তনু হত্যাসহ গুম-খুন-ধর্ষণের প্রতিবাদে হরতাল পালিত
তনুসহ সারা দেশে অব্যাহত গুম-খুন-ধর্ষণ ও বিচারহীনতার প্রতিবাদে আজ সোমবার সারা দেশে আধা বেলা হরতাল পালিত হয়েছে। সকাল থেকে রাজধানীর শাহবাগ ও ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। দুপুর ১২টা পর্যন্ত যান চলাচল প্রায় বন্ধ ছিল।
প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্য আজ হরতাল ডাকে। সকাল ছয়টা থেকে ঢাকা-আরিচা মহাসড়কে অবরোধ শুরু হয়। এতে প্রগতিশীল ছাত্র জোটের ব্যানারে ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা অংশ নেন। দুপুর ১২টা পর্যন্ত শাহবাগ মোড়ে অবরোধ চলে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকালে জানান, তনু হত্যা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক রেজাউল করিম হত্যাসহ সারা দেশে সংঘটিত বিভিন্ন হত্যার বিচারের দাবিতে তাঁরা অবরোধ করছেন।
গত ২০ মার্চ রাতে তনুর লাশ কুমিল্লার ময়নামতি সেনানিবাস এলাকা থেকে উদ্ধার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো ওই হত্যাকাণ্ডের রহস্যের কোনো কিনারা করতে পারেনি।
আজ সারা দেশে সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আধা বেলা হরতাল পালন করেছে প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্য। হরতালে সিপিবি, বাসদ, ওয়ার্কার্স পার্টিসহ ১৪টি রাজনৈতিক দল ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক-পেশাজীবী ও নারী সংগঠন সমর্থন জানিয়েছে।
৭ এপ্রিল তনু হত্যার বিচারের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশ বাধা দেয়। ওই দিন সরকারকে তনু হত্যার বিচারের দাবিতে ২৪ এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দিয়ে ২৫ এপ্রিল হরতাল আহ্বান করা হয়।
জোটের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইতিমধ্যে ১৪টি রাজনৈতিক দলসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক-পেশাজীবী ও নারী সংগঠন এই হরতালের সমর্থনে মাঠে নামার ঘোষণা দিয়েছে। এ ছাড়া অধ্যাপক আনু মুহাম্মদ, অধ্যাপক আহমেদ কামাল, অধ্যাপক আজফার হোসেন, অধ্যাপক গীতি আরা নাসরিন, অধ্যাপক এম এম আকাশ, শিল্পী মাহমুদুজ্জামান বাবু, শিল্পী অরূপ রাহীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংস্কৃতিক কর্মী, সমাজকর্মী ও দেশের বিশিষ্ট ব্যক্তিরা হরতালে সমর্থন দিয়েছেন।
হরতাল সফল করতে সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কেন্দ্রীয় ছাত্রনেতারা শাহবাগ মোড়ে অবস্থান নেন। রাজধানীতে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড, পল্টন মোড়, মৌচাক মার্কেটের সামনে, মিরপুর ১০ নম্বর গোলচত্বর, সূত্রাপুর-সদরঘাট এলাকায় দুই জোটের কর্মীরা মাঠে ছিলেন।
আরও জানতে পড়ুন
আজ সারা দেশে আধা বেলা হরতাল