তরুণদের উদ্যোগ

কিশোরগঞ্জের ভৈরব পৌরসভা মর্যাদায় প্রথম শ্রেণির হলেও নাগরিক সুযোগ-সুবিধা পর্যাপ্ত নয়। শহরের প্রধান সড়কের পাশে গড়ে উঠেছে ময়লা-আবর্জনার স্তূপ। নেই সবুজের সমারোহ। শহরের বেশ কয়েকটি সড়ক দিয়ে দুর্গন্ধে হাঁটা দায় হয়ে পড়ছে। এ অবস্থায় কিছু তরুণ স্বেচ্ছাশ্রমে নিজ শহর পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নিয়েছেন। স্থানীয় শতাধিক তরুণ ক্লিন ভৈরব, গ্রিন ভৈরব নামে গতকাল সোমবার সকালে শহরে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছেন।
প্রথমে বঙ্গবন্ধু সরণি থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন পৌর মেয়র ফখরুল আলম। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক ঘুরে পৌর শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়।
এ সময় পৌর মেয়র বলেন, ‘অস্বীকার করার সুযোগ নেই, ভৈরব এখন নোংরা শহরে পরিণত হয়েছে। যেখানে-সেখানে আবর্জনা ফেলা হচ্ছে। আবর্জনার স্তূপ থেকে চারপাশে দুর্গন্ধ ছড়াচ্ছে।’ শহরের এই দুরবস্থার পেছনে নাগরিকদের অসচেতনতাকে দায়ী করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আল মামুন, ভৈরব প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জামান, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মনসুর প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে কর্মীরা সড়ক পরিচ্ছন্নতার কাজ শুরু করেন।
সামাজিক এই উদ্যোগের উদ্যোক্তা সাজ্জাদুর রহমান, জাহিদ রহমান, নবাব শাহরিয়ার, এমি, রাহাত, অর্পণ, বিশাল ও সাজু বলেন, তাঁরা মনে করেন সুস্থ ও স্বাভাবিক জীবন নিয়ে বেঁচে থাকতে হলে নিজ শহরে সবুজের সমারোহ থাকা জরুরি। তার চেয়ে জরুরি শহর পরিচ্ছন্ন থাকা। তাঁরা বলেন, প্রায়ই তাঁরা স্বেচ্ছাশ্রমে শহর পরিচ্ছন্নতার কাজ করে যাবেন। একই সঙ্গে নাগরিকদের সচেতন করার কাজও অব্যাহত থাকবে।