নাম-ঠিকানা গোপন করে ভুয়া পরিচয়ে বাসায় গৃহকর্মী হিসেবে ঢোকেন তাঁরা। কাজের মাধ্যমে দ্রুত পরিবারের সদস্যদের মন জয় করার চেষ্টা করেন। এরপর সুযোগের অপেক্ষায় থাকেন। বাসায় কেউ না থাকলে বা শুধু একজন থাকলে তাঁকে পানীয়র সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে মালামাল লুট করে পালিয়ে যান। প্রতারণা শেষে পালিয়ে যাওয়া চারজনকে গ্রেপ্তারের পর তাঁরা পুলিশকে এসব কথা বলেছেন।
গ্রেপ্তার চারজন হলেন পারভিন আক্তার, তাঁর স্বামী মোহাম্মদ শহিদ এবং সহযোগী রেহেনা বেগম ও মো. মফিজ উদ্দিন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা ২০ থেকে ২১টি বাসায় এই কৌশলে চুরির কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজ আহমেদ প্রথম আলোকে জানান, গত ১২ মে চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম কুদরত-ই-এলাহীর জয়নগর এলাকার বাসায় গৃহকর্মীর কাজ নেন পারভিন আক্তার। পরদিনই তাঁর বাসা থেকে সোনার চেইন, দুটি লকেট, তিন জোড়া কানের দুল ও দুটি আংটি চুরি করে পালিয়ে যান। এর আগে এম এম আলী রোডের এক বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতেন তিনি। সেখান থেকেও ১০ ভরি সোনা চুরি করেন। দুটি ঘটনার মামলায় পুলিশ তদন্তে নামে।
ওসি জানান, এম এম আলী রোডের ওই বাসা থেকে সোনার সঙ্গে মুঠোফোনও চুরি হয়। ওই মুঠোফোনের সূত্র ধরে চোর চক্রের সদস্য মফিজ উদ্দিনকে শনাক্ত করা হয়। গত শনিবার মফিজকে বায়েজীদ বোস্তামী এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী পারভিন ও শহিদকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে রেহেনা বেগমকে বাকলিয়ার কালা মিয়া বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করে, শহিদ ও মফিজের পরিকল্পনায় পারভিন ও রেহেনা গৃহকর্মী সেজে বাসায় ঢুকে চুরি করেন। চুরি করা সোনার অলংকার তাঁরা নাসিরাবাদ এলাকার একটি দোকানে গলানোর পর সোনার পাত তৈরি করে নিজেদের কাছে রেখে দেন। তাঁদের ভাড়া বাসা থেকে গত শনিবার ১২ ভরি ১২ আনা ওজনের তিনটি সোনার পাত উদ্ধার করে পুলিশ।
ওসি জানান, অলংকার বিক্রি করতে গেলে ধরা পড়ার ভয় কাজ করায় সোনা গলিয়ে তাঁরা পাত বানান। তিনি জানান, গ্রেপ্তার চোর চক্রটি ভোলা গ্রুপ নামে পরিচিত। বরিশাল গ্রুপ নামের আরেকটি চক্র সক্রিয় রয়েছে নগরে।
প্রতারণা ও চুরির ঘটনা রোধ করতে গৃহকর্মী নিয়োগের আগে নাম-ঠিকানা ভালোভাবে যাচাই করার পরামর্শ দিয়েছেন নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মো. আনোয়ার হোসেন। এ ক্ষেত্রে প্রয়োজনে পুলিশের সহযোগিতা নেওয়ার আহ্বান জানান তিনি।