তদন্ত চলাকালে বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সভাপতির ওপর হামলা
বগুড়ার শাজাহানপুর উপজেলায় একটি বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির দুর্নীতির তদন্ত চলাকালে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ বুধবার দুপুরে উপজেলার জালশুকা উত্তরপাড়া উচ্চবিদ্যালয়ের অফিসকক্ষে এই হামলার ঘটনা ঘটে। এ সময় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইশতিয়াক আহমেদ ও ব্যবস্থাপনা কমিটির সভাপতি জয়নাল আবেদীন মারধরের শিকার হয়েছেন।
শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের নেতৃত্বে এই হামলা ও ভাঙচুর চালানো হয়েছে বলে ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেছেন।
স্থানীয় ব্যক্তিরা জানান, জালশুকা উত্তরপাড়া উচ্চবিদ্যালয়ের ব্যবস্থা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ তুলে কমিটির সভাপতি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেন অভিভাবকদের একাংশ। ইউএনও বিষয়টি তদন্তের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌফিক আজিজকে দায়িত্ব দেন। আজ বেলা ১১টার দিকে অভিযোগ তদন্তে যান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌফিক আজিজ। অভিযোগকারীদের উপস্থিতিতে তদন্ত কার্যক্রম চলাকালে যুবলীগ নেতা শফিকুল ইসলামের নেতৃত্বে দুপুরের দিকে কিছু লোক প্রধান শিক্ষক ইশতিয়াক আহমেদ ও ব্যবস্থাপনা কমিটির সভাপতি জয়নাল আবেদীনের ওপর চড়াও হন। এ সময় প্রধান শিক্ষককে হামলাকারীরা মারপিট করেন। একপর্যায়ে প্রধান শিক্ষক অফিসকক্ষের ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। হামলাকারীরা এ সময় ব্যবস্থাপনা কমিটির সভাপতি জয়নাল আবেদীনকেও মারধর ও লাঞ্ছিত করেন। একপর্যায়ে হামলাকারীরা বিদ্যালয়ের আসবাব ভাঙচুর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের নেতৃত্বে এই হামলা ও ভাঙচুর চালানো হয়েছে বলে ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেছেন।
ব্যবস্থাপনা কমিটির সভাপতি জয়নাল আবেদীন বলেন, ‘মিথ্যা অভিযোগ করে কতিপয় লোক তদন্ত কার্যক্রম ভন্ডুল করতে বেআইনিভাবে সেখানে হামলা চালান। এ সময় তাঁরা অন্যায়ভাবে আমাকে মারধর করেন।’
প্রধান শিক্ষক ইশতিয়াক আহমেদ বলেন, ‘তদন্ত কার্যক্রম চলাকালে কতিপয় উচ্ছৃঙ্খল ব্যক্তি সন্ত্রাসী কায়দায় বিদ্যালয়ে হামলা ও ভাঙচুর করেন। এ সময় তাঁরা আমাকে এবং ব্যবস্থাপনা কমিটির সভাপতিকে মারধর ও লাঞ্ছিত করেন।’
অভিযোগের বিষয়ে খোট্টাপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, ‘বিদ্যালয়ে হামলা ও ভাঙচুরের সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। কারা হামলা চালিয়েছে, তা আমার জানা নেই।’
শাজাহানপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌফিক আজিজ বলেন, অভিযোগের তদন্ত চলাকালে কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি সেখানে বিশৃঙ্খলা চালিয়েছেন।
শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আহমেদ বলেন, ‘জালশুকা উত্তরপাড়া উচ্চবিদ্যালয়ে অনিয়ম ও দুর্নীতির লিখিত অভিযোগ পাওয়ার পর উপজেলা শিক্ষা কর্মকর্তাকে তদন্তের জন্য পাঠানো হয়। তদন্ত চলাকালে দুই পক্ষ সেখানে মারামারিতে জড়ায় বলে তদন্ত কমিটি আমাকে জানিয়েছেন।’