তদন্ত প্রতিবেদন জমা দিতে আরও সাত কার্যদিবস সময় পেল পিবিআই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোর জেলার মানচিত্র
প্রথম আলো

নাটোর-বগুড়া মহাসড়ক সম্প্রসারণকাজের শর্ত ভঙ্গ করে সড়কের পাশে গর্ত খুঁড়ে মাটি তুলে সরকারি সড়কের ক্ষতিসাধনের অভিযোগের তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আরও সাত কার্যদিবস সময় পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নাটোর কার্যালয়। বুধবার প্রতিবেদন জমা দেওয়ার দিন নির্ধারিত ছিল।

গত ৪ এপ্রিল প্রথম আলোতে ‘ঠিকাদারের সাশ্রয়ে সরকারি টাকা গচ্চা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। পরে একটি বেসরকারি টেলিভিশনের দুজন প্রতিবেদক যৌথভাবে নাটোর-বগুড়া মহাসড়ক নির্মাণের অনিয়ম নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। এ দুই গণমাধ্যমের খবর নজরে নিয়ে গত ১৩ জুন নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবু সাঈদ স্বপ্রণোদিত হয়ে অভিযোগ আমলে নেন। ওই দিনই অভিযোগটি তদন্ত করে দায়ী ব্যক্তিদের শনাক্ত ও ক্ষতির পরিমাণ নির্ধারণের জন্য পিবিআই নাটোর কার্যালয়ের বিশেষ পুলিশ সুপারকে দায়িত্ব দেন আদালত। ৩০ জুন এ–সংক্রান্ত তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিতে বলা হয়।

পিবিআই সূত্রে জানা গেছে, আদালতের নির্দেশনা মোতাবেক তদন্তকারী কর্মকর্তা পুলিশের পরিদর্শক সোয়েব আহমেদ তিন সাংবাদিকের লিখিত জবানবন্দি গ্রহণ করেছেন। এ সময় তিনি ঘটনাস্থলের স্থিরচিত্র ও ভিডিও নমুনা হিসেবে জব্দ করেন। ইতিমধ্যে তদন্তকারী কর্মকর্তা নাটোর সড়ক বিভাগ থেকে মহাসড়কটি সম্প্রসারণের কার্যাদেশপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করেছেন। সড়কের আশপাশের লোকজনের বক্তব্য শুনেছেন।

২৭ জুন ঠিকাদার মীর হাবিবুল আলম সড়কটির উভয় পাশের গর্তগুলো নিজ খরচে বালু দিয়ে ভরাট করে দেন। প্রায় দেড় কোটি টাকা খরচ করে তিনি প্রায় ৪৫ হাজার ঘনমিটার বালু ফেলে গর্ত ভরাটের কাজ শেষ করেন। এ নিয়েও ২৭ জুন প্রথম আলো ‘সড়ক সম্প্রসারণে করা গর্ত নিজ খরচে ভরাট করছেন সেই ঠিকাদার’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে।