তফসিল ঘোষণার পর থেকে চলছে জোরেশোরে গণসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনা পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে সম্ভাব্য মেয়র পদপ্রার্থীরা জোরেশোরে গণসংযোগ শুরু করেছেন। তাঁদের মধ্যে আওয়ামী লীগের পাঁচজন এবং বিএনপির একজন রয়েছেন। তাঁরা সামাজিক ও ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। বাড়ি বাড়ি গিয়েও কুশল বিনিময় করছেন, দোয়া চাচ্ছেন।

নির্বাচন কমিশন গত সোমবার এ পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। তফসিল অনুযায়ী, ৩১ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। আগামী ৩ জানুয়ারি মনোনয়নপত্র বাছাই করা হবে। ১০ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ৩০ জানুয়ারি ভোট নেওয়া হবে।

জেলা নির্বাচন কর্মকর্তা দিলীপ কুমার হাওলাদার বলেন, তফসিল হওয়ার পর প্রতীক বরাদ্দের আগপর্যন্ত কোনো প্রতীকের পক্ষে ভোট চাওয়া যাবে না। তবে সম্ভাব্য মেয়র পদপ্রার্থীরা বাড়ি বাড়ি গিয়ে দোয়া চাইতে এবং গণসংযোগ চালাতে পারবেন।

মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীরা হলেন বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য শাহাদাত হোসেন, একই কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল আহসান মহারাজ, সহসভাপতি হুমায়ুন কবির, সদস্য ও সাবেক মেয়র মো. শাহজাহান মিয়া এবং সাংগঠনিক সম্পাদক রইসুল আলম। বিএনপির একমাত্র মেয়র পদপ্রার্থী জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. হালিম।

আওয়ামী লীগের সূত্রে জানা যায়, গত মেয়র নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে শাহাদাত ও শাহজাহান বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। সেবার দলীয় মনোনয়ন পান কামরুল আহসান। এবার মেয়র পদে মনোনয়নের জন্য জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ওই পাঁচজনের নাম কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো হয়।
জেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা বলেন, যাঁরা গত নির্বাচনে নৌকার বিরোধিতা করে ভোট করেছেন, তাঁদের নাম কেন্দ্রে পাঠানো দুঃখজনক।

নেতা-কর্মীদের সূত্রে জানা গেছে, হালিম গতকাল বৃহস্পতিবার পৌর শহরের সোনাখালী, সুপারমার্কেট, ক্রোক ও সিনেমা হল এলাকায় গণসংযোগ করেন। বুধবার তিনি নেতা-কর্মীদের নিয়ে শহরে মিছিল করেছেন। তিনি বলেন, পৌর নির্বাচন সুষ্ঠু ও অবাধ হবে—প্রশাসনের প্রতি এই আস্থা আছে। সুষ্ঠু নির্বাচন হলে তিনি জয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

একই দিন কামরুল আহসান থানা পাড়াসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। তিনি বলেন, ‘আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন, কোনো বিদ্রোহীকে মনোনয়ন দেবেন না। গত নির্বাচনে তিনি আমাকে মনোনয়ন দিয়েছিলেন। আমি এবারও মনোনয়ন চাইব। নেত্রী এবারও আমাকে মনোনয়ন দেবেন বলে আশা করি।’
রইসুল আলম গতকাল সকাল থেকে পৌর এলাকার আমতলার পিটিআই ও ক্রোক সুইজ এলাকায় গণসংযোগ করেন। তিনি বলেন, ‘আমি কখনো দলের বিরোধিতা করিনি। আশা করি, নেত্রী এ বছর আমাকে মনোনয়ন দেবেন। তবে মনোনয়ন না পেলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব না।’

গত মঙ্গলবার শাহাদাত হোসেন বাজার রোড, খলিফা পট্টি, সিলভার পট্টিসহ বিভিন্ন এলাকায় ভোটারদের সঙ্গে কুশলবিনিময় করেন। তিনি বলেন, ‘এবার আমি শতভাগ আশাবাদী, মনোনয়ন পাব।’ দলীয় মনোনয়ন না পেলে নির্বাচন করবেন কি না—এমন প্রশ্নে তিনি এর উত্তর পরে দেবেন বলে জানান।

হুমায়ুন কবির ও শাহজাহান মিয়া বিভিন্ন এলাকায় ঘুরে গণসংযোগ করেন। বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেন।

হুমায়ুন বলেন, ‘বিগত পৌর নির্বাচনগুলোতেও দলীয় মনোনয়ন চেয়ে পাইনি। এবার প্রত্যাশা করছি, দল আমাকে মূল্যায়ন করবে।’ শাহজাহান বলেন, ‘দলের কাছে আমি মনোনয়ন চাইব। দল মনোনয়ন না দিলে নির্বাচন করব না। আমি দলের সিদ্ধান্তের প্রতি আস্থাশীল।’