তাদের ঈদ আশ্রয়কেন্দ্রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাহাড়ধসে ঘর হারানোর পর থেকে রাঙামাটির এই পরিবারগুলোর দিন কাটছে আশ্রয়কেন্দ্রে। ঈদের দিন তাদের জন্য ভালো খাবারের ব্যবস্থা করে স্থানীয় প্রশাসন। ছবিটি ঈদের দিন দুপুরে রাঙামাটি সরকারি কলেজ আশ্রয়কেন্দ্র থেকে তোলা l সুপ্রিয় চাকমা
পাহাড়ধসে ঘর হারানোর পর থেকে রাঙামাটির এই পরিবারগুলোর দিন কাটছে আশ্রয়কেন্দ্রে। ঈদের দিন তাদের জন্য ভালো খাবারের ব্যবস্থা করে স্থানীয় প্রশাসন। ছবিটি ঈদের দিন দুপুরে রাঙামাটি সরকারি কলেজ আশ্রয়কেন্দ্র থেকে তোলা l সুপ্রিয় চাকমা

এবারও শ্বশুরবাড়িতে ঈদ করার কথা ছিল রেশমি বেগমের। রাঙামাটি শহরের মুসলিমপাড়ায় তাঁর শ্বশুরবাড়ি। ১৩ জুন সকালে প্রবল বৃষ্টির মধ্যে হঠাৎ তাঁদের ঘরের ওপর পাহাড় ধসে পড়ে। মাটি চাপা পড়ে মুহূর্তেই মারা যান তাঁর স্বামী ও শাশুড়ি। কীভাবে যেন তিন বছর বয়সী ছেলেসহ প্রাণে বেঁচে যান তিনি। এরপর থেকে আশ্রয়কেন্দ্রে অন্য স্বজনদের সঙ্গে দিন কাটছে তাঁর। ঈদের আগের দিন জেলা প্রশাসনের লোকজন এসে তাঁকে নতুন শাড়ি দিয়ে যান। তিনি কী করে পরবেন এই শাড়ি!

অন্য স্বজনদের অনুরোধে ঈদের দিন সকালে সেই শাড়ি পরতে অনেকটা বাধ্য হন রেশমি। চোখের জলে সেই শাড়ির আঁচল কতবার যে ভিজেছে কে জানে। সোমবার ঈদের দিন সকাল সাড়ে ১০টায় রাঙামাটি শহরের কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) আশ্রয়কেন্দ্রে গিয়ে দেখা যায়, একটি কক্ষের এক কোণে একাকী বসে আছেন রেশমি। কেউ একজন এসে তাঁর হাতে বিরিয়ানির একটি প্লেট তুলে দিলেন। সেই খাবার যে তাঁর গলা দিয়ে নামতে চায় না।

এই আশ্রয়কেন্দ্রসহ রাঙামাটির ১৯টি আশ্রয়কেন্দ্রে এবার ঈদ করতে হয়েছে নারী-শিশুসহ ৩ হাজার ৪৯০ জনকে। তাদের সবাই ঈদের নতুন পোশাক পেয়েছে। শিশুরা ছাড়া অন্য প্রায় সবাই জীবনে প্রথমবার নতুন পোশাক পেয়ে কেঁদেছেন। এবার যে তাঁরা পোশাক চাননি। তাঁদের কেউ হারিয়েছেন স্বজন, কেউ ঘর, কেউ-বা দুটোই। ঈদের দিনটি অন্তত তাঁদের আনন্দে কাটুক—সে চেষ্টা ছিল স্থানীয় প্রশাসনের। ছিল ঈদের দিন তিন বেলা ভালো খাবারের ব্যবস্থা।

রেশমি বেগম (২০) বলেন, তাঁর স্বামী মো. ইব্রাহিম খলিল (২৩) দিনমজুরের কাজ করতেন। এই প্রথম তাঁকে ছাড়া ঈদ করেছেন। এভাবে ঈদ করতে হবে, তা কখনো ভাবেননি তিনি। স্বামীর এমন মৃত্যুর পর সামনের দিনগুলো কীভাবে কাটবে, তা ভাবতে পারছেন না তিনি।

একই আশ্রয়কেন্দ্রের হাসনা বানুও (৬০) চোখের জল মুছছিলেন বারবার। বললেন, তাঁর মেয়ে সুরভি বেগম (৩৫), মেয়ের স্বামী মো. জিয়াউর রহমান (৪০) ও নাতি বৃষ্টি (১০) মারা গেছে পাহাড়ধসে। বাড়িঘর গেছে বলে দুঃখ নেই। কিন্তু এই মানুষগুলো সব আনন্দ নিয়ে গেল। এমন কষ্টের ঈদ যেন আর কারও জীবনে না আসে।

রাঙামাটির জেলা প্রশাসক মো. মানজারুল মান্নান, পুলিশ সুপার মো. সাঈদ তারিকুল হাসান, পৌর মেয়র মো. আকবর হোসেন চৌধুরীসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা ঈদের দিন আশ্রয়কেন্দ্রে দুর্গত মানুষজনের সঙ্গে সময় কাটান। রাঙামাটি সরকারি কলেজ আশ্রয়কেন্দ্রে তাঁরা দুর্গত মানুষের সঙ্গে দুপুরের খাবার খান। এর আগে ২৫ জুন সকাল থেকে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে জেলা প্রশাসনের উদ্যোগে দুর্গত লোকজনের মাঝে ঈদের পোশাক বিতরণ করা হয় বলে জানান রাঙামাটি জেলা প্রশাসনের সহকারী কমিশনার খোন্দকার ইখতিয়ার উদ্দিন আরাফাত। তিনি বলেন, বাঙালিরা পেয়েছেন জামা, পাঞ্জাবি, লুঙ্গি ও শাড়ি। পাহাড়িদের জন্য ছিল পিনন, খাদিসহ বিভিন্ন পোশাক। প্রতিটি আশ্রয়কেন্দ্রে ঈদের দিনে সকালের নাশতায় দেওয়া হয় সেমাই, পাউরুটি ও ফলের রস। দুপুরে বিরিয়ানি, মাংস, ডিম, আপেল ও কোমল পানীয়। রাতে ছিল সাদা ভাত, মাংস ও সবজি।

১৩ জুন রাঙামাটিতে ভয়াবহ পাহাড়ধসের ঘটনা ঘটে। এতে রাঙামাটি জেলায় ১২০ জন মারা যায়। এর মধ্যে রাঙামাটি শহরে নিহত হয় ৭৩ জন। রাঙামাটি শহরের ভেদভেদী, শিমুলতলী, উলুছড়া, রূপনগর, পশ্চিম মুসলিমপাড়া, যুব উন্নয়ন এলাকা, ভেদভেদী, কিনা মনিঘোনা এলাকাসহ শত শত বাড়িঘর বিধ্বস্ত হয়। ক্ষতিগ্রস্ত সাড়ে তিন হাজার লোকের দিন কাটছে আশ্রয়কেন্দ্রে।

শহরের উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ভবনে আশ্রয় নেওয়া পোস্ট অফিস কলোনির দেলোয়ারা বেগম (৪৫) বলেন, ‘পাহাড়ধসের ঘটনায় আমার ছেলে মো. মুন্না (১৬) মারা যায়। আমাদের বাড়ি তছনছ হয়ে গেছে। এখনো আশ্রয়কেন্দ্রে থাকা ও খাওয়ার কোনো সমস্যা নেই। কিন্তু ছেলেটা নেই, এটা মানতে পারছি না।’