তাঁদের স্মরণ করি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ জুলাইয়ের বিভীষিকাময় রাতে জঙ্গিদের নিষ্ঠুরতার শিকার হয়েছিলেন চার দেশের ২০ জন নাগরিক। তাঁদের মধ্যে তিনজন বাংলাদেশি।
ফারাজ আইয়াজ হোসেন
ফারাজ আইয়াজ হোসেন

ফারাজ আইয়াজ হোসেন
ফারাজ যুক্তরাষ্ট্রের আটলান্টার ইমোরি ইউনিভার্সিটির ছাত্র ও স্টুডেন্টস অ্যাকটিভিটিজ কমিটির (এসএসি) প্রধান ছিলেন। তিনি ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী লতিফুর রহমান ও শাহনাজ রহমানের দৌহিত্র এবং সিমিন হোসেন ও ওয়াকার হোসেনের ছেলে। সবাই আদর করে ‘ছোট্ট’ বলে ডাকতেন। বাড়ির সর্বকনিষ্ঠ এই সদস্য বন্ধুদের জন্য জীবন দেন গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয়। সারা বিশ্বে ফারাজ আইয়াজ হোসেন এখন ‘বন্ধুত্বের’ অন্য নাম।

ইশরাত আখন্দ
ইশরাত আখন্দ

ইশরাত আখন্দ
ইশরাত জেডএক্সওয়াইয়ের মানবসম্পদ বিভাগের পরিচালক ছিলেন। কাজ করেছেন বিজিএমইএ, ওয়েস্টিন হোটেল, গ্রামীণফোন ও ব্র্যাকনেটে। সাহিত্য-শিল্প-চিত্রকলার বিকাশে কাজ করেছেন। ইনস্টিটিউট অব এশিয়ান ক্রিয়েটিভসের উদ্যোক্তাদেরও একজন তিনি। হাসি-খুশি বন্ধুবৎসল ইতিবাচক মানুষ ছিলেন। ফেসবুকে সব স্ট্যাটাস শুরু হতো, ‘আজ আমি এত খুশি যে...’ এই বলে। বিদেশি কয়েকজন ক্রেতাকে নিয়ে গিয়েছিলেন গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয়। জঙ্গিরা তাঁর মাথায় আঘাত করেছিল। সে আঘাতেই মৃত্যু।

অবিন্তা কবীর
অবিন্তা কবীর

অবিন্তা কবীর
যুক্তরাষ্ট্রের আটলান্টার ইমোরি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ছিলেন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস অ্যাকটিভিটিজ কমিটির (এসএসি) প্রধান। বাংলাদেশি বংশোদ্ভূত এই মার্কিন নাগরিক সুযোগ পেলেই ছুটে আসতেন ঢাকায় মায়ের কাছে। ১ জুলাই গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় বন্ধুদের সঙ্গে খেতে গিয়েছিলেন। জঙ্গিরা রেস্তোরাঁর ভেতরে যে হত্যাযজ্ঞ চালায় তার প্রথম পর্বেই নিহত হন অবিন্তা।

নিহত ৭ জাপানি: নাকা হিরোশি, সাকাই ইউকু, কুরুসাকি নুবুহিরি, ওকামুরা মাকাতো, শিমুধুইরা রুই, হাসিমাতো হিদেকো ও কোয়ো ওগাসাওয়ার।
নিহত ৯ ইতালীয়: নাদিয়া বেনেদিত্তো, ভিনসেনজো দ আলেস্ত্রো, ক্লদিও মারিয়া দান্তোনা, সিমোনা মন্টি, মারিয়া রিবোলি, আডেলে পুগলিসি, ক্লদিও চাপেলি, ক্রিস্টিয়ান রোসিস ও মারকো তোনডাট।
নিহত ১ ভারতীয়: তারিশি জৈন