তানোরে আদিবাসী শিশু ধর্ষণের শিকার
রাজশাহীর তানোর উপজেলার কুণ্ডাইন গ্রামে আট বছর বয়সী এক আদিবাসী শিশু ধর্ষণের শিকার হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। শিশুটির দাদি এ ঘটনায় গতকাল বুধবার সকালে থানায় মামলা করেছেন।
মামলার বিবরণ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার শিশুটির মা সারা দিন মাঠে আলু তোলার কাজ করে অসুস্থ হয়ে পড়লে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরিবারের অন্যরাও রোগীর সঙ্গে থাকায় সন্ধ্যায় বাড়িতে শিশুটি ছাড়া আর কেউ ছিল না। এই সুযোগে একই গ্রামের আবদুল আজিজ (৬০) নামের এক ব্যক্তি বাড়িতে ঢুকে শিশুটিকে ধর্ষণ করে। শিশুটি চিৎকার করতে থাকলে আজিজ তার হাতে ১০ টাকা দিয়ে কাউকে কিছু বলতে নিষেধ করে দ্রুত পালিয়ে যায়।
পরে শিশুটির দাদি বাড়িতে এলে শিশুটি ঘটনা খুলে বলে। দাদি তখন গ্রামবাসীকে নিয়ে আজিজকে ধরার চেষ্টা করলে তিনি পালান।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় মামলা করা হয়েছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।