তবু সেরা সিধুলী প্রাথমিক বিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রকৃতির সঙ্গে শিক্ষার নিবিড় যোগের কারণে নয়, শ্রেণিকক্ষ কম থাকায় এভাবেই পাঠদান চলে সিধুলী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের। খোলা মাঠে, গাছের তলায় ক্লাস করেও দু–দুবার উপজেলার সেরা হয়েছে এই বিদ্যালয় l ছবি: প্রথম আলো
প্রকৃতির সঙ্গে শিক্ষার নিবিড় যোগের কারণে নয়, শ্রেণিকক্ষ কম থাকায় এভাবেই পাঠদান চলে সিধুলী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের। খোলা মাঠে, গাছের তলায় ক্লাস করেও দু–দুবার উপজেলার সেরা হয়েছে এই বিদ্যালয় l ছবি: প্রথম আলো

বিদ্যালয়ের দুটি পাকা ভবনে চারটি শ্রেণিকক্ষ। বেঞ্চ মাত্র ৩০ জোড়া। তাই ক্লাস হয় দিনে দুবারে (শিফট)। তার পরও শ্রেণিকক্ষে জায়গা হয় না। ফলে গাছের নিচে মাটিতে বসে চলে ক্লাস। অবশ্য বৃষ্টি হলে দুই ভবনেরই ছাদ চুইয়ে পানি পড়ে। তখন বাইরেও ক্লাস নেওয়ার সুযোগ থাকে না। এ জন্য বৃষ্টি মানেই ক্লাস বন্ধ। এটি নাটোরের গুরুদাসপুর উপজেলার ৩৪ নং সিধুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়। পড়ালেখায় দু-দুবার (২০১২ ও ২০১৪) উপজেলার সেরা প্রাথমিক বিদ্যালয়।
বিদ্যালয়ের খেলার মাঠটি সংস্কার হয় না দীর্ঘদিন। বিদ্যালয়ের সীমানাপ্রাচীর নেই। ফলে বিদ্যালয়সংলগ্ন এলাকায় গড়ে উঠেছে বাজার, ইউনিয়ন পরিষদ কার্যালয়, ভূমি অফিস ও প্রাণী প্রজননকেন্দ্র। মানে, চারপাশজুড়ে কোলাহল। আপাতদৃষ্টিতে শিক্ষার পরিবেশ নেই। তবু ভালো ফলাফল করছে বিদ্যালয়টি।
১৩ অক্টোবর বেলা সাড়ে ১১টায় গিয়ে দেখা গেল, স্কুলটির মাঠের উত্তর পাশের পুরোনো বট-পাকুড়তলায় তিন-চারটি দলে বিভিক্ত হয়ে মাদুর পেতে ক্লাস করছে তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থীরা। বিদ্যালয় ভবনের চার শ্রেণিকক্ষে তখন ঠাসাঠাসি করে বসে ক্লাস করছে ছাত্রছাত্রীরা।
চতুর্থ শ্রেণির ছাত্র রাজু, আমিনুল ইসলাম ও শিবলু জানায়, শ্রেণিকক্ষে জায়গা না হওয়ায় বৃষ্টির দিন ছাড়া প্রতিদিনই এভাবে গাছের ছায়ায় ক্লাস বসে। তবে সীমানাপ্রাচীর না থাকায় পাশের বাজারের লোকজনের কোলাহল পড়ালেখার মনোযোগ নষ্ট করে।
পাশেই তিনটি দলে বিভক্ত হয়ে বসেছে তৃতীয় শ্রেণির ক্লাস। শিক্ষার্থী সনিয়া, সাদিয়া ও তানিয়া জানায়, শ্রেণিকক্ষে জায়গা হয় না। বেঞ্চও কম। ঠাসাঠাসি করে বসার চেয়ে খোলা মাঠেই ক্লাস করতে ভালো লাগে তাদের। তবে তারা শ্রেণিকক্ষে নিরিবিলি পড়ার সুযোগ চায়।
২০০৮-০৯ অর্থবছরে এলজিইডির অর্থায়নে বিদ্যালয়টির একটি ভবন করা হয়। এতে আছে দুটি শ্রেণিকক্ষ। এর আগে ২০০০-০১ অর্থবছরে নির্মিত আরেকটি ভবনে দুটি শ্রেণিকক্ষ, একটি ছোট কিচেন ও একটি অফিসরুম আছে।
বিদ্যালয়টিতে ছাত্রছাত্রী আছে ৩৫২ জন। এর মধ্যে ১৯৩ জন ছাত্রী। ইসমত আরা বিদ্যালয়টির প্রধান শিক্ষক। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে সম্মানসহ মাস্টার্স ডিগ্রি করেছেন। তাঁর সঙ্গে আছেন আরও ছয়জন নারী শিক্ষক। তাঁদের নিরলস প্রচেষ্টায় অজপাড়াগাঁয়ের বিদ্যালয়টি শিক্ষা, ক্রীড়া-সাংস্কৃতিক ও ছবি আঁকার মতো সব প্রতিযোগিতায় কৃতিত্ব দেখিয়ে ২০১২ ও চলতি বছর উপজেলার শ্রেষ্ঠ বিদ্যালয়ের মর্যাদা লাভ করেছে।
উপজেলা সদর থেকে তিন কিলোমিটার দূরে ধারাবারিষা ইউনিয়নের সিধুলী গ্রামে জমিদারদের রেখে যাওয়া ২ দশমিক ২৯ একর জায়গার ওপর ১৯১৮ সালে স্কুলটি প্রতিষ্ঠিত হয়। এর প্রাঙ্গণজুড়ে আছে পুরোনো বট-পাকুড়, তেঁতুলগাছ, মন্দির, ঈদগাহ, কবরস্থান ও ইউনিয়ন পরিষদ কার্যালয়।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি আবদুল হালিম শেখ জানান, নানা সীমাবদ্ধতা থাকার পরও শিক্ষকদের নিরলস শ্রমের কারণে গ্রামের বিদ্যালয়টি দুবার উপজেলার সেরা বিদ্যালয়ের মর্যাদা লাভ করেছে। প্রয়োজনীয় সুবিধা পেলে এটি দেশের একটি মডেল বিদ্যালয় হতে পারে।
ধারাবারিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদুল মতিন বলেন, কেবল প্রধান শিক্ষকের দক্ষতা আর তাঁর নেতৃত্বে শিক্ষকদের দলগত প্রচেষ্টার কারণেই গ্রামের এই বিদ্যালয়টি উপজেলার সেরা হতে পেরেছে। তবে গাছের ছায়ায় ও মেঝেতে বসে পাঠদানের চিত্রটি হতাশাজনক।
ছাত্রছাত্রীরাও মনে করে, তাদের বিদ্যালয়টি সেরা হওয়ার নেপথ্য কারিগর প্রধান শিক্ষক ইসমত আরা। কারণ, তিনি যথাসময়ে স্কুলে আসেন। সব শিক্ষককে সময়মতো আসতে এবং ছুটি না হওয়া পর্যন্ত বিদ্যালয়ে থাকা নিশ্চিত করেন। শিক্ষার্থীদের উপস্থিতিও নিশ্চত করেন। শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে অভিভাবক ও মা-সমাবেশের মাধ্যমে সচেতনতা সৃষ্টি করেছেন। প্রায় সব অভিভাকের মুঠোফোন নম্বর সংরক্ষণ করা আছে বিদ্যালয়ে। একজন শিক্ষার্থী দুই-তিন দিন টানা অনুপস্থিত থাকলে মুঠোফোনে খোঁজখবর নেওয়া হয়। প্রয়োজনে প্রধান শিক্ষক নিজেই ছুটে যান শিক্ষার্থীর বাড়িতে।
শিক্ষকেরা জানান, বিদ্যালয়ে পড়া আদায় করা হয়। ভালো ফলাফল পেতে বছরজুড়েই চলে দলভিত্তিক শিক্ষা। এ ক্ষেত্রে ভালো ও অপেক্ষাকৃত দুর্বল শিক্ষার্থীদের সমন্বয়ে দল গঠন করা হয়।
নিয়মিত পাঠদানের বাইরে সপ্তাহের প্রতি বৃহস্পতিবার নিয়ম করে চলে ক্রীড়া-সাংস্কৃতিক ও ছবি আঁকার মতো প্রতিযোগিতা। জাতীয় সব দিবস পালন করা হয় উৎসবমুখর পরিবেশে। সহকারী শিক্ষক নুসরাত সুলতানা এসবের নেতৃত্বে থাকেন। এসব কাজে সহযোগিতা করে বিদ্যালয় পরিচালনা কমিটি।
স্বীকৃতি: দুবার সেরা বিদ্যালয় হওয়া ছাড়াও ২০১২, ২০১৩ ও চলতি বছরে ‘বঙ্গমাতা ফজিলাতুনন্নেছা মুজিব গোল্ডকাপ’ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে উপজেলা চ্যাম্পিয়ন, নাটোর জেলা চ্যাম্পিয়ন, ধারাবারিষা ইউনিয়ন পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপে রানারআপ হয়েছে সিধুলী প্রাথমিক বিদ্যালয়। ২০১২-১৩ সালে উপজেলা পর্যায়ে সেরা আঁকিয়ে পুরস্কার পেয়েছে বিদ্যালয়ের সায়মা ইসলাম। ২০১২ সালে পঞ্চম শ্রেণির ছাত্র মেহেদী হাসান মেধা যাচাই পরীক্ষায় সারা দেশে তৃতীয় হয়। সে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পুরস্কারও গ্রহণ করে।
প্রধান শিক্ষক ইসমত আরা জানান, তিনি ২০০৯ সালে এই বিদ্যালয়ে যোগ দেন। তাঁর বাবাও স্কুলশিক্ষক ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেও শিক্ষকতার বাইরে কোনো চাকরি খোঁজেননি। তিনি বলেন, ‘পুরস্কার পাওয়ার জন্য আমি কিছু করি না। এসব আমার কাজ।’ বিদ্যালয়ের সমস্যাগুলো নিয়ে চিন্তিত তিনি।
গুরুদাসপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বিদ্যালয়টির দৈন্যদশা জানিয়ে সংশ্লিষ্ট দপ্তরকে চিঠি দেওয়া হয়েছে। আশা করি, পর্যায়ক্রমে সব সমস্যার সমাধান হবে।’