করোনাভাইরাস নিয়ন্ত্রণে ১৪ দিনের কঠোর বিধিনিষেধের তৃতীয় দিনেও ঢাকা-আরিচা মহাসড়ক হয়ে ঢাকায় ফিরছেন মানুষ। মহাসড়কের মানিকগঞ্জে বিভিন্ন স্থানে পুলিশের তল্লাশিচৌকিতে ছোট যানবাহনে আসা যাত্রীদের নামিয়ে দেওয়া হচ্ছে। তবু আটকে রাখা যাচ্ছে না তাঁদের। পায়ে হেঁটে তল্লাশিচৌকি এড়িয়ে কিছু দূর গিয়ে আবার রিকশা-ভ্যান ও ইজিবাইকে করে গন্তব্যের দিকে যাচ্ছেন কর্মস্থলগামী মানুষ।
আজ রোববার সকালে সরেজমিন দেখা গেছে, পাটুরিয়া ও আরিচা ঘাট থেকে সিএনজিচালিত অটোরিকশা, রিকশা, মোটরসাইকেল, রিকশা-ভ্যান ও ইজিবাইকে করে পথ ভেঙে ভেঙে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের দিকে আসছেন ঢাকায় কর্মস্থলগামী মানুষ। তবে বাসস্ট্যান্ড এলাকা পুলিশের তল্লাশিচৌকির আগে সদর উপজেলা পরিষদ চত্বরের পাশে এসব যানবাহন থেকে নেমে হেঁটে বাসস্ট্যান্ড এলাকার পূর্ব পাশে পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ের সামনে আসেন। এরপর সেখান রিকশা-ভ্যানসহ ছোট ছোট যানবাহনে নয়াডিঙ্গী পর্যন্ত যাচ্ছেন মানুষ।
সকালে ঢাকা-আরিচা মহাসড়কে পণ্যবাহী যানবাহনের পাশাপাশি সীমিতসংখ্যক ছোট ছোট যানবাহন চলাচল করতে দেখা গেছে। তবে পুলিশের চোখ ফাঁকি দিতে তল্লাশিচৌকির আগেই এসব যানবাহনের চালকেরা যাত্রীদের নামিয়ে দেন। তল্লাশিচৌকির কাছ দিয়ে চলাচলের সময় যাত্রীবহনকারী যানবাহনগুলোকে আটকে দেওয়া হচ্ছে। এসব যানবাহনের বিরুদ্ধে মামলা ও জরিমানা করা হচ্ছে।
পাবনার বেড়া উপজেলার আনসার সদস্য শরীফুল ইসলাম (৩২) ঢাকার ধামরাই উপজেলার সিরামিক তৈরির একটি কারখানায় নিরাপত্তা প্রহরীর কাজ করেন। শরীফুল জানান, ঈদ শেষে রোববার ভোরে গ্রামের বাড়ি থেকে কর্মস্থলে ফিরছিলেন। পাবনার কাজীরহাট থেকে ফেরিতে যমুনা নদী পার হয়ে সকাল আটটার দিকে মানিকগঞ্জের আরিচা ঘাটে আসেন। সেখান থেকে অপর এক আরোহীসহ ২০০ টাকা ভাড়ায় একটি মোটরসাইকেলে করে ঢাকা-আরিচা মহাসড়ক হয়ে মানিকগঞ্জ সদরের বাগজান পর্যন্ত আসেন। তবে সেখানে পুলিশের তল্লাশিচৌকিতে মোটরসাইকেলটিকে আটকে দেন দায়িত্বরত পুলিশ সদস্যরা। এরপর প্রায় তিন কিলোমিটার পথ হেঁটে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় আসেন।
সকাল ১০টার দিকে বাসস্ট্যান্ড এলাকায় শরীফুল ইসলাম বলেন, ‘আজকে সন্ধ্যা থেকে কারখানায় ডিউটি করতে হবে। না যেতে পারলে চাকরি না–ও থাকতে পারে। যত কষ্টই হোক কাজে ফিরতে হবে।’
পরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড তল্লাশিচৌকির পূর্ব দিকে কিছু দূর গিয়ে মহাসড়কের নয়াডিঙ্গী পর্যন্ত যেতে দর–কষাকষি করে একটি রিকশায় উঠে পড়েন। সঙ্গে আরেকজন যাত্রীও ছিল। কারণ, নয়াডিঙ্গীর পরেই বারবাড়িয়া এলাকায় আবারও পুলিশের তল্লাশিচৌকি।
এদিকে ঈদের পর রোববার ব্যাংকিং কার্যক্রম শুরু হওয়ায় মানিকগঞ্জ জেলা শহরে সকাল থেকে মানুষজনের আনাগোনা কিছুটা বেড়েছে। এ কারণে শহরের বিভিন্ন সড়কে রিকশা, রিকশা-ভ্যান ও মোটরসাইকেলও চলাচল করেছে। তবে দুপুরের পর শহরের রাস্তাঘাট অনেকটা ফাঁকা হয়ে যায়।
বেলা ১১টার দিকে দেখা গেছে, জেলা শহরের শহীদ রফিক সড়কে বিভিন্ন ব্যাংকে গ্রাহকের আনাগোনা। ব্যাংকগুলোর কার্যালয়ের নিচে সড়কে মোটরসাইকেলগুলো সারিবদ্ধভাবে রাখা হয়েছে। শহরের খালপাড়, গার্লস স্কুল রোডের অভিমুখ, বাজার সেতুসহ আরও কয়েকটি এলাকায় পুলিশের তল্লাশিচৌকিতে যাত্রী ও যানবাহনগুলোর চালক ও যাত্রীদের জেরার মুখে পড়তে হচ্ছে। যৌক্তিক কারণ ছাড়া রাস্তায় বের হওয়া গাড়িগুলোকে উল্টোপথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি মামলা ও জরিমানাও করা হচ্ছে।
জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) আবুল হোসেন গাজী বলেন, বিধিনিষেধের আওতাভুক্ত কোনো যানবাহন চলাচল করতে দেওয়া হচ্ছে না। কোনো যানবাহন চলাচল করলে জব্দ করা হচ্ছে। এসব যানবাহনের চালকের বিরুদ্ধে মামলা ও জরিমানা করা হচ্ছে।