তপ্ত দিনে খুশির বার্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝলমলে মঞ্চে দ্যুতি ছড়ানো বাহারি পোশাক যেন বারতা দিল আগাম ঈদের৷ চট্টগ্রাম নগরের পাঁচ তারকা হোটেল র‍্যাডিসন ব্লু বে ভিউতে গতকাল সন্ধ্যায় হয়ে গেল সানসিল্ক-প্রথম আলো ঈদ ফ্যাশন প্রতিযোগিতা। অনুষ্ঠানের মঞ্চে ডিজাইনারদের নকশা করা শাড়িতে মডেলদের ক্যাটওয়াক l সৌরভ দাশ
ঝলমলে মঞ্চে দ্যুতি ছড়ানো বাহারি পোশাক যেন বারতা দিল আগাম ঈদের৷ চট্টগ্রাম নগরের পাঁচ তারকা হোটেল র‍্যাডিসন ব্লু বে ভিউতে গতকাল সন্ধ্যায় হয়ে গেল সানসিল্ক-প্রথম আলো ঈদ ফ্যাশন প্রতিযোগিতা। অনুষ্ঠানের মঞ্চে ডিজাইনারদের নকশা করা শাড়িতে মডেলদের ক্যাটওয়াক l সৌরভ দাশ

হেলেদুলে মঞ্চে হাজির হচ্ছে একের পর এক শিশু। সবার পরনে নতুন পোশাক। তাই দেখে করতালিতে মিলনায়তন মুখর করে তুলেছেন দর্শকেরা। হাততালির ফাঁকে ফাঁকে তাঁদের মুঠোফোনের ক্যামেরাগুলোও কখন সচল হয়েছে, কে জানে! আলো-আধাঁরিতে কেবল ক্লিক ক্লিক শব্দ শোনা যাচ্ছে। নতুন পোশাকে নিজেদের রাঙানো এসব শিশু গ্রীষ্মের তপ্ত দিনে জানিয়ে গেল, সামনে আসছে খুশির দিন।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রামের পাঁচ তারকা হোটেল র‌্যাডিসন বে ভিউতে ‘সানসিল্ক-প্রথম আলো ঈদ ফ্যাশন প্রতিযোগিতার’ ঝলমলে আয়োজন ঈদের খুশির আগাম বার্তার কথাই বলে গেল। প্রতিযোগিতার ১৯তম আসর ছিল এবার। প্রথম আলো আয়োজিত চট্টগ্রামের সবচেয়ে বড় এই ফ্যাশন প্রতিযোগিতায় কেবল মডেলদের ছন্দময় ক্যাটওয়াক ছিল না। গান, নাচ মন ভরিয়েছে আমন্ত্রিত দর্শকদের। বর্ণিল এই আয়োজনে হাজির ছিলেন চিত্রনায়িকা মৌসুমী। অতিথিদের কথামালাতেও ছিল দেশীয় পোশাকের জয়বার্তা।

স্বাগতার উপস্থাপনায় ‘মম চিত্তে নিতি নৃত্যে’ গানের সঙ্গে প্রাপন একাডেমির মনোমুগ্ধকর সমবেত নাচের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী। তিনি বলেন, ‘বাংলাদেশ শীর্ষ পোশাক রপ্তানিকারক দেশগুলোর একটি। এ দেশের ডিজাইনাররা দিন দিন তাঁদের পোশাক নিয়ে বিশ্বের দরবারে হাজির হবেন—এই প্রত্যাশা আমাদের।’

এরপর শুরু হয় ফ্যাশন কিউ। প্রথমে ‘খ’ বিভাগের শাড়ি নিয়ে কিউতে আসেন ছয় তরুণী। এরপর সুরের তালে তালে একে একে ‘ক’ বিভাগের শাড়ি, পাঞ্জাবি, সালোয়ার-কামিজ, ফতুয়া, গাউনসহ নানা ধরনের পোশাক নিয়ে মঞ্চে আসেন মডেলরা।

অনুষ্ঠানে প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক বলেন, ‘চট্টগ্রাম আমাদের সংস্কৃতিতে আলো দেখিয়েছে। ব্রিটিশবিরোধী আন্দোলনেও এই চট্টগ্রাম পথ দেখিয়েছে। বিজয় মেলাসহ অনেক কিছুর জন্ম এই চট্টগ্রামে। প্রথম আলো ঢাকায় অনেক অনুষ্ঠান করে। কিন্তু এই ফ্যাশন প্রতিযোগিতাটি ১৯ বছর ধরে চট্টগ্রামেই হয়ে আসছে। চট্টগ্রাম বাংলাদেশকে পথটা দেখাচ্ছে।’

যা কিছু ভালো তার সঙ্গে প্রথম আলো উল্লেখ করে আনিসুল হক বলেন, প্রথম আলোর সাপ্তাহিক ক্রোড়পত্র নকশায় কখনো বিদেশি পোশাকের ছবি ছাপা হয় না।

কথার ফাঁকে ফাঁকে চলে গান, নাচ। ‘আমি রূপনগরের রাজকন্যা রূপের জাদু এনেছি’ গানের সঙ্গে সোহাগ ও তানজিন তিশার নৃত্যের তালে তালে মঞ্চে আসেন চলচ্চিত্র নায়িকা মৌসুমী। দর্শকদের উদ্দেশে শোনান তাঁর ছবির জনপ্রিয় গান ‘এখন তো সময় ভালোবাসার’। অবশ্য পুরো গান শেষ করার আগেই মৌসুমী বলেন, ‘যদি এই প্রতিযোগিতাটি নিয়মিত হয়, তাহলে আমাদের ডিজাইন ও ফ্যাশন আরও উন্নত হবে। এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের যোগ্যতা যাচাই করে সামনের দিকে এগিয়ে যেতে পারব আমরা।’

বেসরকারি টেলিভিশন চ্যানেল আর টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান দেশীয় পোশাক পরার আহ্বান জানিয়ে বলেন, তিনি নিজেও দেশীয় পোশাক পরেন।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সঙ্গী, সভ্যতা ও স্বাগতা। তিন ভাইবোনের সংগীত দর্শকদের মুগ্ধ করে। তাঁদের ‘চলো না ঘুরে আসি’ গানটির সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন হলভর্তি দর্শক। শিল্পীদের ছাপিয়ে শোনা গেছে দর্শকদের কণ্ঠ।

অনুষ্ঠানে সানসিল্ক ও রিজেন্ট এয়ারওয়েজের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই ফ্যাশন প্রতিযোগিতার প্রধান পৃষ্ঠপোষক সানসিল্ক। সহযোগী পৃষ্ঠপোষক রিজেন্ট এয়ারওয়েজ। প্রচার সহযোগী ছিল আর টিভি। রূপসজ্জা সহযোগী ছিল পারসোনা।

ফ্যাশন প্রতিযোগিতায় ১৩টি বিভাগে চট্টগ্রামের অর্ধশতাধিক ফ্যাশন হাউস অংশ নেয়। এর মধ্য থেকে বিচারকেরা সেরা পোশাকগুলোকে পুরস্কারের জন্য মনোনীত করেন। পোশাক বাছাইয়ের ক্ষেত্রে বিচারকের দায়িত্বে ছিলেন চিত্রশিল্পী আহমেদ নেওয়াজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটের পরিচালক শায়লা শারমিন, ফ্যাশন ডিজাইনার নূরে জান্নাত, বিজিএমইএ ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজির শিক্ষক সাদিয়া আলম ও ভোগ ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজির শিক্ষক জাহেদুল ইসলাম। অনুষ্ঠানে পুরো ফ্যাশন কিউয়ের কোরিওগ্রাফার ছিলেন বুলবুল টুম্পা।

পুরস্কার পেয়েছে যারা

শাড়ি ‘ক’ বিভাগে প্রথম হয় মেঘরোদ্দুর। দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে ডিজাইন বাই রুবিনা ও কালেকশন বুটিকস হাউস। শাড়ি ‘খ’ বিভাগে আলী’স ক্রিয়েশনস প্রথম, আমনা’স দ্বিতীয় ও মেঘরোদ্দুর তৃতীয় হয়েছে। শাড়ি ‘গ’ বিভাগে আব্রু পোশাকী ব্যাপার প্রথম, মেঘরোদ্দুর দ্বিতীয় ও সুঁইসুতা তৃতীয়।

পাঞ্জাবিতে প্রথম ও দ্বিতীয় হয়েছে আমনা’স। তৃতীয় ফ্যাশন হাউস জি। সালোয়ার-কামিজ ‘ক’ বিভাগে প্রথম হয়েছে কালার এনজেল। দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে মেঘরোদ্দুর ও আব্রু পোশাকী ব্যাপার। সালোয়ার-কামিজ ‘খ’ বিভাগে কালার এনজেল প্রথম, বাংলার কথা দ্বিতীয়, সুঁইসুতা তৃতীয় হয়েছে।

ছেলেদের ফতুয়াতে আব্রু পোশাকী ব্যাপার প্রথম, আলী’স ক্রিয়েশনস দ্বিতীয় ও জত্রীতা বুটিক তৃতীয় হয়েছে। মেয়েদের ফতুয়ায় আব্রু পোশাকী ব্যাপার প্রথম, আমনা’স দ্বিতীয় ও জত্রীতা বুটিক তৃতীয় হয়েছে। টি-শার্ট বিভাগে প্রথম হয়েছে ফ্যাশন হাউস জি। দ্বিতীয় আমনা’স। তৃতীয় পুরস্কার পেয়েছে জত্রীতা বুটিক।

গাউন বিভাগে প্রথম হয়েছে কালেকশান’স। দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে নীলাম্বরী ও যারীন’স ক্লোজেট। যুগল পোশাকে প্রথম আলী’স ক্রিয়েশনস। দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে কালার এনজেল এবং ফ্যাশন হাউস জি। ফিউশনে প্রথম হয়েছে মেঘরোদ্দুর, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে নীলাম্বরী ও আলী’স ক্রিয়েশনস।

শিশুদের পোশাক প্রথম হয়েছে কালেকশন বুটিকস হাউস ও সুলতানাস ড্রিম। দ্বিতীয় ও তৃতীয় হয়েছে এবি ক্রিয়েশন এবং কালার এনজেল। এবারের প্রতিযোগিতায় সেরাদের সেরা নির্বাচিত হন মেঘরোদ্দুর বুটিক হাউসের ডিজাইনার নাসরিন সরোয়ার।