তরুণ উদ্যোক্তার বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন, গরমে ৬০০ মুরগির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর সদর উপজেলার চন্দনপাট ইউনিয়নে বিল বকেয়া থাকার অভিযোগে এক তরুণ উদ্যোক্তার বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন করায় খামারের ৬০০ মুরগি মারা যাওয়ার অভিযোগ উঠেছে। এতে প্রায় দুই লাখ টাকা ক্ষতি হয়েছে বলে তরুণ উদ্যোক্তা হাসানুর রহমান জানান।

হাসানুর রহমানের বাড়ি সদর উপজেলার কাজীপাড়া গ্রামে। এ ঘটনায় আজ শুক্রবার বিকেলে হাসানুর রহমান বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। খামারের বিদ্যুৎ বিল বকেয়া না থাকার দাবিও করেছেন তিনি।

ওই লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ওই খামারে ২৪ হাজার টাকা বিদ্যুৎ বিল বকেয়ার অভিযোগে গতকাল বৃহস্পতিবার বিকেলে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের লোকজন এসে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এ সময় হাসানুর বাড়িতে ছিলেন না এবং তাঁকে অবগত না করেই সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করেছেন তিনি। পরে সন্ধ্যায় বাড়ি ফিরে তিনি খামারের বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন দেখেন। এ অবস্থায় আজ সকালে ঘুম থেকে ওঠে তিনি দেখেন, খামারে থাকা ৬০০ মুরগি গরম সহ্য করতে না পেরে মারা গেছে।

এ বিষয়ে হাসানুর রহমান বলেন, ‘খামারের কোনো বিদ্যুৎ বিল বকেয়া নেই। আগের সব বকেয়া পরিশোধ করে নতুন সংযোগ নিয়ে তিনি খামার গড়ে তুলেছেন। বিদ্যুৎ কার্যালয় থেকে অবগত না করেই সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এতে প্রায় দুই লাখ টাকা ক্ষতি হয়েছে। এখন পথে বসার উপক্রম আমার।’

রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২–এর মহাব্যবস্থাপক হারুন অর রশিদ বলেন, বিদ্যুৎ বিল বকেয়া না থাকার বিষয়টি সত্য নয়। লেজার বুকে তাঁর ২৪ হাজার টাকা বকেয়া রয়েছে। হিট লিস্টে নাম থাকায় হেড অফিসের নির্দেশনা অনুযায়ী সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে সদর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান জানান, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।