তবুও আশায় বুক বাঁধেন, ছেলে তাঁর বুকে ফিরবে
নাজমা বেগমের দুঃখের দিন আর ফুরোয় না। তৃতীয় সন্তানের জন্মের দেড় বছরের মাথায় স্বামী অন্য জায়গার সংসার পাতেন। এরপর ১৫ বছর ধরে তিন সন্তানকে নিয়ে জীবনসংগ্রাম চালিয়ে আসছিলেন। অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে, পোশাক কারখানায় কাজ করে ছেলেদের পড়াশোনা করিয়েছেন। ছেলেরা পড়াশোনা করবে, বড় হবে। তাঁকে ভালো জায়গায় উন্নত চিকিৎসা করাবে। নিজেদের একটা মাথা গোঁজার ঠাঁই হবে। ছেলেদের সুদিন দেখে অতীত যন্ত্রণা ভুলবেন।
বুক চাপড়ে বিলাপ করে এমন সব স্বপ্ন আর সংগ্রামের কথা বলছিলেন নিখোঁজ কিশোর ইয়াসিনের মা নাজমা বেগম।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড কারখানায় অগ্নিকাণ্ডে কেবল ৫২ জনের মৃত্যু নয়, নাজমাদের মতো অনেকের স্বপ্নের মৃত্যু হয়েছে। বেঁচে থেকেও মৃত্যুর যন্ত্রণা পোহাচ্ছেন নিখোঁজ শ্রমিকদের স্বজনেরা। তাঁরা জানেন না, পুড়ে যাওয়া ভবন থেকে যেসব অঙ্গার হয়ে যাওয়া দেহ খুঁজে পাওয়া গেছে, সেখানে তাঁদের প্রিয়জন আছেন কি না।
মা, তোমার লাইগা একটা সুন্দর ঘর ভাড়া নিমু, দুই রুমের। এক রুমে তুমি আর আমি, আর এক রুমে বড় ভাইয়েরা থাকব।
নাজমারা থাকেন রূপগঞ্জের কর্ণগোপ ৫ নম্বর ক্যানেল এলাকার লালমিয়া মসজিদের পাশে। স্বামী ছেড়ে যাওয়ার পর তিন ছেলে নিয়ে অসহায় নাজমার দুঃখ দেখে তাঁরই দূর সম্পর্কের আত্মীয় নিজের জমিতে একচালা ঘর করে দিয়েছেন। জানালাহীন খুপরি ঘরে বিছানায় তিন ছেলেকে বুকে নিয়ে ঘুমান নাজমা। চলতি বর্ষায় বৃষ্টি আর পাশের এলাকার বিভিন্ন কারখানার পানি এসে এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। নাজমাদের ঘরেও পানি থই থই করে। সে ঘরে থাকতে মায়ের কষ্ট হয়। নিখোঁজের কিছুদিন আগেই ইয়াসিন তাঁর মাকে বলেছিল, ‘মা, তোমার লাইগা একটা সুন্দর ঘর ভাড়া নিমু, দুই রুমের। এক রুমে তুমি আর আমি, আর এক রুমে বড় ভাইয়েরা থাকব।’
ইয়াসিন মায়ের যন্ত্রণা ভোলাতে চেয়েছিল, মায়ের বুকে মাথা রেখে ঘুমাতে চেয়েছিল। সেই সন্তানের এমনভাবে নিখোঁজ হয়ে যাওয়া কোনোভাবেই মেনে নিতে পারেন না মা।
গতকাল শনিবার দুপুরে নাজমার সঙ্গে কথা হয়। ইয়াসিনের নিখোঁজ হওয়ার পর লাল মিয়া মসজিদ এলাকাতেই নিজের মায়ের বাড়িতে আছেন। সেখানে ভিড় করেন পাড়া–প্রতিবেশীরা। নাজমাকে সান্ত্বনা দিতে নতুন নতুন মানুষ আসে, নাজমার বিলাপ আরও বাড়ে। প্রতিবেশীরা নিজেদের মধ্যে বলাবলি করেন, ‘কতটা বছর খাইয়া না খাইয়া, রাস্তাঘাটে কাম কইরা পোলাগুলারে মানুষ করছে। এত অভাব, তবু পোলাগো কামে লাগায় নাই। জামাই গেছে, কত বিয়াশাদি আইছে, পোলাগো মুখে চাইয়া জীবন কাটাইয়া দিছে। হেই পোলা নিখোঁজ হইল ক্যামনে?’
নাজমাও বিলাপ করতে করতে সে কথাই বলেন, ‘আমার কত কষ্টের সন্তান। নিজে গার্মেন্টস কইরা এই তিন সন্তানরে মানুষ করছি। মাইনষের তো বাপে আনে, মায় রাইন্ধা দেয়, আমি তো কর্ম কইরা আইন্না সন্তানগো রাইন্ধা খাওয়াইছি। সকালে অফিসে গেলে ভাত খাইতে পারতাম না, তরকারি দিয়া ভাত খাওনের সময় নাই। পানি দিয়া ভাত গিল্লা খাইয়া গেছিগা। পেটের খিদা পেটে রইছে। পুতেগো লাইগা বল ভইরা রাইন্দা থুইয়া গেছি। বাবা, তোমরা ভাত খাইয়ো।’
নাজমার তিন ছেলের মধ্যে ইয়াসিন (১৭) সবার ছোট। রূপগঞ্জের একটি বেসরকারি কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র সে। ইয়াসিনের এক বছরের বড় ইব্রাহিমও উচ্চমাধ্যমিকে পড়েন। বাবা ছেড়ে যাওয়ার পর অভাবের কারণে বড় ভাই ইসমাইল (২৩) বিদ্যুতের কাজ শেখেন। মায়ের সঙ্গে সংসারের হাল ধরেন। কাজের পাশাপাশি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক শেষ করেছেন ইসমাইল। ছোট দুই ভাইকে বাবার যন্ত্রণা ভুলিয়ে ছিলেন ইসমাইল।
হাসেম ফুড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ইয়াসিনের নিখোঁজ হওয়ার পর ইসমাইলের আর্তনাদ দেখে প্রতিবেশীরা কেঁদেছেন। নিখোঁজের ৪৮ ঘণ্টা পর ইসমাইল শোকে পাথর হয়ে গেছেন। গলায় আর শব্দ আসে না, না খেয়ে থেকে শরীরেও বল নেই। এর মধ্যে ভাইকে খুঁজতে গিয়ে পুলিশের মার খেয়েছেন তিনি। পা ও হাতে পুলিশের ছররা গুলি লেগেছে। নিখোঁজ ভাইয়ের সন্ধানে সম্ভাব্য সব হাসপাতালে খুঁজেছেন তিনি।
ইয়াসিনের মা ও ভাইয়েরা বিশ্বাস করেন, ইয়াসিন এখনো জীবিত আছে। কারখানার দুজন শ্রমিক তাঁদের সে বিশ্বাস তৈরি করেছেন। বৃহস্পতিবার তাঁরা নাজমাকে বলেছেন, আগুন লাগার পর দুই হাত পোড়া অবস্থায় ইয়াসিনকে কারখানার বাইরে দেখা গেছে। তাঁকে গাড়িতে তোলা হচ্ছিল। এরপর থেকেই ছেলের পথ চেয়ে বসে আছেন। ইব্রাহিম বলেন, ‘ঢাকা ও নারায়ণগঞ্জের সব হাসপাতালেই খুঁজছি। ঢাকা মেডিকেল মর্গে এতগুলো পোড়া লাশ। মা ডিএনএ দিতে যান না। মায়ের আশা ইয়াসিন সুস্থ হয়ে ফিরে আসবে। পরে মাকে জোর করে ডিএনএ নমুনা দেওয়ানো হয়েছে।’
গতকাল বিকেলে পানি ভেঙে ইয়াসিনদের ডুবে যাওয়া ঘরটিতে গিয়ে দেখা যায়, তাঁর বইপত্র তাকে তুলে রাখা। জামাকাপড় রশিতে ঝোলানো। সেখান থেকেই একটি পাঞ্জাবি জড়িয়ে কাঁদেন বৃদ্ধা নুরজাহান। তিনি ইয়াসিনের নানি। মেয়ে কাজে চলে গেলে নাতিদের দেখাশোনা করেছেন তিনি।
ইয়াসিনের খাতা দেখতে দেখতে ইব্রাহিম বলেন, ইয়াসিনের স্বপ্ন ছিল লেখক হওয়ার। ইয়াসিন গান-কবিতা লিখত। স্কুলে অনেক বার পুরস্কার পেয়েছে সে।
পেছন থেকে কথা বলেন ইয়াসিনের খালা ফাহিমা। ‘ওর গানের গলাডা ভালা আছিলো। সময়–অসময়ে গলা ছাইড়া গান ধরত।’ কেউ জানে না ভবনটি পুড়ে যাওয়ার আগে ইয়াসিন মনের সুখে গান ধরেছিল কি না। নাকি ওই নরককুণ্ডে থেমে গেছে তার জীবনের গান।