তাঁরা এখন ‘খেয়া নৌকার মাঝি’

সড়ক, গ্রাম পুরোটাই এখন হাকালুকি হাওরের অংশ। অথই পানিতে ভাসছে চারদিক।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যাত্রীর অপেক্ষায় বসে থাকা খেয়ানৌকা। গত মঙ্গলবার বিকেলে মৌলভীবাজারের কুলাউড়া-নবাবগঞ্জ সড়কের ফরিদপুরে
প্রথম আলো

নবাবগঞ্জ-কুলাউড়া সড়কের হাকালুকি হাওরপারের অনেক স্থানই পানিতে তলিয়ে আছে। চাকার পুরোটা ডুবে যায় না, এ রকম স্থান পর্যন্ত কিছু গাড়ি চলাচল করছে। এরপর সড়ক, গ্রাম পুরোটাই এখন হাকালুকি হাওরের অংশ। অথই পানিতে ভাসছে চারদিক।

এ সড়কটি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা সদর থেকে হাকালুকি হাওরের ভুকশিমইল ইউনিয়নের দিকে চলে গেছে। নবাবগঞ্জ ভুকশিমইলে হাওরপারের একটি বড় গ্রামীণ বাজার।

গত মঙ্গলবার বিকেলে নবাবগঞ্জ-কুলাউড়া সড়কের কাদিপুর ইউনিয়নের ফরিদপুরে দেখা গেল, সড়কের সঙ্গে পাঁচ-সাতটি নৌকা ভেড়ানো। তাতে অনেকটা অলস সময় পার করার মতো এক–দুজন করে বসে আছেন। সড়কেও দাঁড়িয়ে কয়েকজন। এসব নৌকাই খেয়া পারাপারের, যাত্রীর অপেক্ষায় বসে। তবে এটি কোনো খেয়াঘাট নয়। বন্যার পানি স্থানটিকে খেয়াঘাট বানিয়েছে। অন্য পেশার লোকদের বানিয়েছে খেয়া নৌকার মাঝি।

এ রকমই একজন জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমি রাজমিস্ত্রির কাজ করতাম। বন্যা অওয়ায় (হওয়ায়) এখন কোনো কামকাজ নাই। একটা কিছু করি খাইতাম অইবো তো (হবে তো)। অও (তাই) ভাড়ায় নৌকা আনছি (এনেছি)। অখন (এখন) সকাল থাকি রাইত (রাত) পর্যন্ত নৌকা চালাই।’

জসিম উদ্দিনের বাড়ি কুলাউড়ার কাদিপুর ইউনিয়নের ভাগমতপুরে। এটি হাওরপারের একটি গ্রাম। এ গ্রামসহ আশপাশের এলাকায় পানি এসেছে প্রায় মাসখানেক। কিন্তু রাস্তাঘাট ডুবেছে, বাড়িঘরে পানি উঠেছে ১০ থেকে ১২ দিন। রাস্তাঘাট ডোবার পর থেকেই বেকার। আয়রোজগার না হলে তো সংসার চলে না। যৌথ পরিবারে সদস্য ১৬ জন। বন্যায় পাঁচ ভাইয়ের সবাই বেকার হয়ে আছেন। উপায় না দেখে ছয়-সাত দিন ধরে খেয়া নৌকার মাঝি হয়েছেন। সকালে লগি ঠেলে নৌকা নিয়ে বের হন। গ্রাম থেকে আসেন ফরিদপুরের অস্থায়ী খেয়াঘাটে। খেয়াঘাট ও গ্রামের মধ্যে রাত ১১টা পর্যন্ত যাত্রী পারাপার করেন। এতে দিনে ৪০০-৫০০ টাকা আয় হয়, তা দিয়েই সংসার জোড়াতালি দেন। ভুকশিমইল এলাকার একজনের কাছ থেকে মাসিক আট হাজার টাকায় নৌকা ভাড়া এনেছেন। একদম হাকালুকি-সংলগ্ন এলাকা ভুকশিমইল। সেই এলাকার অনেকেরই দুই-তিনটা নৌকা আছে। এই সুযোগে তাঁরা ভাড়া দিয়ে বাড়তি কিছু টাকাও আয় করছেন। একটি নৌকার ভাড়া মাসে পাঁচ হাজার থেকে নয় হাজার টাকা।

জসিম উদ্দিন বলেন, ‘এখানো (খেয়াঘাটে) যারারে দেখরা, এরা সবাই কর্মজীবী। পানিয়ে এরারে (মাঝিদের) বেকার বানাইছে, নৌকার মাঝি বানাইছে।’

এখানেই কথা হয় শিমুল আহমদ, আবদুল কাইয়ুমসহ আরও কয়েকজনের সঙ্গে। তাঁরা সবাই এখন খেয়া নৌকার মাঝি। কিন্তু এটা তাঁদের কারোরই পেশা নয়। পেশায় তাঁরা কেউ হচ্ছেন রাজমিস্ত্রি, কেউ কৃষক, কেউ পাওয়ার টিলারের চালক, কেউ করাতকলের চালক।

স মিল (কাঠ চেরাইয়ের কল) চালক কর্নেল আহমদ প্রথম আলোকে বলেন, ‘পানি আওয়ায় (আসায়) স মিল বন্ধ। জমিনে, সড়কে গলাপানি। পাঁচজনের সংসার। খাইমু কিতা (খাবো কী)। এখন নৌকা চালাই। গ্রামের মানুষরে আনা-নেওয়া করি।’ তিনি জানিয়েছেন, তিনি চার-পাঁচ দিন ধরে নৌকা চালান। ছয় হাজার টাকায় এক মাসের জন্য নৌকা ভাড়া নিয়েছেন।

সুলেমান আহমদ বলেন, ‘মানুষ সব দিন ঘরবাড়ি থাকি (থেকে) বাইর অয় (বের হয়) না। মানুষ বাইর অইলে (হলে) খরচাপাতি বাদ দিয়া ৩০০-৪০০ টাকা টিকে।’ তাঁদের মতো বিভিন্ন পেশার ১০ থেকে ১২ জন আছেন। যাঁরা এখন নৌকা ভাড়া নিয়ে খেয়া পারাপার করে জীবন বাঁচানোর চেষ্টা করছেন।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, কাদিপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের তিলকপুর, গুপ্তগ্রাম, ভাগমতপুর ও মাইনতাম গ্রাম ৮ থেকে ১০ দিন ধরে পানির তলে। এই চার গ্রামে অনন্ত ৫০০ পরিবার পানিবন্দী। অনেকের ঘরে পানি উঠেছে। অনেকে আত্মীয়স্বজনের বাড়িতে চলে গেছেন। কিছু বাড়িতে শুধু পরিবারের এক–দুজন সদস্য বসবাস করছেন।

গুপ্তগ্রামের শাহাব উদ্দিন প্রয়োজনে বাড়ি থেকে সকালে বেরিয়েছিলেন। সন্ধ্যায় বাড়ি ফিরতে ফরিদপুরের অস্থায়ী খেয়াঘাটে আসেন। তাঁর সঙ্গে দুপ্রস্থ কাপড়। বাড়ি থেকে বেরিয়ে কোমরসমান পানি ভেঙে নৌকায় উঠেছিলেন। এরপর শুকনা কাপড় পরেন। এখন আবার নৌকা থেকে নেমে একইভাবে ঘরে ফিরবেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘ঘরের মইদ্যে (মধ্যে) এক-দুই ইঞ্চি পানি। পরিবারের সবাইরে আত্মীয়বাড়ি পাঠাই দিছি। বাড়িতে অনেক সাপ। শুধু আমি থাকি।’ তিনি জানিয়েছেন, এক দিন খিচুড়ি ও চিড়া-মুড়ি পেয়েছিলেন। সরকারি কোনো ত্রাণ পাননি।

ফরিদপুর গ্রামের কলেজশিক্ষার্থী রিমন আহমদ প্রথম আলোকে বলেন, ‘এখানে (ফরিদপুর) কোনো খেয়াঘাট ছিল না। অনেক দিন পর এত পানি হয়েছে। এই প্রথম এখানে খেয়াঘাট হয়েছে। পানি নামলে আর থাকবে না।’

কাদিপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মো. হারুণ মিয়ার সঙ্গে ওই খেয়াঘাটেই দেখা। হারুণ মিয়া বলেন, ‘অনেকের ঘরে হাঁটুপানি। চুলায় পানি, বাথরুমে পানি। নলকূপ ডুবানো। বিশুদ্ধ পানি নাই। অনেকের ঘরে ধান আছে। কিন্তু ধান কুটাতে (ধান থেকে চাল করা) পারছে না। কেউ বাজারে যেতে পারছে না। সরকারি ত্রাণ কম। সরকারি ত্রাণ আশ্রয়কেন্দ্রে বেশি দিচ্ছে। গ্রামে যারা আছে, তারা কম পাচ্ছে। তবে দানশীল মানুষ ত্রাণ দিয়ে অনেক সাহায্য করছে। যে কারণে কেউ ত্রাণ পাচ্ছে না, এমন না।’ তিনিসহ অন্যরা জানান, অনেক বছর ধরে এত পানি হয়নি। ২০০৪ সালে বেশি পানি হয়েছিল। তখনো এত পানি ছিল না।