বিশ্ব ভালোবাসা দিবস
তাঁরা বিপন্ন বন্য প্রাণীর বন্ধু
কোথাও কোনো প্রাণী ধরা পড়লে, আক্রান্ত বা বিপদগ্রস্ত হলে যাতে তাড়াতাড়ি উদ্ধারের ব্যবস্থা করা হয়।
বিপন্ন প্রাণী উদ্ধার করে প্রকৃতিতে ফিরিয়ে দেওয়া তাঁদের নেশা। তাঁদের একজন বন্য প্রাণীর ছবি তোলেন। ছবি তুলতে তুলতেই বন ও বনের প্রাণীর মায়ায় পড়েন। আরেকজন উদ্ধার করা প্রাণী শুশ্রূষা দিয়ে ফিরিয়ে দেন বনে।
একজন বন্য প্রাণীর আলোকচিত্রী খোকন থৌনাউজম ও অন্যজন বন্য প্রাণী উদ্ধারকারী সোহেল শ্যাম। দুজনই মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বাসিন্দা। আগে থেকে পরিচয় থাকলেও কাজ করতেন আলাদা। ছবি তোলার ও বিপন্ন বন্য প্রাণী উদ্ধারের কাজ করতে গিয়েই তাঁদের সম্পর্কের সেতুটা নিবিড় হয়।
প্রাণীর প্রতি সহিংসতা রোধ, সুরক্ষা ও সংরক্ষণে কাজ করার উদ্দেশ্যে ২০১৯ সালে তাঁরা গড়ে তোলেন বন্য প্রাণী সংরক্ষণ ও উদ্ধারের স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্ট্যান্ড ফর আওয়ার এনডেঞ্জার্ড ওয়াইল্ড লাইফ (এসইডব্লিউ/সিউ) ’। সংগঠনটি এ পর্যন্ত ১২৬টি বিভিন্ন প্রজাতির বন্য প্রাণী উদ্ধার করে মুক্ত করেছে।
এ দুই বন্য প্রাণীপ্রেমী জানান, সিউ গঠনের পেছনেও আছে বন্য প্রাণী উদ্ধারের ঘটনা। বছর তিনেক আগে শ্রীমঙ্গলের মৌলভীবাজার সড়কের একটি কমিউনিটি সেন্টারের সামনে একজন ডাহুক পাখি বিক্রি করছেন বলে খবর পান খোকন থৌনাউজম। তিনি সোহেল শ্যামকে তথ্যটি জানান। এরপর দুইজনে মিলে বিপন্নপ্রায় সেই ডাহুক পাখিদের উদ্ধার ও মুক্ত করেন। তখনই তাঁদের ভাবনায় আসে কাজটাকে আরও বহু মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার। প্রাণীর প্রতি ভালোবাসা ও সচেতনতা তৈরির। কোথাও কোনো প্রাণী ধরা পড়লে, আক্রান্ত বা বিপদগ্রস্ত হলে যাতে তাড়াতাড়ি খবর মেলে এবং উদ্ধারের ব্যবস্থা করা যায়, সেই লক্ষ্য থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি মেসেঞ্জার গ্রুপের সূচনা। সেই গ্রুপই এখন সিউ নামে কাজ করছে।
তাঁরা আরও জানান, সিউর কোনো প্রথাগত কমিটি নেই। বন্য প্রাণী উদ্ধারকাজে তাঁরা দুইজনসহ আরও কয়েকজনের একটি দলই ছোটাছুটি করেন। এই দলের অন্যরা হলেন সংগঠনের সদস্য বন্য প্রাণী আলোকচিত্রী কাজল হাজরা ও নির্ঝর দাশ, পরিবেশকর্মী সৌরভ প্রসাদ সোম, পিয়াস দাশ ও অদ্রি বর্মণ। সিউ গঠনের পর উদ্ধার করা বন্য প্রাণীর মধ্যে রয়েছে কালো চোখের ধূসর ফণিমনসা, অজগর, পদ্মগোখরা, দাঁড়াশ, ঘরগিন্নি সাপ, কাছিম, ময়না, টিয়া, ঘুঘু, হলদে পা হরিয়াল, প্যাঁচা, গো বক, কানিবক, ভুবনচিল, শঙ্খচিল, ছোট ডুবুরি, শকুন, কোড়া, পাতিসরালি, কাঠঠোকরা, কালামাথা নিশিবক, কালা বগলা।
সোহেল শ্যাম প্রথম আলোকে বলেন, ‘নিজস্ব সোর্সের মাধ্যমে আমরা তথ্য পাই। বন্য প্রাণী উদ্ধারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কল আসে। এ ক্ষেত্রে নিজেরা যেতে না পারলে তাৎক্ষণিকভাবে বন বিভাগ ও ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিটকে জানিয়ে দিই। প্রাণীর প্রতি ভালোবাসা আসলে নিজেদের একটা দায়বোধ থেকেই।’ তিনি আরও বলেন, ‘অনেক প্রজাতির প্রাণী এখন পৃথিবী থেকে বিলুপ্ত। নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে বন্য প্রাণীর সুরক্ষা ও সংরক্ষণ দরকার। সে জন্য সিউ পাখিশিকারিদের ধরতেও অভিযানে যায়। ফাঁদ উদ্ধার অভিযানে বন বিভাগের সঙ্গে অংশগ্রহণ করে। বন্য প্রাণিবিষয়ক জনসচেতনতামূলক কার্যক্রম করে থাকে। করোনাকালীন বিধিনিষেধে আমাদের সংগঠন পথকুকুরকেও খাবার দিয়েছে। কমলগঞ্জের কুরমা চা-বাগানের ছনখলা নামে একটা জায়গাকে সংরক্ষিত করার জন্য উদ্যোগ নিয়েছি আমরা। সেখানে বেশ কয়েক প্রজাতির বন্য প্রাণীর দেখা মিলেছে।’
খোকন থৌনাউজম প্রথম আলোকে বলেন, ‘অনেক সময় মাঝরাতে বেরিয়ে পড়তে হয়। পরিবার এখন মানিয়ে নিয়েছে। এই কাজে বন বিভাগ প্রচুর সহযোগিতা করে। প্রায় সব কর্মকর্তাই বন্য প্রাণীর বিষয়ে অনেক আন্তরিক।’
বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৌলভীবাজারের সহকারী বন সংরক্ষক শ্যামল কুমার মিত্র প্রথম আলোকে বলেন, ‘ওনারা (খোকন থৌনাউজম ও সোহেল শ্যাম) আমাদের সঙ্গে বন্য প্রাণী উদ্ধারে থাকেন। রাতে ডাকা হলেও তাঁরা চলে আসেন। সব সময় আমাদের সহযোগিতা করেন।’