তামাবিল স্থলবন্দরে স্বয়ংক্রিয় পদ্ধতি নিয়ে ব্যবসায়ীদের আপত্তি কেন
সিলেটের তামাবিল স্থলবন্দরে ডিজিটাল পদ্ধতিতে স্বয়ংক্রিয় এসএমএস সফটওয়্যার চালুর প্রতিবাদে ২৫ দিন আমদানি বন্ধ করে রেখেছিলেন আমদানিকারকেরা। পরে গত সোমবার রাতে স্থলবন্দর কর্তৃপক্ষের সঙ্গে ব্যবসায়ীরা আলোচনা করে পরীক্ষামূলকভাবে এই পদ্ধতিতে আমদানি করার ব্যাপারে রাজি হন।
তামাবিল স্থলবন্দর দিয়ে প্রায় ৯৯ শতাংশ পাথর আমদানি করা হয় বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তামাবিল স্থলবন্দরের পাথর, চুনাপাথর ও কয়লা আমদানিকারক গ্রুপের ব্যবসায়ীরা বলছেন, গত ৭ জানুয়ারি বন্দরটিতে স্বয়ংক্রিয় এসএমএস সফটওয়্যার চালু করা হয়। ভারত থেকে আসা ট্রাকগুলোর বন্দরে ঢুকতে বেশি সময় লাগবে, এমন শঙ্কা থেকে তাঁরা স্বয়ংক্রিয় এসএমএস সফটওয়্যার চাননি। ষড়যন্ত্র কি না, সে ভাবনা এসেছিল তাঁদের মনে। নিজেদের অবস্থানের পক্ষে ২৫ দিন অনড় থেকে স্থলবন্দর দিয়ে আমদানি বন্ধ রেখেছিলেন ব্যবসায়ীরা।
সংগঠনের সহসভাপতি জালাল উদ্দিন বলেন, এ পদ্ধতি চালুর আগে ওজনের ওপর ভিত্তি করে আমদানিকারকদের ট্যারিফ ও রাজস্ব দিতে হতো। স্বয়ংক্রিয় এসএমএস পদ্ধতিতেও একইভাবে ওজন পরিমাপ করে ট্যারিফ ও রাজস্ব সরবরাহ করতে হবে কিন্তু এর জন্য সময় লাগবে বেশি। এর কারণ হিসেবে তিনি বলেন, ভারত থেকে বন্দরে পণ্য নিয়ে প্রবেশ করা ট্রাকগুলোর ওজন পরিমাপের স্কেলে তোলার পর গাড়িচালকের নাম, গাড়ির নম্বর, আমদানিকারক, রপ্তানিকারক, কোনো ব্যাংকের মাধ্যমে টাকা পরিশোধ করা হয়েছে এমন ১১টি কলাম কম্পিউটারের মাধ্যমে পূরণ করতে হয়। এসব করতে গিয়ে একেকটি ট্রাকের জন্য কমপক্ষে পাঁচ মিনিট সময় লাগে। এরপরই আমদানিকারকের মুঠোফোনে খুদে বার্তা যায় বন্দরে তাঁর কী মালামাল, কত পরিমাণ এবং কোন গাড়িতে এসেছে।
জালাল উদ্দিনের দাবি, স্বয়ংক্রিয় পদ্ধতি চালুর আগে প্রতিদিন ৮০০ থেকে ৯০০টি ট্রাক পাথর নিয়ে বন্দরে ঢুকত। কিন্তু এই পদ্ধতি চালুর পর দৈনিক ২০০ থেকে ৩০০টির বেশি গাড়ি ঢুকতে পারে না।
তামাবিল স্থলবন্দরের পাথর, চুনাপাথর ও কয়লা আমদানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন বলেন, ‘স্কেলের মাধ্যমে ওজন মাপা হয় আগে থেকেই। এতে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু বিভিন্ন কলাম পূরণ করতে গিয়ে সময়ক্ষেপণ হয়। অনেক সময় বিদ্যুৎ থাকে না। এতে ট্রাকের দীর্ঘ সারি লেগে যায়।’ এর সঙ্গে তিনি যোগ করেন, ‘ভারতের প্রান্তে কোনো পোর্ট বসানো হয়নি। তাঁদের পোর্ট বসানোর কাজ চলছে। আমরা বলেছিলাম, ভারতের ওই প্রান্তে পোর্ট বসানো হয়ে গেলে এ পদ্ধতি চালু করতে। তাতে ভারতের প্রান্তে গাড়ির যাবতীয় তথ্য লিপিবদ্ধ করার কাজ সম্পন্ন হবে, এই প্রান্তে শুধু স্ক্যান করলেই কাজ শেষ হতো। সময়ক্ষেপণের কোনো ব্যাপার থাকত না।’
তবে ভিন্ন কথা বলছেন সংগঠনের বাইরের কয়েকজন ব্যবসায়ীরা। নাম প্রকাশ না করার শর্তে তিনজন পাথর ব্যবসায়ী বলেন, আমদানিকারকেরা আগে বেশি পাথর বন্দরে নিয়ে এলেও কিছু অসাধু কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশ করে ওজন কম দেখিয়ে খালাস করতেন। কিন্তু এখন স্বয়ংক্রিয় পদ্ধতি চালুর ফলে সেটির আর কোনো সুযোগ থাকবে না। এ জন্যই ব্যবসায়ীরা এ পদ্ধতির বিপক্ষে অবস্থান করছিলেন।
তামাবিল স্থলবন্দরের উপপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাহফুজুল ইসলাম ভূঁইয়া নতুন পদ্ধতিতে সময় বেশি লাগা প্রসঙ্গে বলেন, ‘কেন সময় বেশি লাগছে, এটি আমার মন্তব্য করার বিষয় নয়।’ তিনি অন্যদের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।
এ ব্যাপারে বাংলাদেশ স্থলবন্দরের সদস্য (যুগ্ম সচিব ট্রাফিক) মোহাম্মদ জাহাঙ্গীর কবিরের মুঠোফোনে কল দেওয়া হলেও তিনি তা রিসিভ করেননি।