তল্লাশিচৌকি এড়ানোর চেষ্টা, ট্রাকের ধাক্কায় নিহত মোটরসাইকেলচালক
মাদারীপুরের রাজৈরে পুলিশের তল্লাশিচৌকি দেখে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার সময় পণ্যবাহী ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ রোববার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের আমগ্রাম ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত ব্যক্তির নাম মো. বাবু মিয়া (২৮)। তিনি রাজৈর উপজেলার ব্যাপারীপাড়া এলাকার এস এম আবুল মিয়ার ছেলে। এ ঘটনায় তাঁর সঙ্গে মোটরসাইকেলে থাকা তায়েফ (১৭) ও তানজিল (১৮) গুরুতর আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজৈর বাসস্ট্যান্ড থেকে একটি মোটরসাইকেলে বাবু মিয়া, তায়েফ ও তানজিল মাদারীপুর সদরের দিকে যাচ্ছিলেন। বাবু মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। মোটরসাইকেলটি আমগ্রাম ব্রিজ এলাকায় পৌঁছালে হাইওয়ে পুলিশের তল্লাশিচৌকি দেখে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
এ সময় বিপরীত দিক থেকে আসা রাজৈরগামী একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটি মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই বাবু মারা যান। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে তায়েফ ও তানজিলকে গুরুতর অবস্থায় উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এ বিষয়ে হাইওয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাদিক বলেন, মোটরসাইকেলে চালকসহ তিনজন ছিলেন। তাঁদের কারও মাথায় হেলমেটও ছিল না। বেপরোয়া গড়িতে চলায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই একজন মারা গেছেন। আহত দুজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।