবং এলাকায় ইটভাটার অনুমোদন না দিতে উপজেলা কৃষি কর্মকর্তাকে অনুরোধ করলেও তাতে কোনো সুফল মেলেনি।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত)-এর ৮ ধারা অনুযায়ী, বছরে একাধিক ফসল উৎপাদিত হয়, এমন কৃষিজমিতে কোনো ইটভাটা স্থাপন করা যাবে না। এ ছাড়া কোনো প্রতিষ্ঠান থেকে কমপক্ষে এক কিলোমিটার দূরত্বের মধ্যে ইটভাটা স্থাপন নিষিদ্ধ। তবে এই আইন উপেক্ষা করে সেখানে মেসার্স সিডনি ব্রিকস লিমিটেড নামের ওই ভাটা নির্মাণ করা হচ্ছে। স্থানীয় প্রভাবশালী খন্দকার কদর আলী ভাটাটি নির্মাণ করছেন।

অসুস্থ থাকায় এ ব্যাপারে খন্দকার কদম আলীর সঙ্গে কথা বলা যায়নি। তবে তাঁর ছেলে খন্দকার সোহেল হোসেন ভাটাটির নির্মাণকাজ তদারক করছেন। তিনি বলেন, কৃষি বিভাগের অনাপত্তিপত্র পাওয়ার পরই ভাটা নির্মাণ করা হচ্ছে।

স্থানীয় কয়েকজন কৃষক অভিযোগ করেন, জমির শ্রেণির প্রকৃত তথ্য গোপন করে একফসলি জমি দেখিয়েছে উপজেলা কৃষি বিভাগ।

জেলা পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত বছরের ৯ নভেম্বর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রিয়াজুর রহমানের স্বাক্ষরিত একটি পত্র জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালকের কাছে পাঠানো হয়। সেখানে বলা হয়, সিডনি ব্রিকস লিমিটেডের নিজস্ব দুই একর জমিসহ পাশের এক কিলোমিটারের মধ্যে সব জমি একফসলি (অর্ধবছর জলামগ্ন ও নিচু জমি)।

সংশ্লিষ্ট সূত্র মতে, কোনো জমির অবস্থানগত ছাড়পত্র দিতে হলে ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তার মতামত নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। তবে ওই ভাটার ক্ষেত্রে উপজেলা কৃষি কর্মকর্তা তা নেননি। উথলী ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, ওই জমির অনাপত্তিপত্রের বিষয়ে তিনি কোনো মতামত দেননি।

জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা মো. রিয়াজুর রহমান বলেন, সরেজমিন পরিদর্শন করে এবং খোঁজখবর নিয়ে ওই জমি একফসলি বলে জানা গেছে। এরপর ওই জমির বিষয়ে পরিবেশ অধিদপ্তরে অনাপত্তিপত্র দেওয়া হয়েছে।

এদিকে ভাটাটি নির্মাণে জেলা পরিবেশ অধিদপ্তর অবস্থানগত ছাড়পত্র দিয়েছে। অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক নূর আলম বলেন, গত বছরের ১৪ মার্চ সে সময়ের অধিদপ্তরের সহকারী পরিচালক সাঈদ আনোয়ার ওই ভাটা নির্মাণে অবস্থানগত ছাড়পত্র দেন। এতে তাঁর কোনো দায় নেই।

এ বিষয়ে সাঈদ আনোয়ার বলছেন, কৃষি বিভাগের অনাপত্তিপত্র পাওয়ার পর নিয়ম অনুযায়ী ওই জমির অবস্থানগত ছাড়পত্র দেওয়া হয়েছে।

মানিকগঞ্জের জেলা প্রশাসক এস এম ফেরদৌস বলেন, ফসলি জমি নষ্ট করে কোনো ইটভাটা নির্মাণ করতে দেওয়া হবে না। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।