তরুণের সঙ্গে কিশোরীকে দেখে হুমকি, পরে ধর্ষণের চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধর্ষণচেষ্টা
প্রতীকী ছবি

কোচিং করতে গিয়ে বিদ্যালয়ের প্রবেশফটকে তালা ঝুলতে দেখে দশম শ্রেণির এক ছাত্রী (১৬)। পরে সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করছিল সে। এমন সময় পরিচিত এক তরুণ (২০) সেখানে গিয়ে তাকে কাছের চা–বাগানে বেড়াতে যাওয়ার প্রস্তাব দেন। তাঁরা দুজন বেড়াতে যাওয়ার সময় তাঁদের পিছু নেন আরেক তরুণ (২০)। একপর্যায়ে পেছনে থাকা তরুণ তাঁদের পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দেন। পরিচিত তরুণ এ সময় সটকে পড়লে ওই তরুণ কিশোরীকে ধর্ষণের চেষ্টা করেন।

আজ বুধবার মৌলভীবাজারের জুড়ী উপজেলায় এ ঘটনা ঘটে। দৌড়ে কিশোরী একটি বাড়িতে আশ্রয় নেয়। ওই বাড়ির সবাইকে সে ঘটনা খুলে বলে। তাদের কাছ থেকে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম, জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তীসহ বেশ কয়েকজন কর্মকর্তা ওই বাড়িতে যান। তাঁরা ছাত্রীকে অভয় দেন। এরপর ছাত্রীর মাকে খবর দিয়ে আনা হয়। পরে ছাত্রীকে মায়ের কাছে দেওয়া হয়।

ছাত্রীর মা বলেন, তিনি এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেবেন।

ওসি সঞ্জয় চক্রবর্তী আজ বেলা সাড়ে তিনটার দিকে প্রথম আলোকে বলেন, ঘটনায় জড়িত দুই তরুণকে প্রাথমিকভাবে শনাক্ত করা গেছে। তাঁরা বখাটে প্রকৃতির। তাঁদের আটকের জন্য বিভিন্নভাবে চেষ্টা চলছে।