তাড়াশে ধর্ষণে ব্যর্থ হয়ে বিধবাকে হত্যা
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ধর্ষণে ব্যর্থ হয়ে মালেকা বেওয়া (৪৫) নামের এক বিধবাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। গত মঙ্গলবার রাতে উপজেলার তালম ইউনিয়নের দামড়া গ্রামে এ ঘটনা ঘটে।
হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মোক্তার আলী (৩০) নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেন এলাকাবাসী। এ ঘটনায় গতকাল বুধবার মালেকা বেওয়ার ছেলে আবদুল মালেক বাদী হয়ে একটি হত্যা মামলা করেন।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্র জানান, দামড়া গ্রামের আফজাল হোসেন সম্প্রতি মারা যাওয়ায় তাঁর স্ত্রী মালেকা দুই সন্তান নিয়ে বসবাস করছিলেন। মালেকার স্বামী মারা যাওয়ার পর থেকেই একই গ্রামের মোক্তার আলী তাঁকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিচ্ছিলেন। মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে বেড়া কেটে মালেকার ঘরে ঢোকেন মোক্তার। এ সময় তাঁকে ধর্ষণের চেষ্টা চালান তিনি। মালেকা বিষয়টি প্রকাশ করে দেবেন বললে মোক্তার একটি ধারালো ছুরি দিয়ে মালেকাকে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যান। মালেকার চিৎকারে পাশের ঘরের অন্য সদস্য ও প্রতিবেশীরা ছুটে আসেন। তাঁরা তাঁকে উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। কিন্তু মারা যাওয়ার আগে মালেকা এ ঘটনা সবাইকে জানান।
এটি জানাজানি হওয়ার পর গ্রামের লোকজন রাতেই মোক্তারকে তাঁর বাড়ি থেকে আটক করে পুলিশে খবর দেন। গতকাল সকাল সাড়ে নয়টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ সময় মোক্তারকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, এ ঘটনায় গতকাল মালেক বাদী হয়ে মোক্তারকে একমাত্র আসামি করে একটি হত্যা মামলা করেছেন। মোক্তার এলাকায় বখাটে হিসেবে পরিচিত। মোক্তারের বাড়ি থেকে তাঁর রক্তমাখা জামাও উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে মোক্তারকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।