তদবির থাকলে আগে পাবেন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগে এলে আগে পাবেন—চিরায়ত এই নীতি অনেক ক্ষেত্রেই মানা হয়নি নতুন গ্যাস-সংযোগ প্রদানে। সিরিয়ালে (তালিকার ক্রমে) পিছিয়ে থাকা সত্ত্বেও তদবির বা সুপারিশের ‘জোর’ থাকায় অন্যদের ডিঙিয়ে গ্যাস-সংযোগ পেয়েছেন অনেকেই।
অভিযোগ উঠেছে, সিরিয়াল ব্রেক (তদবির বা সুপারিশ থাকলে অগ্রাধিকার ভিত্তিতে) করে চট্টগ্রামে প্রায় সাড়ে তিন হাজার আবাসিক গ্রাহককে গ্যাস-সংযোগ দিয়েছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল)। গত সোয়া এক বছরে মন্ত্রী, সাংসদ, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা ও সরকারদলীয় রাজনৈতিকনেতাদের তদবির বা সুপারিশে এসব সংযোগ দেওয়া হয়েছে। তবে নৈতিকতার প্রশ্ন ওঠায় গত ২০ অক্টোবর থেকে অগ্রাধিকার ভিত্তিতে সংযোগ দেওয়া সাময়িক স্থগিত করেছে কেজিডিসিএল।
গত সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ১০ হাজার গ্রাহককে ডিঙিয়ে নিজের নামে পাঁচটি সংযোগ নিয়েছেন মহানগর যুবলীগের সদস্য হামজারবাগ এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম। সংযোগ দিতে তাঁর জন্য সুপারিশ করেছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।
যোগাযোগ করা হলে সাইফুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন ধরে গ্যাস পাচ্ছি না। তাই পাঁচ ভাইবোনের নামে সংযোগ নিয়েছি। কাউকে টাকা দিতে হয়নি।’
১০ হাজার গ্রাহককে ডিঙিয়ে সুপারিশের ভিত্তিতে সংযোগ নেওয়া ঠিক হলো কি না এই প্রশ্নে সাইফুল বলেন, ‘আমার ভাই সুপারিশ নিয়েছে হয়তো। বিষয়টি জানা নেই।’
কর্ণফুলী গ্যাসের ৩১ আগস্টের কার্যাদেশে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজমের সুপারিশে ১৬ জন গ্রাহক সংযোগ পেয়েছেন। যোগাযোগ করা হলে মির্জা আজম প্রথম আলোকে বলেন, ‘কে কোন সুপারিশের জন্য আসে মনে রাখা সম্ভব না। দলীয় লোকেরাই সুপারিশের জন্য আসেন। একসঙ্গে রাজনীতি করি, তাঁদের না করা যায় না।’ তিনি বলেন, ‘সুপারিশ করলেই সেটা রাখতে হবে, এমন কোনো কথা নেই। কর্তৃপক্ষ বিবেচনা করে দেখবে সেটি।’
তিন বছর সংযোগ বন্ধ থাকার পর সরকারি নির্দেশে গত বছরের জুলাই থেকে আবাসিক গ্রাহকদের গ্যাস-সংযোগ দিতে শুরু করে কেজিডিসিএল। নতুন সংযোগ চালুর পর এ পর্যন্ত প্রায় ১৭ হাজার রাইজার সংযোগ দিয়েছে কেজিডিসিএল। এর মধ্যে তিন হাজার ৪০০ রাইজার সংযোগ দেওয়া হয়েছে তদবিরের মাধ্যমে। এই হিসাব কেজিডিসিএলের।
তদবিরে গ্যাস-সংযোগ প্রদান সম্পর্কে গত সেপ্টেম্বর মাসে কর্ণফুলী গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক (বর্তমানে সাবেক) মীর আবদুল মতিন প্রথম আলোকে বলেছিলেন, ‘দ্রুত কিছু পাওয়ার জন্য তদবির বা সুপারিশ করা এ দেশে সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে। গ্যাস-সংযোগও এর ব্যতিক্রম নয়। অনেক সুপারিশ আসে, এর মধ্যে যতটা কম সম্ভব রাখার চেষ্টা করি।’
সাধারণ গ্রাহকদের ডিঙিয়ে তদবিরের ভিত্তিতে গ্যাস-সংযোগ প্রদানকে অনৈতিক মনে করেন সচেতন নাগরিক কমিটি চট্টগ্রামের সভাপতি দেলোয়ার হোসেন মজুমদার। প্রথম আলোকে তিনি বলেন, ‘হাতে গোনা কয়েকজন হয়তো সরাসরি মন্ত্রী-সাংসদের কাছ থেকে তদবির জোগাড় করছেন। বাকিরা টাকার বিনিময়ে সুপারিশ কিনছেন। মন্ত্রী-সাংসদের তদবির বাগানোর জন্য একটি দালাল চক্র জন্ম নিয়েছে। এতে করে সৎ গ্রাহকেরা বঞ্চিত হচ্ছেন।’
কেজিডিসিএল সূত্রে জানা গেছে, সংযোগ প্রদানে অনিয়মসহ বিভিন্ন অভিযোগ ওঠায় সম্প্রতি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক, প্রকৌশল সেবা (ইঞ্জিনিয়ারিং সার্ভিস) বিভাগের মহাব্যবস্থাপক ও কোম্পানি সচিবকে বদলি করা হয়েছে। সংযোগ প্রদানের বিষয়ে এঁরা সিদ্ধান্ত দিতেন। নতুন ব্যবস্থাপনা পরিচালক কেজিডিসিএলে যোগদান করে অগ্রাধিকার ভিত্তিতে সংযোগ প্রদান স্থগিত করেন। আগে দেওয়া তিন হাজার সংযোগে কী ধরনের অনিয়ম হয়েছে বা কোনো ধরনের আর্থিক লেনদেন হয়েছে কি না সেটি তদন্ত করে দেখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কেজিডিসিএল সূত্রে জানা গেছে, সর্বশেষ গত ৩০ সেপ্টেম্বর ৩৩৫ জনকে অগ্রাধিকার ভিত্তিতে সংযোগের জন্য কার্যাদেশ দেওয়া হয়। ওই দিন বিকেলেই প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মীর আবদুল মতিনকে পেট্রোবাংলায় বদলির আদেশ হয়। দুই অক্টোবর যোগ দেন নতুন ব্যবস্থাপনা পরিচালক। তাঁর যোগদানের দুই সপ্তাহ পর ১৬ অক্টোবর বদলি করা হয় প্রকৌশল বিভাগের মহাব্যবস্থাপক ও কোম্পানির সচিবকে। এঁদের একজনকে পেট্রোবাংলায় ও অন্যজনকে বাখরাবাদ গ্যাস কোম্পানিতে বদলি করা হয়। ১৯ অক্টোবর কর্ণফুলী গ্যাসের প্রকৌশল সেবা বিভাগে নতুন মহাব্যবস্থাপক যোগ দিয়ে ঠিকাদারদের মৌখিকভাবে অগ্রাধিকার ভিত্তিতে সংযোগ বন্ধের নির্দেশ দেন।
তবে অগ্রাধিকার ভিত্তিতে সংযোগ দেওয়ার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি কর্ণফুলী গ্যাসের নতুন ব্যবস্থাপনা পরিচালক আইয়ুব খান চৌধুরী। গতকাল রোববার প্রথম আলোকে তিনি বলেন, ‘এখন থেকে নিয়মমাফিক সিরিয়াল অনুযায়ী সংযোগ পাবেন গ্রাহকেরা।’ এ ছাড়া সম্প্রতি কর্মকর্তাদের বদলি হওয়াকে রুটিন বদলি বলে দাবি করেন তিনি।
মন্ত্রী-সাংসদদের তদবির: অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস-সংযোগ দিতে গত সোয়া এক বছরে ছয় হাজারেরও বেশি তদবির এসেছে বলে কেজিডিসিএলের একটি সূত্র জানিয়েছে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে, কখনো কখনো অর্থের বিনিময়ে মন্ত্রী-সাংসদদের কাছ থেকে গ্রাহকের জন্য সুপারিশ এনে দেওয়ার কাজ একটি চক্র করছে বলে অভিযোগ উঠেছে। মন্ত্রী- সাংসদদের ব্যক্তিগত সহকারী, একশ্রেণির ঠিকাদার ও কেজিডিসিএলের কিছু লোকজন এর সঙ্গে জড়িত বলে ওই সূত্র জানিয়েছে।
এক চিঠিতেই একাধিক গ্রাহকের সুপারিশ: অনেক ক্ষেত্রে মন্ত্রী-সাংসদেরা একটি আবেদনেই একাধিক গ্রাহকের জন্য তদবির করছেন। গত ১৫ এপ্রিল নিজের নির্বাচনী এলাকা মিরসরাই উপজেলার পূর্ব মিঠানালা ইউনিয়নের ১০৭টি সংযোগের জন্য একটি আবেদনেই সুপারিশ করেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
গত ২৪ আগস্ট একসঙ্গে ৩৩ জনকে সংযোগ দেওয়ার সুপারিশ করেন চট্টগ্রাম-১০ আসনের সাংসদ আফছারুল আমীন। ২৩ জুন একসঙ্গে চারজনকে সংযোগ দেওয়ার সুপারিশ করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। গত ২ সেপ্টেম্বর একসঙ্গে তিনজনকে সংযোগ দেওয়ার সুপারিশ করেন গোপালগঞ্জ-২ আসনের সাংসদ শেখ ফজলুল করিম সেলিম।
এ রকম অন্তত ৫০ জন মন্ত্রী-সাংসদ সংযোগ প্রদানের অবেদনে সুপারিশ করেছেন। এর বাইরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা, সচিব, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারাও সুপারিশকারীদের তালিকায় রয়েছেন।
সব আবেদন ও সুপারিশের ভাষা এক: প্রায় ৩০টি আবেদন ও সুপারিশ পর্যালোচনা করে দেখা গেছে, সবগুলোর ভাষা প্রায় একই। আবেদনের ক্ষেত্রে লেখা হচ্ছে, ‘ব্যাংক থেকে ঋণ নিয়ে বাড়ি তৈরি করেছি, গ্যাস-সংযোগ না থাকায় বাড়ি ভাড়া দিতে পারছি না। ফলে ব্যাংক ঋণের কিস্তি পরিশোধ সম্ভব হচ্ছে না। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি।’ আর সুপারিশের ক্ষেত্রে লেখা হচ্ছে, ‘আর্থিক ক্ষতি বিবেচনা করে অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস-সংযোগ প্রদানের অনুরোধ করা হচ্ছে।’