তাণ্ডবের কথা মনে করে এখনো গা শিউরে ওঠে

গত বছরের ১৭ মার্চ এলোমেলো হয়ে গিয়েছিল গ্রামটি। সেই বিভীষিকাময় দিনের এক বছর পূর্ণ হলো আজ।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জ জেলার মানচিত্র

এক বছর আগের তাণ্ডবের কথা মনে পড়লে এখনো গা শিউরে ওঠে সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামের হিন্দু সম্প্রদায়ের মানুষদের। ফেসবুকে পোস্টের জেরে গত বছরের ১৭ মার্চ সাম্প্রদায়িক হামলায় এলোমেলো হয়ে গিয়েছিল গ্রামটি। বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ওই ঘটনায় নিন্দার ঝড় ওঠে। সেই বিভীষিকাময় দিনের এক বছর পূর্ণ হলো আজ বৃহস্পতিবার।

ওই ঘটনার পর নোয়াগাঁও গ্রামের জীবনযাত্রা অনেকটা স্বাভাবিক রূপে ফিরলেও মনের ক্ষত এখনো শুকায়নি সেখানকার বাসিন্দাদের। তাঁদের চাওয়া, হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি। এ দাবিতে আজ গ্রামবাসী মানববন্ধন করবেন।

যাঁর ফেসবুক পোস্ট নিয়ে এ ঘটনার সূত্রপাত, নোয়াগাঁও গ্রামের সেই যুবক ঝুমন দাশ বলেন, পরিস্থিতি এখন অনেকটা স্বাভাবিক। মানুষে-মানুষে সম্পর্ক আগের মতোই। তবে যে গ্রামগুলোর লোকজন হামলায় জড়িত, তাঁদের পক্ষ থেকে মামলা আপসে নিষ্পত্তির প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তাঁরা না বলে দিয়েছেন।

ঝুমন দাশের স্ত্রী সুইটি রানী দাশ বলেন, ‘এখনো সেদিনের দৃশ্যগুলো চোখের সামনে ভাসে, গা শিউরে ওঠে। কী ভয়ংকর পরিস্থিতি ছিল। কী অসহায় ছিলাম। ইচ্ছা করলেই তো ভোলা যাবে না।’ সুইটি আরও বলেন, ‘আমরা স্বামী কোনো অপরাধ না করেও ছয় মাস জেলে কাটল। কিন্তু যারা হামলা করল, নির্যাতন করল, তারা তো এর চেয়ে কম দিন জেলে ছিল। এখন সবাই বাইরে। দোষীদের শাস্তি হলেই মনে শান্তি পাব।’

নোয়াগাঁও গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা অনিল চন্দ্র দাস বলেন, ‘আমাদের একটাই দাবি, দোষীরা যেন শাস্তি পায়।’

সেই দিনের তাণ্ডব

গত বছরের ১৫ মার্চ সুনামগঞ্জের দিরাই উপজেলা শহরে আয়োজিত এক সমাবেশে হেফাজতে ইসলামের তৎকালীন কেন্দ্রীয় নেতা জুনায়েদ বাবুনগরী ও মামুনুল হক বক্তব্য দিয়ে যান। পরে মামুনুল হককে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেন বলে অভিযোগ ওঠে নোয়াগাঁও গ্রামের ঝুমন দাশের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে নোয়াগাঁও পার্শ্ববর্তী গ্রামগুলোর মানুষদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। ১৬ মার্চ রাতে নোয়াগাঁও গ্রামবাসীই ঝুমন দাসকে ধরে পুলিশে ধরিয়ে দেন।

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ তুলে ১৭ মার্চ সকালে শাল্লা উপজেলার কাশিপুর, দিরাই উপজেলার নাসনি, সন্তোষপুর ও চণ্ডীপুর গ্রামের কয়েক হাজার মানুষ লাটিসোঁটা নিয়ে নোয়াগাঁও গ্রামের পাশের ধারাইন নদীর তীরে গিয়ে অবস্থান নেয়। পরে সেখান থেকে শতাধিক লোক লাঠিসোঁটা নিয়ে নোয়াগাঁও গ্রামে গিয়ে বাড়িঘর ও মন্দিরে হামলা চালায়। হামলায় গ্রামের ৮৮টি বাড়িঘর ও কয়েকটি পারিবারিক মন্দির ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলে প্রশাসনের কর্মকর্তা, পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতারা উপস্থিত থাকলেও হামলা ঠেকানো যায়নি।

চারটি মামলা

এ ঘটনায় পরে চারটি মামলা হয়। তার মধ্যে ১৮ মার্চ দুটি এবং ২২ মার্চ একটি মামলা হয়। ১৮ মার্চ করা একটি মামলার বাদী শাল্লা থানার উপপরিদর্শক (এসআই) আবদুল করিম। এ মামলায় অজ্ঞাত আসামি করা হয় ১৪০০ থেকে ১৫০০ জনকে। একই দিনে মামলা করেন নয়াগাঁও গ্রামের বাসিন্দা ও স্থানীয় হবিবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) তৎকালীন চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার। এ মামলায় ৪৯ জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাত আসামি করা হয় ১৪০০ থেকে ১৫০০ জনকে।

২২ মার্চ ডিজিটাল নিরাপত্তা আইনে ঝুমন দাশের বিরুদ্ধে আরেকটি মামলা করেন শাল্লা থানার এসআই আবদুল করিম। ২৫ মার্চ ঝুমন দাশের মা নিভারানী দাশ বাদী হয়ে শাল্লা থানায় আরেকটি লিখিত অভিযোগ দেন। এতে ৭২ জনের নাম উল্লেখ ছিল। পরে অভিযোগটি আদালত মামলা হিসেবে গ্রহণ করেন।

হামলার ঘটনায় করা মামলায় এ পর্যন্ত পুলিশ বিভিন্ন সময়ে ঘটনার মূল ইন্ধনদাতা নাসনি গ্রামের বাসিন্দা যুবলীগের নেতা শহিদুল ইসলাম ওরফে স্বাধীনসহ ৭৫ জনকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া বিভিন্ন সময়ে আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন আরও ৪৯ জন। বর্তমানে সবাই জামিনে আছেন।

ঝুমন দাসের বিরুদ্ধে করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলাটি এখন সিলেটের সাইবার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়েছে। ঝুমনকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করেছেন তাঁর আইনজীবী। এ মামলায় ঝুমন দাশ প্রায় ছয় মাস কারাগারে ছিলেন। হাইকোর্ট গত বছরের সেপ্টেম্বরে তাঁকে এক বছরের জন্য জামিন দেন। ঝুমন দাশের মায়ের করা মামলাটিও আদালতে চলমান।

সার্বিক বিষয়ে জানতে চাইলে সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রুহুল তুহিন প্রথম আলোকে বলেন, ‘এটি সুনামগঞ্জের জন্য একটি লজ্জাজনক ঘটনা। আমরা এ ঘটনার

সঙ্গে জড়িতের অবশ্যই শাস্তি চাই। মামলার বিচারকাজ যাতে দ্রুত শুরু হয়, সে জন্য রাষ্ট্রপক্ষকে অনুরোধ জানাব।’