তাণ্ডব চালানো সার্কাসের হাতিটি সাত ঘণ্টা পর মাহুতের নিয়ন্ত্রণে
গাইবান্ধা সদর উপজেলার তিনটি ইউনিয়নে রোববার দিনভর তাণ্ডব চালিয়েছে সার্কাসের একটি হাতি। তিনটি ইউনিয়নের অন্তত ২৫টি গ্রামের বোরো ফসলের ক্ষতি করেছে হাতিটি। প্রায় সাত ঘণ্টা চেষ্টার পর বিকেলে মাহুত শাকিল ইসলাম হাতিটিকে নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছেন।
পুলিশ, মাহুত ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হাতিটি সার্কাসে খেলাধুলার কাজে ব্যবহৃত হয়। করোনা ও রোজার কারণে বর্তমানে সার্কাস বন্ধ রয়েছে। হাতিটিকে শনিবার রংপুর থেকে গাইবান্ধায় নিয়ে আসেন মাহুত। এরপর হাতির খাবার কেনার কথা বলে গাইবান্ধা শহরের বিভিন্ন দোকানে চাঁদা তোলা হয়। রোববার সকালে হাতিটিকে গাইবান্ধা-নাকাইহাট সড়ক ধরে গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাটে নিয়ে যাওয়া হচ্ছিল।
সকাল নয়টার দিকে সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বালুয়াবাজার এলাকায় কয়েকজন তরুণ হাতিটিকে বিরক্ত করেন। ফলে হাতিটি রেগে গেলে এর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন মাহুত। হাতিটি সড়ক থেকে উঠতি বোরো ধানের জমিতে নেমে পড়ে। একপর্যায়ে মাহুতকে ছিটকে ফেলে দিয়ে ধানের জমির ভেতর দিয়ে দ্রুত ছুটে চলতে থাকে। মাহুতসহ হাতির সঙ্গে আসা পাঁচজন পেছন পেছন দৌড়াতে থাকেন। কিন্তু তাঁরা হাতিটিকে নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হন। এভাবে হাতিটি রামচন্দ্রপুর, সাহাপাড়া ও বল্লমঝাড় ইউনিয়নের অন্তত ২৫টি গ্রামের বোরো ধানের খেত মাড়িয়েছে।
রোববার বিকেলে বল্লমঝাড় ইউনিয়নের খামার বল্লমঝাড় গ্রামে গিয়ে দেখা যায়, বোরো জমিতে ঢুকে হাতিটি এদিক–সেদিক যাওয়ার চেষ্টা করছে। মাহুত ও তাঁর সহযোগীরা হাতিটিকে নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছেন। চারদিকে শত শত মানুষ ভিড় করে হাতির তাণ্ডব দেখছে। এ সময় বল্লমঝাড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, পুলিশ ও গ্রাম পুলিশ মানুষকে শান্ত রাখার চেষ্টা করেন। হাতির কোনো ক্ষতি না করতে এবং কাছে না যেতে করা হয় মাইকিং।
জেলা প্রশাসন ও স্থানীয় ব্যক্তিরা জানিয়েছেন, স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে খবর পেয়ে গাইবান্ধার জেলা প্রশাসক মো. অলিউর রহমান মুঠোফোনে ঢাকায় প্রধান বন সংরক্ষককে বিষয়টি অবগত করেন। বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে যাওয়ার আগেই বিকেল পৌনে চারটার দিকে বল্লমঝাড় ইউনিয়নের খামার বল্লমঝাড় গ্রামে হাতিটিকে নিয়ন্ত্রণে নিতে সক্ষম হন মাহুত। এরপর তিনি হাতিটিকে নিয়ে রংপুরের দিকে চলে যান।
বল্লমঝাড় ইউপির চেয়ারম্যান জুলফিকার রহমান বলেন, ফসলের একটু ক্ষতি হয়েছে। এ ছাড়া মানুষের বা ঘরবাড়ির কোনো ক্ষতি হয়নি।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মাছুদার রহমান সরকার বলেন, সার্কাসের হাতি সাধারণত এ ধরনের আচরণ করে না। সে হয়তো বেশি ক্ষুধার্ত ছিল। মাহুত হাতিটির মাথায় আঘাত করে সেটিকে পরিচালনার চেষ্টা করে থাকতে পারেন। সেই কারণে হয়ত হাতিটি এমন আচরণ করেছে। তিনি আরও বলেন, সার্কাসের হাতি লোকালয়ে নিয়ে ঘোরার কথা নয়। খাবারের সংকট হলে হাতির মালিকেরই তা দেওয়ার কথা।
হাতি দিয়ে চাঁদা তোলার বিষয়টি অস্বীকার করেন হাতির মাহুত শাকিল ইসলাম। তিনি বলেন, হাতি দেখে অনেকে খুশি হয়ে ১০-২০ টাকা দেন। তা তাঁরা হাতির পেছনে খরচ করেন। তবে হাতিটিকে বাইরে আনার বিষয়ে কোনো মন্তব্য করেননি শাকিল।