‘তথ্য লুকানোর সংস্কৃতি থেকে বেরিয়ে এসে তথ্য দেওয়ার সংস্কৃতি চালু হয়েছে। তথ্যের অংশীদারত্বে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করার সুযোগ এসেছে। এই সুযোগ কাজে লাগাতে হবে। তথ্যের মাধ্যমেই আমরা নিজেদের ক্ষমতাবান মনে করি। সুতরাং তথ্য জানার সুযোগ সৃষ্টি করতে হবে।’
বরিশালে অনুষ্ঠিত তথ্য অধিকারবিষয়ক দুই দিনের বিভাগীয় বিতর্ক উৎসবের সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান তথ্য কমিশনার মো. গোলাম রহমান। গতকাল শনিবার বিকেল সাড়ে পাঁচটায় নগরের অশ্বিনীকুমার হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. নূরুল আলম, জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামান, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, জাতীয় মানবাধিকার কমিশন বাংলাদেশের সার্বক্ষণিক সদস্য নজরুল ইসলাম, এমআরডিআইর নির্বাহী পরিচালক সাহিবুর রহমান, জাগ্রত নাগরিকের পক্ষে শুভংকর চক্রবর্তী ও বরিশাল ডিবেটিং সোসাইটির সভাপতি এম এ মাসুদ।
বিতর্ক উৎসবে স্কুল পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, রানার আপ রূপাতলী সরকারি মাধ্যমিক বিদ্যালয়। কলেজ পর্যায়ে চ্যাম্পিয়ন বরিশাল সরকারি মহিলা কলেজ এবং রানারআপ পটুয়াখালী সরকারি মহিলা কলেজ। বিশ্ববিদ্যালয় পর্যায়ে চ্যাম্পিয়ন বরিশাল ব্রজমোহন কলেজ এবং রানারআপ শহীদ আবদুর রব সেরনিয়াবাত ইঞ্জিনিয়ারিং কলেজ।
সমাপনী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানারআপ দল এবং ব্যক্তিকে ক্রেস্ট দেওয়া হয়।