তরুণীকে উদ্ধারে যাওয়া পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ১৪
গাজীপুরের কাপাসিয়া উপজেলার নাকাশিনী এলাকায় শীতলক্ষ্যা নদীতে ডিজে আসরের নৌকা থেকে ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে অভিযানে যাওয়া পুলিশ ও তাদের বহনকারী নৌকার মাঝির ওপর হামলার ঘটনা ঘটেছে। ডুবিয়ে দেওয়া হয়েছে পুলিশকে বহনকারী নৌকাটি।
গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে শীতলক্ষ্যা নদীর সাফাইশ্রী ও নাকাশিনী ঘাট এলাকার মধ্যে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ বৃহস্পতিবার থানায় মামলা হয়েছে
কাপাসিয়া থানা-পুলিশ সূত্রে জানা যায়, রাত সাড়ে ১১টার দিকে পুলিশ ডিজে আসরের নৌকা থেকে মোট ১৪ জনকে গ্রেপ্তার করে। নৌকায় অবস্থান করা দুই তরুণী ও কয়েক এলাকাবাসী মুঠোফোন থেকে জাতীয় জরুরি সেবা নম্বরে (৯৯৯) ফোন দিলে পুলিশ ঘটনা যাচাই করতে গেলে তাদের ওপর হামলা করা হয়। নৌকায় অবস্থান করা দুই তরুণীর একজন ৯৯৯ নম্বরে কল করে নিজেদের নিরাপত্তাহীনতার কথা জানান। প্রায় একই সময় নৌকায় অশালীন আচরণ ও তীব্র শব্দে ডিজে গান বাজানোয় বিরক্ত হয়ে নদীর আশপাশের কয়েক বাসিন্দা জাতীয় জরুরি সেবা নম্বরের মাধ্যমে পুলিশের সঙ্গে যোগাযোগ করেন।
পুলিশের চার সদস্যের একটি দল কাপাসিয়ার সাফাইশ্রী এলাকায় শীতলক্ষ্যা নদীতে ছোট্ট নৌকা নিয়ে ঘটনা যাচাই করতে নৌকার কাছে যায়। এ সময় ডিজে আসরের নৌকা থেকে পুলিশের নৌকা লক্ষ্য করে কাচ–প্লাস্টিকের বোতলসহ বিভিন্ন ধাতব বস্তু নিক্ষেপ করা হয়। নৌকার আরও কাছে গেলে সেখান থেকে লগি দিয়ে পুলিশের নৌকায় অবস্থান করা পুলিশ সদস্যদের আঘাত করা হয়। এতে নৌকার মাঝি রফিকুল ইসলাম গুরুতর আহত হন। একপর্যায়ে ডিজে আসরের নৌকা দিয়ে আঘাত করে পুলিশকে বহনকারী নৌকাটি ডুবিয়ে দেওয়া হয়। পুলিশের চার সদস্যের মধ্যে তিনজন সাঁতরে পাড়ে ওঠেন। একজনকে স্থানীয় বাসিন্দার একটি ডিঙির মাধ্যমে উদ্ধার করা হয়। আহত মাঝির পায়ে বেশ জখম হয়েছে। তাঁকে রাতেই ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। আহত অপর পুলিশ সদস্য হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে কাজে ফিরেছেন।
কাপাসিয়ার সাফাইশ্রী এলাকার স্থানীয় কয়েক বাসিন্দা জানান, বড় ইঞ্জিনচালিত একটি নৌকায় ৩০-৪০ জনের একটি দল ভাসমান ডিজে আসর জমিয়ে ছিল। তারা রাতে উচ্চ শব্দে গানের সঙ্গে অশালীন নৃত্য করছিল। আশপাশের লোকজন বিরক্ত হয়ে বিষয়টি পুলিশকে জানান।
শীতলক্ষ্যা পাড়ের বাসিন্দা মো. মোস্তফা বলেন, শীতলক্ষ্যা নদীতে নৌকায় ভাসমান অবস্থায় এমন ডিজে আসর বসে প্রায়ই। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে উঠতি বয়সীরা নিরাপদ থাকবে।
অপর বাসিন্দা নজরুল ইসলাম বলেন, নদীর পাড়ে অনেক মসজিদ আছে। নদীতে উচ্চ শব্দে ডিজে গান চালালে মুসল্লিদের সমস্যা হয়। এ ছাড়া এ ধরনের অশালীন নৃত্যে শিক্ষার্থীরা প্রভাবিত হওয়ার আশঙ্কা আছে।
কাপাসিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান আজ সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘পুলিশের ওপর হামলা করা হয়েছে। নৌকা ডুবিয়ে দেওয়া হয়। এরপর ঘটনাস্থলে আমরা পৌঁছে নৌকাটিকে ধাওয়া করি। পরে শীতলক্ষ্যা নদীর নাকাশিনী ঘাট এলাকায় গিয়ে নওগাঁ থেকে ১৪ জনকে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে বাদী হয়ে এসআই সাজ্জাদ হোসেন মামলা করেন। আটক ব্যক্তিদের গ্রেপ্তার দেখিয়ে আজ কোর্টে পাঠানো হয়। ডুবে যাওয়া নৌকাটি এখনো উদ্ধার করা যায়নি। এটি উদ্ধার করার জন্য ডুবুরি দলের সঙ্গে কথা হয়েছে। শুক্রবার উদ্ধার অভিযান শুরু হবে।’