তবু সুন্দরবনে কার্গো চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহাজডুবির পর ছড়িয়ে পড়া তেলে এখন হুমকিতে সুন্দরবনের জলজ প্রাণিকুল। কুমিরের অন্যতম বিচরণস্থল শ্যালা নদীর আন্ধারমানিক এলাকা। গতকাল দুপুরে কালো তেলে জড়িয়ে নিস্তেজ হয়ে পড়ে ছিল কুমিরটি  l ছবি: এহসান-উদ-দৌলা
জাহাজডুবির পর ছড়িয়ে পড়া তেলে এখন হুমকিতে সুন্দরবনের জলজ প্রাণিকুল। কুমিরের অন্যতম বিচরণস্থল শ্যালা নদীর আন্ধারমানিক এলাকা। গতকাল দুপুরে কালো তেলে জড়িয়ে নিস্তেজ হয়ে পড়ে ছিল কুমিরটি l ছবি: এহসান-উদ-দৌলা

তখন রাত প্রায় দুইটা। ভরা জোয়ারে দুকূল ছাপিয়ে শ্যালা নদীর পানি ততক্ষণে বনের ভেতর ঢুকে পড়েছে। অন্ধকার রাতে নিস্তব্ধ বনের ভেতর থেকে ভেসে আসা পোকামাকড়ের ডাক ছাড়া অন্য কোনো শব্দ নেই। এ পরিস্থিতিতে কনকনে শীতে ঘন কুয়াশার কারণে আন্ধারমানিক এলাকায় আটকে পড়া অবস্থায় দেখা গেল, বনের নিস্তব্ধতা ভেদ করে বিকট শব্দে একটি মালবাহী কার্গো ভেসে যাচ্ছে জয়মণিঘোলের দিকে।
প্রথম জাহাজের পর আরেকটি, তারপর আরও। এভাবে একে একে ১৭টি কার্গো প্রায় সারিবদ্ধভাবে এগিয়ে যেতে দেখা গেল সামনের দিকে। অথচ শ্যালা নদীতে তেলবাহী ট্যাংকারডুবির দুই দিনের মাথায় বাংলাদেশ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এ রুটে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের বাণিজ্যিক নৌযান চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল।
এ ব্যাপারে জানতে চাইলে মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর হাবিবুর রহমান ভূঁইয়া বলেন, ‘রাতের আঁধারে কোনো জাহাজ যদি শ্যালা নদী দিয়ে চলাচল করে থাকে, তাহলে অবশ্যই তা নির্দেশ ভঙ্গ। আমরা বিষয়টি কোস্টগার্ডকে জানাব।’
জাহাজ দেখতে পাওয়ার আট ঘণ্টা পর বেলা ১১টার দিকে আশপাশের কয়েকটি ছোট খাল ঘুরে আন্ধারমানিক থেকে মৃগমারীর দিকে আসতে চোখে পড়ল অন্য দৃশ্য। দূর থেকে প্রথমে দেখে মনে হচ্ছিল বনের মধ্যে কেউ রান্না চড়িয়েছে। কাছে গিয়ে বোঝা গেল, সংরক্ষিত এ বনের ভেতরেই নদী থেকে তুলে আনা তেল বিশাল একটি ডেকচিতে গরম করা হচ্ছে। আর জ্বালানি হিসেবে যে কাঠ সেখানে ব্যবহার করা হচ্ছে, তা ওই বন থেকেই কেটে আনা।
এর আগে গত রোববার সকাল আটটা থেকে দিন-রাত মিলিয়ে পরবর্তী ৩০ ঘণ্টা জয়মণিঘোল থেকে মৃগমারী, সেখান থেকে আন্ধারমানিক, তাম্বুলবুনিয়া, হরিণটানা, দুধমুখীসহ বনের ভেতরে জালের মতো ছড়িয়ে-ছিটিয়ে থাকা খালগুলোতে ঘুরে সেখানকার প্রাণ-প্রতিবেশের বিপন্ন অবস্থাই চোখে পড়েছে।
প্রায় দেড় শ কিলোমিটারের এ পথ পরিক্রমায় দেখা গেছে, এ জল-জঙ্গলের প্রাণ-প্রতিবেশের সঙ্গে সমানভাবে বিপন্ন হয়ে পড়েছেন সেখানকার বনজীবীরা। এ সময়ের মধ্যে বিভিন্ন জায়গার অন্তত ১০০ জন বনজীবী ও বন বিভাগের কর্মীদের সঙ্গে কথা হয়েছে এই প্রতিবেদকের। লোকায়ত জ্ঞান ও দীর্ঘ অভিজ্ঞতার আলোকে তাঁরা দিব্যি দেখতে পাচ্ছেন, ছড়িয়ে পড়া তেলের কারণে বিশ্ব ঐতিহ্যের অংশ সুন্দরবনের এ অংশটুকুর বিপদ সহজে কাটছে না। বরং সামনের দিনে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করছেন তাঁরা।
রোববার সকালে ভাটার সময় রওনা দিয়ে ৬০ কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়ে জয়মণিঘোল থেকে শ্যালা নদী ধরে হরিণটানা খাল পর্যন্ত পৌঁছাতে লাগল পাঁচ ঘণ্টার বেশি। এ সময়ের মধ্যে নদীতে কোনো ডলফিন ভেসে উঠতে দেখা যায়নি। এ পথের দুপাশে ১০টির বেশি হরিণের বিচরণস্থলে এখনো পাতলা তেলের স্তর। জোয়ারের সময় পলি পড়া জায়গাগুলোতে হরিণের পায়ের কোনো ছাপ নেই। এরই মধ্যে পর্যটকবাহী ছোট লঞ্চটির পাশ দিয়ে উড়ে যাওয়া একটি সাদা বকের বুকে দেখা গেল কালো তেলের ছোপ।
আন্ধারমানিকের বাঁকে চরে শুয়ে থাকা দুটি নির্জীব কুমিরের গায়েও তেলের ঘন আস্তরণ। এগুলো বাদে গোটা পথে কয়েকটি মাছরাঙা, একটি গুইসাপ ও বানর, দুটি করে বন্য শূকরের বাচ্চা আর ইগল বাদে অন্য কোনো প্রাণীর দেখা মিলল না। এর মধ্যে আন্ধারমানিকের কাছে সাথী-ভাই-২ ও সেভেন সিজ নামের দুটি কার্গো জয়মণির দিকে মুখ করে নোঙর করা অবস্থায় দেখা গেল।
বন বিভাগের হরিণটানা টহল ফাঁড়ির সদস্যদের একজন জানালেন, তেল ছড়িয়ে পড়ার আগে খালের ওপারে ভাটার সময় প্রচুর হরিণ ও বন্য শূকরকে পানি খেতে দেখা যেত। ঝাঁকে ঝাঁকে ডলফিন খেলা করত হরিণটানার মুখে। গত কয়েক দিন এর কোনোটিই তাঁরা সেখানে দেখেননি। একই সঙ্গে জানালেন, আগে জেলেরা প্রতিদিন তাঁদের কিছু মাছ দিয়ে যেতেন। এখন জেলেদের জালে মাছ নেই। গত কয়েক দিনে মাছের অভাবে তাঁরা শুধু ডাল আর আলুভর্তা দিয়ে ভাত খেয়েছেন।
স্থানীয় জেলেদের সঙ্গে বন বিভাগের এই কর্মীর বক্তব্যের মিল পাওয়া গেল। তাম্বুলবুনিয়া এলাকার ছোট একটি খালের মুখে মাছ ধরছিলেন শাহিনুর শেখ ও বাদল ইসলাম। শাহিনুর বললেন, ‘এ সময় চিংড়ি মাছ বাচ্চা ফুটায়। খালের মদ্যি যে রহম তেল ঢুকিছে, তাতে এ বছর মাছের বাচ্চা হবে নানে।’
সোমবার সকালে আন্ধারমানিকের আরুয়া বয়াচরের খালের মুখে হানিফ হাওলাদার বললেন, ‘পানিতে ত্যালের গোন্দ (গন্ধ)। এ দ্যাশ (এলাকা) দিয়ে মাছ-হরিণ-শুশু (শুশুক) সব পলাইছে। এ রহম একটা খাল ভাংলি আগে চাইর-পাঁচ হাজার টাকার মাছ পাতাম। এখন যা অবস্থা, তাতে পাসের পয়সাই উঠতিছে না।’
তাম্বুলবুনিয়ায় বন বিভাগের আরেক কর্মী তুললেন বন্য শূকরের প্রসঙ্গ। তাঁর ভাষ্য, ‘শুয়োরগুলো হতিছে জঙ্গলের লাঙল। ওরা মাটি খুঁইচে কন্দ খায়। সে জায়গায় বীজ পইড়ে গাছ হয়। পানি খাতি পারতিছে না, তাই এহানে শুয়োরও নেই।’
নৌপথ বন্ধের দাবি টিআইবির: সুন্দরবনের ভেতর দিয়ে নৌপথ স্থায়ীভাবে বন্ধের দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সুপারিশ এবং নাগরিক সমাজের দাবি প্রত্যাখ্যান করে নৌমন্ত্রী নৌপথ চালু রাখার যে ঘোষণা দিয়েছেন, সে ব্যাপারে গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে সংস্থাটি।
গতকাল এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, সুন্দরবনের মধ্য দিয়ে নৌপথ যে কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে, তার চাক্ষুষ প্রমাণ মিলেছে ফার্নেস তেলবাহী ট্যাংকার ডুবে যাওয়ার ঘটনা। সুন্দরবনের মধ্য দিয়ে যান্ত্রিক যান চলাচল জাতীয় ও আন্তর্জাতিক রীতিনীতি ও মানদণ্ডের লঙ্ঘন।