রাজশাহী মহানগরের শিরোইল বাস টার্মিনাল এলাকার গুরুত্বপূর্ণ ফুটপাতটি উচ্ছেদের পরও ফাঁকা রাখতে পারেনি রাজশাহী সিটি করপোরেশন। উচ্ছেদের কয়েক দিনের মাথায় ফুটপাতটি বেদখল হয়ে যায়।
সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র বলছেন, তদবিরের কারণে ব্যবসায়ীদের কাছে ফুটপাতের দখল ছেড়ে দিতে হয়েছে।
নগরের শহীদ এ এইচ এম কামারুজ্জামান চত্বর থেকে পূর্ব দিকে যেতে স্টেশন রোডের ডান পাশে দিয়ে একটি ফুটপাত ঢাকা বাসস্ট্যান্ডের কাছে গিয়ে দিক পরিবর্তন করে দক্ষিণ দিকে নগরের দোসর মণ্ডলের মোড় এলাকায় চলে গেছে। এই ফুটপাতটি বরাবরই ব্যবসায়ীদের দখলে থাকে। এর প্রথম অংশটি দখল করে রাখেন পুরোনো কাপড় ব্যবসায়ীরা। ঢাকা বাস টার্মিনালের মোড়টি চা দোকানিরা, আর দক্ষিণ দিকের ফুটপাতটি পুরোনো জুতা বিক্রেতা ও মুচিদের দখলে থাকে। তবে আমের মৌসুমে মুচিদের অংশটি আম ব্যবসায়ীদের দখলে চলে যায়।
এই ফুটপাতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর পাশে রাজশাহী রেলস্টেশন ও বাস টার্মিনাল রয়েছে। বাস ও ট্রেন থেকে যাত্রীরা নেমে ফুটপাতে উঠতে না পেরে যানবাহনের মধ্যে পথ খুঁজে পান না।
স্থানীয় লোকজন জানান, এই প্রথমবারের মতো গত ডিসেম্বরের শেষের দিকে রাজশাহী সিটি করপোরেশনের পক্ষ থেকে ফুটপাতটির দখল উচ্ছেদ করা হয়। স্থানীয় লোকজনের হিসাবমতে, মাত্র নয় দিনের জন্য পুরো ফুটপাতটি ফাঁকা ছিল। প্রথমে বাস টার্মিনাল মোড়ে চায়ের দোকানগুলো বসে। তারপর কাপড় ব্যবসায়ী ও জুতার দোকানিরা ফুটপাতের দখল নিয়ে নেন। তবে কাপড় ব্যবসায়ীরা সামনে একটু জায়গা ছেড়ে বসেছেন। শুধু তাঁদের চালাটা ওপরে তুলতে বাকি রয়েছে।
সম্প্রতি ওই এলাকায় গিয়ে দেখা যায়, ফুটপাতটি ঠিক আগের অবস্থায় চলে গেছে। আলকার মোড়ের ব্যবসায়ী আরাফাত রুবেল বলেন, উচ্ছেদের দিনেই তাঁর মনে হয়েছিল, এই ফুটপাতে কোনো দিনই নগরবাসীর হাঁটার সুযোগ হয়নি, এবারও হয়তো হবে না। আগে যেভাবে ফুটপাত বেদখল ছিল, ফের তা-ই হলো।
ফুটপাতের কাপড় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেল, তাঁদের একটি সমিতি রয়েছে। নাম ‘রাজশাহী সেরিকালসার কাপড় ব্যবসায়ী হকার সমবায় সমিতি’। এই সমিতির নেতারা বিপদে-আপদে তাঁদের দেখাশোনা করেন। প্রতি মাসে এই সমিতির নামে ২০০ টাকা এবং নৈশপ্রহরীর নামে আরও ২০০ টাকা করে ব্যবসায়ীরা দিয়ে থাকেন। সমিতির নেতারাই তদবির করে নয় দিন পর ফের তাঁদের ফুটপাতে বসার ব্যবস্থা করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক চায়ের দোকানি বলেন, তাঁরা চায়ের কেটলি-কাপ, বয়াম, চুলাসহ ভাড়া নিয়ে থাকেন। তাঁরা শুধু মাল কিনে ব্যবসা করেন। বিনিময়ে প্রতিদিন কেটলি ও চুলার মালিককে ১০০ টাকা করে দেন। উচ্ছেদের আগে তাঁদের কাছ থেকে ২০০ টাকা করে নেওয়া হতো। তাঁরা চুলার মালিকদের নাম বলেছেন। কিন্তু কোনো ঠিকানা দিতে অপারগতা প্রকাশ করেছেন। একইভাবে ফুটপাতের মুচিদের কাছ থেকেও প্রতিদিন ২০ টাকা দুলু নামের এক যুবক আদায় করেন বলে মুচিরা জানিয়েছেন। তাঁরা দুলুর ঠিকানা বলেননি।
সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আযীম বলেন, তদবিরের ঠেলায় ফুটপাতের দখল রাখা যাচ্ছে না। কারা তদবির করে—জানতে চাইলে তিনি বলেন, তদবিরের কথা উচ্চারণ করলেই তো বোঝা যায়, কারা করেন। এর বেশি তিনি বলতে চাননি।