তবে কি বিশ্ববিদ্যালয়ে পড়া হবে না রানার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলেও পড়াশোনার খরচ চালিয়ে যাওয়া নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন রানা মিয়া
ছবি: সংগৃহীত

শৈশবে স্বপ্ন ছিল বিজ্ঞান বিভাগে পড়ে চিকিৎসক হবেন। সংসারে অভাব-অনটনে তা হয়ে ওঠেনি। খরচের কথা ভেবে মানবিক বিভাগ বেছে নেন রানা মিয়া। স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে ভর্তির টাকা জোগাড়ে টিউশনির পাশাপাশি করেছেন জোগালির কাজ। উচ্চমাধ্যমিক পাসের পর ভর্তিযুদ্ধ উতরে পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ। কিন্তু অর্থাভাবের মধ্যে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া চালিয়ে যাবেন কীভাবে, সেই দুশ্চিন্তা পিছু ছাড়ছে না রানাকে।

প্রথম আলোকে রানা মিয়া বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে তো ভর্তি হয়েছি, কিন্তু আগামী দিনগুলোয় আমাকে টাকা দেওয়ার মতো সামর্থ্য পরিবারের নেই। কারণ, আমার বাবা দিনমজুরের কাজ করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলে সিট পেয়েছি। সেখানে থাকা-খাওয়ার খরচ, বই কেনাসহ পড়াশোনার খরচ চালানো নিয়ে দুশ্চিন্তায় আছি। টিউশনিই একমাত্র ভরসা। চট্টগ্রামে যাওয়ার পরপরই তো আর টিউশনি পাব না। এসব চিন্তায় এখন আমার দিন পার হচ্ছে।’

রানার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়নের বেলানগর গ্রামে। বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের স্নাতক প্রথম বর্ষের ছাত্র রানা। তবে ক্লাস শুরু না হওয়ায় বর্তমানে থাকেন গ্রামে। বাড়িতে টিউশনি করাচ্ছেন। তাতে টাকা খুবই কম।

রানার বাবা আইন উদ্দিন ও মা সুহেরা বেগম। আরও আছে দুই ভাই-বোন। সবাই গ্রামেই থাকেন। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আইন উদ্দিন। গ্রামে অন্যের জমিতে শ্রমিকের কাজ করেন। দৈনিক পান ৩০০ থেকে ৩৫০ টাকা। কোনো কোনো দিন কাজ থাকে না।

পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, অসংখ্য দিন না খেয়ে স্কুলে যেতে হয়েছে রানাকে। তবে অভাবের মধ্যেও রানা ছোটবেলা থেকে বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখতেন। সেই স্বপ্ন পূরণের জন্য নিজের পড়ার খরচ জোগাতে গ্রামের শিশুদের পড়িয়ে ২০১৮ সালে ভোলাচং উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগে অংশ নিয়ে জিপিএ-৪.৬১ এবং ২০২০ সালে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ থেকে এইচএসসিতে জিপিএ-৪.৫০ পেয়ে উত্তীর্ণ হন। এর আগে পিইসিতে বৃত্তি ও এসএসসিতে কুমিল্লা বোর্ড থেকে বৃত্তি পান রানা।

শিক্ষক ও এলাকার লোকজন সূত্রে জানা যায়, সংসারের অভাব-অনটনের জন্য বাবা আইন উদ্দিন অনেকবার রানার পড়াশোনা বন্ধ করে দিতে চেয়েছিলেন। সেলুনের কাজে দিতে চেয়েছিলেন। তবে অদম্য রানা হাল ছাড়েননি।

রানার পড়াশোনায় সহায়তার হাত বাড়িয়েছেন অনেকেই। কলেজে পড়ার সময় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফরম কেনা ও ভর্তি পর্যন্ত পাঁচ দফায় নবীনগর পৌরসভার মেয়র শিব শংকর দাস মোট ২৫ হাজার টাকা দেন। শিক্ষক ও স্থানীয় লোকজনের সহায়তায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফরম পূরণের টাকা জোগাড় হয়।

আর্থিক সমস্যার কারণে বিশ্ববিদ্যালয়ের কোচিং করতে পারেননি রানা। তখন গ্রামে ২০ থেকে ২৫ জন ছেলেমেয়েকে পড়ানো শুরু করেন। যে যত দিত, ততই নিতেন। সেই টাকা দিয়ে ভর্তি পরীক্ষার বই কিনে বাড়িতেই বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নেন। রানা বলেন, ‘টিউশনির জন্য ক্লান্তি লাগত। তখন মনে হতো আমাকে সামনে এগিয়ে যেতে হবে।’

রানার বাবা বলেন, ‘ছেলেটা অনেক কষ্ট করে এত দূর গিয়েছে। শিক্ষকসহ স্থানীয় অনেকেই তাকে সহায়তা করেছেন। যদিও আমার সামর্থ্য খুব কম, তবু আমি চাই তার পড়াশোনা চালিয়ে যাক। তার সামনের দিনগুলোয় পড়াশোনার খরচ চালানো নিয়ে দুশ্চিন্তায় আছি।’

মেয়র শিব শংকর দাস বলেন, ‘রানা পরিশ্রমী ও মেধাবী। সে আমার উপজেলার একটা গর্ব। পড়াশোনায় তার আর্থিক সংকট ছিল, জানতে পেরেছি। টাকার জন্য এটা মেধাবীর পড়াশোনা থেমে যেতে পারে না, বাধা হতে পারে না। বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ বিভিন্ন সময় তাকে সহায়তা করেছি। তার প্রতি শুভকামনা রইল। তার পাশে আমি আছি।’