তাঁতের খটখট শব্দে মুখর সরস্বতীপুর গ্রাম
গ্রামের সর্বত্র খটখট শব্দ। নারী-পুরুষ কারও দম ফেলার ফুরসত নেই। সবাই শীতবস্ত্র, গামছা ও তোয়ালে তৈরিতে ব্যস্ত। কেউ সুতা কাটছেন আবার কেউ হাত দিয়ে তাঁতযন্ত্র চালাচ্ছেন।
এই চিত্র জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়নের সরস্বতীপুর গ্রামের। এ গ্রামের বাসিন্দা সবাই পেশায় তাঁতশিল্পের কারিগর। শীত মৌসুম এলেই এখানকার লোকজনের কর্মব্যস্ততা বেড়ে যায় দ্বিগুণ।
উপজেলা সদর থেকে গ্রামটির দূরত্ব প্রায় ২৫ কিলোমিটার। তিলকপুর ইউনিয়নের পরিষদ (ইউপি) থেকে পাঁচ কিলোমিটার পূর্ব-দক্ষিণ কোণে গ্রামটির অবস্থান। বংশানুক্রমে এ গ্রামের সবাই তাঁতশিল্পের সঙ্গে জড়িত। বহু প্রতিকূলতার মধ্যেও বাপ-দাদার এ পেশা ধরে রেখেছেন তাঁরা।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, গ্রামের ৮০ বছরের বৃদ্ধ থেকে ১৬ বছরের কিশোরী পর্যন্ত কেউই বসে নেই। শীতবস্ত্র তৈরিতে সবাই ব্যস্ত। কেউ সুতা বাছার কাজ করছেন, কেউ বা হাত দিয়ে তাঁতযন্ত্র টেনে কম্বল, চাদর, গামছা ও তোয়ালে তৈরি করছেন। গ্রামের প্রতিটি বাড়ি থেকে তাঁতযন্ত্রের খটখট শব্দ ভেসে আসে।
ফাতেমা বেওয়া (৮০) তাঁর বাড়ির উঠানে বসে সুতা বাছার কাজ করছিলেন। পাশেই তাঁর বড় ছেলে আবদুস সামাদ (৬৫) তাঁতে কম্বল তৈরি করছিলেন। পাশের বাড়ির উঠানে বসে গৃহবধূ সুফিয়া খাতুন তাঁতে চাদর বুনছিলেন। তাঁরা দম ফেলার ফুরসত না পেলেও তাঁদের চোখে-মুখে আনন্দের ঝিলিক।
গ্রামবাসী সূত্র জানান, এ গ্রামে প্রায় দুই হাজার লোকের বাস। ভোটারের সংখ্যা সাড়ে সাত শর বেশি। জায়গা-জমি থাকলেও গ্রামের বাসিন্দা সবারই মূল পেশা তাঁতশিল্প। এ পেশা তাঁদের বংশানুক্রমে পাওয়া। সারা বছরই তাঁদের পেশা সচল থাকে। শীত মৌসুম এলে কর্মব্যস্ততা দ্বিগুণ বেড়ে যায়। বিদ্যুৎ না থাকায় রাতের বেলা কাজ করতে পারেন না। কাঁচা রাস্তার কারণে যানবাহনও আসতে চায় না। বর্ষা মৌসুমে কাঁচা রাস্তাটি কর্দমাক্ত হয়ে পড়ে। তখন বাড়ির বাইরে যাওয়া কঠিন হয়ে যায়।
গ্রামের বাসিন্দা আবদুস সালাম (৬৫) বলেন, ‘আমরা চরম অবহেলিত। উপজেলার কোনো গ্রামেই আমাদের মতো এত তাঁতশিল্প নেই। তার পরও আমরা বিদ্যুৎ ও ভালো রাস্তা পাচ্ছি না।’
হামিদুর রহমান জানান, ভোটের সময় এলে জনপ্রতিনিধিরা উন্নয়নের আশ্বাস দেন। ভোটের পর তাঁরা আর খোঁজখবর নেন না।
গ্রামের বাসিন্দা ও তিলকপুর ইউপির সদস্য মাজেদুল ইসলাম জানান, ভালো রাস্তা না থাকায় ক্রেতারা এ গ্রামে আসতে চান না। বিদ্যুৎ না থাকায় তাঁতশিল্প বাধাগ্রস্ত হচ্ছে।
তিলকপুর ইউপি চেয়ারম্যান আজাহার আলী বলেন, এ ইউনিয়নের সরস্বতীপুর গ্রামের বাসিন্দাদের শতভাগই তাঁতশিল্পের সঙ্গে জড়িত। গ্রামটিতে চলাচলের একটি পাকা রাস্তা নির্মাণ ও বিদ্যুৎ-সংযোগের জন্য চেষ্টা করা হচ্ছে।